চার দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল

প্রকাশঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫ সময়ঃ ১০:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জুলাই সনদের বাস্তবায়নসহ চারটি দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি রাজনৈতিক দল। খুব শিগগিরই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা কর্মসূচি প্রকাশ করবে বলে জানা গেছে।

দলগুলোর মূল দাবি হলো—অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কয়েক দফা বৈঠকের পর এসব বিষয়ে আটটি দল একমত হয়েছে। তাদের মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস (মাওলানা মামুনুল হকের নেতৃত্বে), খেলাফত মজলিসের দুটি অংশ (মাওলানা আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে), গণ অধিকার পরিষদ (নূরুল হকের নেতৃত্বে), আমার বাংলাদেশ (এবি) পার্টি (মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বে)।

আগামীকাল রোববার বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ সম্মেলনে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। ইসলামী আন্দোলনও সোমবার পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি জানাবে। অন্যান্য দলও শিগগির ঘোষণা দেবে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকেই যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, সব দল অভিন্ন কর্মসূচি দেবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে জামায়াতসহ কয়েকটি দলের সঙ্গে তাদের বোঝাপড়া হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

দলগুলোর নেতারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণামতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন চান তারা এবং তা জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হওয়া উচিত। তবে পিআর পদ্ধতি নিয়ে তাদের মধ্যে মতভিন্নতা রয়েছে—কেউ সংসদের দুই কক্ষেই পিআর চান, আবার কেউ শুধু উচ্চকক্ষে।

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তারা একমত। তাদের যুক্তি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফ্যাসিবাদের সহযোগী জাপা ও ১৪ দলীয় জোটের কার্যক্রমও নিষিদ্ধ করা উচিত।

জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে পিআর পদ্ধতি ও মৌলিক সংস্কারের বিষয়ে সোচ্চার ছিল। এবার আটটি দল অভিন্ন দাবিতে যুগপৎ কর্মসূচিতে নামছে।

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G