অ্যারোপ্লেন বনাম ডু নট ডিস্টার্ব: এই দুই মোডের পার্থক্য জানেন কি?

প্রকাশঃ মে ৫, ২০২৬ সময়ঃ ৯:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৫ অপরাহ্ণ

আধুনিক স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজেই জড়িয়ে আছে। কথা বলা, কাজ করা, পড়াশোনা কিংবা বিনোদন—সবই এখন এক ডিভাইসের মাধ্যমে হচ্ছে। তবে এত বেশি ফিচারের মধ্যে অনেক সময় কিছু সেটিংসের কাজ বুঝে উঠতে সমস্যা হয়। এর মধ্যে অ্যারোপ্লেন মোড এবং ডু নট ডিস্টার্ব মোড অন্যতম।

এই দুটি ফিচারই মূলত ফোনে যোগাযোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। বাইরে থেকে দেখতে একরকম লাগলেও, তাদের কাজ এবং ব্যবহার সম্পূর্ণ আলাদা। সঠিক সময়ে সঠিকটি ব্যবহার করলে ফোন ব্যবহারের অভিজ্ঞতা অনেক বেশি সহজ হয়ে যায়।

অ্যারোপ্লেন মোড কীভাবে কাজ করে

অ্যারোপ্লেন মোড চালু করলে ফোনের সব ধরনের নেটওয়ার্ক সংযোগ বন্ধ হয়ে যায়। এর মধ্যে মোবাইল নেটওয়ার্ক, ওয়াই-ফাই এবং ব্লুটুথও অন্তর্ভুক্ত থাকে। তবে ফোনের অন্যান্য ফিচার যেমন ক্যামেরা, গ্যালারি বা আগে থেকে ডাউনলোড করা কনটেন্ট ব্যবহার করা যায়।

অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত দ্রুত সেটিংস প্যানেল থেকে এটি চালু করা যায়, আর আইফোনে কন্ট্রোল সেন্টারে এই অপশন পাওয়া যায়।

এই মোড চালু থাকলে আপনি কোনো কল করতে বা গ্রহণ করতে পারবেন না, মেসেজ বা ইন্টারনেটও ব্যবহার করা যাবে না।

মূলত বিমান ভ্রমণের সময় নিরাপত্তার কারণে এই মোড ব্যবহার করা হয়। বিমানের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা নির্দিষ্ট রেডিও সিগন্যালের ওপর নির্ভর করে কাজ করে। তাই যাত্রার সময় সম্ভাব্য সিগন্যাল বাধা এড়াতে যাত্রীদের অ্যারোপ্লেন মোড চালু রাখতে বলা হয়।

ডু নট ডিস্টার্ব মোড কী

ডু নট ডিস্টার্ব মোড চালু করলে ফোনের নেটওয়ার্ক বন্ধ হয় না, শুধু সব ধরনের নোটিফিকেশন নিঃশব্দ হয়ে যায়। কল, মেসেজ বা অ্যাপ নোটিফিকেশন কোনোটাই শব্দ বা ভাইব্রেশন দিয়ে বিরক্ত করে না।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব তথ্য হারিয়ে যায় না। আপনি ফোন খুলে সব নোটিফিকেশন পরে দেখতে পারবেন।

এই মোডের আরেকটি সুবিধা হলো কাস্টমাইজেশন। আপনি চাইলে নির্দিষ্ট কিছু ব্যক্তির কল বা মেসেজকে অনুমতি দিতে পারেন। ফলে জরুরি যোগাযোগ মিস হওয়ার সম্ভাবনা থাকে না।

অ্যান্ড্রয়েড ও আইফোন দুটোতেই এই ফিচার সেটিংস বা কুইক প্যানেল থেকে সহজেই চালু করা যায়।

সাধারণ সাইলেন্ট মোডের সঙ্গে পার্থক্য

সাইলেন্ট মোড সব ধরনের সাউন্ড বন্ধ করে দেয়, কিন্তু ডু নট ডিস্টার্ব মোড আরও বেশি নিয়ন্ত্রণ দেয়। এখানে আপনি ঠিক করতে পারেন কে আপনাকে বিরক্ত করতে পারবে আর কে পারবে না।

এই কারণে ডু নট ডিস্টার্ব মোডকে অনেক সময় “স্মার্ট সাইলেন্ট মোড” বলা হয়।

কখন কোনটি ব্যবহার করবেন

যদি আপনি পুরোপুরি অফলাইন থাকতে চান, যেমন ফ্লাইটে বা নেটওয়ার্ক ছাড়া সময় কাটাতে চান, তখন অ্যারোপ্লেন মোড সবচেয়ে উপযোগী।

আর যদি আপনি কাজ বা পড়াশোনায় মনোযোগ দিতে চান কিন্তু জরুরি কল বা নির্দিষ্ট মানুষের যোগাযোগ রাখতে চান, তখন ডু নট ডিস্টার্ব মোড বেশি কার্যকর।

এই দুটি ফিচারই স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যারোপ্লেন মোড পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন করে, আর ডু নট ডিস্টার্ব মোড প্রয়োজন অনুযায়ী যোগাযোগ নিয়ন্ত্রণ করে।

ঠিকভাবে ব্যবহার করতে পারলে এগুলো ডিজিটাল জীবনে মনোযোগ বাড়াতে এবং অপ্রয়োজনীয় বিরক্তি কমাতে সাহায্য করে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G