এআই নিয়ে বিল গেটসের ভয়াবহ সতর্কবার্তা, মৃত্যু হতে পারে ১০০ কোটি মানুষের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বিকশিত হলেও এর ব্যবহার ও উন্নয়নে যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর আশঙ্কা, এআই যদি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে তা এমন মাত্রার বিপর্যয় ঘটাতে পারে যাতে ১০০ কোটি মানুষের প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে।
এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে সরকারি নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন গেটস। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এআইয়ের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি আলোচনায় যুক্ত হতে হবে। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দিষ্ট নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক করার প্রয়োজন রয়েছে।
রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গেটস।
সাক্ষাৎকারে তিনি বলেন, এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের নিয়ম ও নজরদারি প্রয়োজন, তা নিয়ে আইনপ্রণেতা এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে আলোচনা জরুরি। এ ক্ষেত্রে শুধু নীতিমালা তৈরি করাই নয়, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
গেটস স্বীকার করেন, এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হবে। তবে তাঁর মতে, এর ফলে এআইয়ের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে থেমে যাবে না।
এআইয়ের অপব্যবহারের সম্ভাব্য পরিণতি নিয়েও সতর্ক করেন মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমানে তৈরি হওয়া অত্যাধুনিক এআই প্রযুক্তি যদি খারাপ উদ্দেশ্যে কাজে লাগানো হয়, তাহলে তা ব্যাপক প্রাণহানির মতো ঘটনা ঘটানোর সক্ষমতা রাখে।
এআই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটি বন্ধ করার জন্য ‘কিল সুইচ’ ব্যবহারের ধারণা নিয়েও কথা বলেন গেটস। তাঁর মতে, শুধু একটি কিল সুইচের ওপর নির্ভর করলেই নিরাপত্তা নিশ্চিত হবে না। তবে তিনি মনে করেন, এআই এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি যে নিজে থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে মানুষের পক্ষে বন্ধ করা অসম্ভব হয়ে পড়বে।
এর আগে আগস্টের শেষ দিকে প্রকাশিত প্রায় ৬ হাজার শব্দের একটি প্রবন্ধেও এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন গেটস। প্রযুক্তি খাতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও এআইয়ের দ্রুত উন্নয়নের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স ২৩ সেপ্টেম্বর একটি আইন প্রস্তাব করেন। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটও সমালোচনার মুখে রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মী এবং বিভিন্ন অধিকারকর্মী ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।
সাক্ষাৎকারের শেষ পর্যায়ে গেটসের ব্যক্তিগত জীবনে এআই ব্যবহারের বিষয়টি জানতে চান ক্রিস্টেন ওয়েলকার। জবাবে গেটস জানান, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি এআই ব্যবহার করেন না। পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তির প্রয়োজন তিনি অনুভব করেন না।
প্রতি / এডি / শাআ



















