কফির যে বিশেষ উপাদানেই মিলতে পারে তারুণ্য ধরে রাখার সূত্র

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০২৬ সময়ঃ ৯:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ অপরাহ্ণ

সকালের শুরুতে এক কাপ কফি পান করার অভ্যাস রয়েছে অনেকের। ঘুমের ভাব কাটানো কিংবা কাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে এই পানীয়ের ওপর নির্ভর করেন অনেকে। তবে কফির উপকারিতা কেবল ক্লান্তি দূর করার মধ্যেই সীমাবদ্ধ কি না, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কফিতে থাকা কিছু প্রাকৃতিক যৌগ কোষের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। এমনকি বয়স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কোষীয় ক্ষতির প্রক্রিয়া মোকাবিলায়ও এসব উপাদানের সম্ভাব্য কার্যকারিতার ইঙ্গিত মিলেছে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী পপুলার সায়েন্স-এর এক প্রতিবেদনে গবেষণাটির বিস্তারিত তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কফির কয়েকটি উপাদান নিয়ে পরীক্ষা চালিয়ে শরীরের একটি বিশেষ প্রোটিনের সঙ্গে তাদের সম্পর্ক খুঁজে পেয়েছেন। প্রোটিনটির নাম এনআর৪এ১। কোষের ওপর বিভিন্ন ধরনের চাপ তৈরি হলে তার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, কফিতে থাকা কিছু যৌগ এনআর৪এ১ প্রোটিনের কার্যক্রমকে সক্রিয় করতে পারে। এর ফলে কোষের সুরক্ষাব্যবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্যাফেইনের বাইরেও কফির উপকারী উপাদান

কফি ও মানুষের স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। আগের বিভিন্ন গবেষণায় নিয়মিত কফি পানের সঙ্গে দীর্ঘায়ু এবং বয়সজনিত কিছু রোগের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। তবে কফির কোন উপাদান এসব সম্ভাব্য উপকারের পেছনে কাজ করে, তা নিয়ে প্রশ্ন ছিল।

টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ডা. স্টিফেন সেফের নেতৃত্বে পরিচালিত নতুন গবেষণায় সেই বিষয়টি অনুসন্ধান করা হয়েছে। এতে কফিতে থাকা পলিফেনল নামের কয়েক ধরনের উদ্ভিজ্জ যৌগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। ফলে শরীরের কোষকে ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে এগুলো ভূমিকা রাখতে পারে।

গবেষণায় আলোচনায় এসেছে ক্যাফেইক অ্যাসিড নামের একটি যৌগ। নামের মধ্যে ক্যাফেইনের সঙ্গে মিল থাকলেও এটি সম্পূর্ণ আলাদা একটি উপাদান। কফির পাশাপাশি বিভিন্ন উদ্ভিদেও এই অ্যাসিড পাওয়া যায়।

পরীক্ষাগারে পরিচালিত পর্যবেক্ষণে গবেষকেরা দেখতে পান, ক্যাফেইক অ্যাসিডসহ কফির কয়েকটি যৌগ এনআর৪এ১ প্রোটিনের কার্যক্রম বাড়াতে সক্ষম হয়েছে। এতে কোষের ক্ষতিকর পরিবর্তন কমার পাশাপাশি ক্যানসার কোষের বংশবৃদ্ধির গতিও ধীর হওয়ার সম্ভাবনা দেখা গেছে।

গবেষণার একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল, কোষ থেকে এনআর৪এ১ প্রোটিন সরিয়ে নেওয়ার পর কফির এসব উপাদান একই ধরনের সুরক্ষামূলক প্রভাব দেখাতে পারেনি। অর্থাৎ উপাদানগুলোর সম্ভাব্য কার্যকারিতার সঙ্গে এই প্রোটিনের সরাসরি সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।

আরেকটি বিষয় গবেষকদের নজরে এসেছে। পরীক্ষাগারে ক্যাফেইনমুক্ত কফি ব্যবহার করেও একই ধরনের কিছু ফল পাওয়া গেছে। এতে ধারণা জোরালো হয়েছে, কফির সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাবের পেছনে ক্যাফেইন ছাড়াও অন্যান্য প্রাকৃতিক যৌগের ভূমিকা থাকতে পারে।

গবেষণায় ডা. ত্রিনের বক্তব্য অনুযায়ী, ক্যাফেইক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড ও ফেরুলিক অ্যাসিডের মতো কয়েকটি উপাদান এনআর৪এ১ প্রোটিনের সঙ্গে মিথস্ক্রিয়া করেছে। তবে ক্যাফেইনের ক্ষেত্রে একই ধরনের প্রভাব ধারাবাহিকভাবে পাওয়া যায়নি।

বেশি কফি পান করলেই কি মিলবে বেশি সুফল?

গবেষণার ফলাফল আশাব্যঞ্জক হলেও এ কারণে অতিরিক্ত কফি পান করার পরামর্শ দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এর প্রধান কারণ, গবেষণাটি সরাসরি মানুষের ওপর পরিচালিত হয়নি। পরীক্ষাগারে কফির নির্যাস ও এর পৃথক উপাদান ব্যবহার করে কোষের ওপর প্রভাব পর্যবেক্ষণ করা হয়েছে।

গবেষকদের মতে, এই ফলাফল থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই যে বেশি কফি পান করলে শরীরে এনআর৪এ১ প্রোটিনের কার্যক্রমও বেশি বাড়বে। বরং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

অতিরিক্ত ক্যাফেইন শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। এর মধ্যে ঘুমের ব্যাঘাত, উদ্বেগ, বুক ধড়ফড় করা এবং রক্তচাপ বেড়ে যাওয়ার মতো সমস্যা উল্লেখযোগ্য। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে, তাদের ক্যাফেইন গ্রহণের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

গবেষণায় ইঁদুরের রোগ প্রতিরোধী কোষ এবং পরীক্ষাগারে তৈরি নির্দিষ্ট ধরনের ক্যানসার কোষও ব্যবহার করা হয়েছে। তাই মানুষের শরীরে কফির উপাদানগুলো দীর্ঘমেয়াদে কী ধরনের প্রভাব ফেলে, তা নিশ্চিত করতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

সুস্থ থাকতে প্রয়োজন সামগ্রিক জীবনযাপন

গবেষকেরা মনে করছেন, কফির কিছু উপাদান কোষের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে, যা ভবিষ্যতে বয়স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া বুঝতে নতুন দিক উন্মোচন করতে পারে। তবে তারুণ্য ধরে রাখা কিংবা দীর্ঘদিন সুস্থ থাকার জন্য কোনো একটি খাবার বা পানীয়ের ওপর নির্ভর করা ঠিক নয়।

এ ক্ষেত্রে দৈনন্দিন জীবনযাপনের অভ্যাসই বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান থেকে বিরত থাকা সুস্থ থাকার অন্যতম শর্ত। পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ, রক্তচাপ ও বিপাকীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখা এবং সামাজিক ও মানসিক কর্মকাণ্ডে সক্রিয় থাকাও জরুরি।

সব মিলিয়ে, কফির কিছু প্রাকৃতিক উপাদান নিয়ে নতুন গবেষণা আশার ইঙ্গিত দিলেও মানুষের তারুণ্য ধরে রাখার ক্ষেত্রে এর কার্যকারিতা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আরও গবেষণার ফলাফলের অপেক্ষায় থাকতে হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G