গোপালগঞ্জের দুই স্টেশন এড়িয়ে নতুন রুটে চলবে ট্রেন
গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে চলাচল করা দুটি আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। এ লক্ষ্যে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের পরিবর্তে খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী হয়ে ঢাকায় নতুন এক জোড়া ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গোপালগঞ্জের এই দুই স্টেশন দিয়ে ট্রেন দুটির চলাচল বন্ধ হয়ে যাবে।
গত বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে রেলওয়ের মহাপরিচালকের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।
নিয়মিত ট্রেন বাতিলের কারণে নতুন পরিকল্পনা
রেলওয়ের পাঠানো প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা) এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের (ঢাকা-বেনাপোল-ঢাকা) চলাচল প্রতিদিন বাতিল করতে হচ্ছে। এ কারণে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কার্যক্রমও নিয়মিত পরিচালনা করতে হচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি ট্রেন পরিচালনার ক্ষেত্রেও নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় খুলনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ সচল রাখা, আর্থিক ক্ষতি কমানো এবং বিদ্যমান ট্রেনের রেক যথাযথভাবে কাজে লাগানোর বিকল্প পরিকল্পনা সামনে এনেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
প্রস্তাবে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা যেতে পারে। পরিবর্তে ট্রেন দুটির রেক ব্যবহার করে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া ট্রেন চালানোর ব্যবস্থা করা যেতে পারে।
নতুন ট্রেনের সম্ভাব্য সময়সূচি
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে যাত্রা শুরু করে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি পথে ২০০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা ছাড়বে। খুলনায় পৌঁছানোর সম্ভাব্য সময় রাত ১১টা ৩৫ মিনিট।
যেসব স্টেশনে থামবে ট্রেন
প্রস্তাবিত রুটে খুলনা থেকে ঢাকা যাতায়াতের সময় মোট ১৫টি স্টেশনে বিরতি রাখার কথা বলা হয়েছে। স্টেশনগুলো হলো দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা।
এই রুট কার্যকর হলে কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল আর থাকবে না। এতে গোপালগঞ্জের এসব এলাকার যাত্রীরা ট্রেন দুটির সরাসরি যাতায়াত সুবিধা হারাবেন।
এদিকে, নতুন প্রস্তাবে ট্রেন দুটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রেলওয়ের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।
প্রতি / এডি / শাআ





















