চাষের মাছের চেয়ে নদীর মাছের স্বাদ কেন বেশি? কি বলছে গবেষণা?

প্রকাশঃ নভেম্বর ২৭, ২০২৬ সময়ঃ ৭:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২০ অপরাহ্ণ

গরম ভাতের সঙ্গে নদীর তাজা রুই মাছের ঝোল। মাছের এক টুকরো ভেঙে ভাতের সঙ্গে মিশিয়ে মুখে তুলতেই পাওয়া যায় অন্যরকম স্বাদ। অথচ একই প্রজাতির পুকুরে চাষ করা মাছ দিয়ে রান্না করলেও অনেক সময় সেই তৃপ্তি মেলে না। শুধু রুই নয়, কাতলা, মৃগেলসহ বিভিন্ন মাছের ক্ষেত্রেও এমন অভিজ্ঞতার কথা বলেন অনেকে।

কিন্তু নদীর মাছের স্বাদ কি সত্যিই বেশি, নাকি এটি আমাদের দীর্ঘদিনের খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত পছন্দের প্রভাব? বিজ্ঞান বলছে, এর পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব কারণ। মাছের খাবার, পানির পরিবেশ, শরীরের রাসায়নিক উপাদান এবং মাংসের গঠন, সবকিছুই এর স্বাদ নির্ধারণে ভূমিকা রাখে। গবেষণাতেও নদী ও চাষের মাছের স্বাদে পার্থক্যের প্রমাণ পাওয়া গেছে।

মাছের স্বাদ তৈরিতে কাজ করে যেসব উপাদান

কোনো খাবারের স্বাদ গ্রহণের সময় শুধু জিব নয়, নাকও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিবের স্বাদগ্রাহী কোষ মিষ্টি, টক, নোনতা, তিতা ও উমামি স্বাদ শনাক্ত করে। অন্যদিকে খাবার থেকে বের হওয়া বিভিন্ন গন্ধের অণু নাকের মাধ্যমে অনুভূত হয়। এই দুই অনুভূতির সমন্বয়েই খাবারের পূর্ণ স্বাদ তৈরি হয়।

মাছের মাংসে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানও স্বাদ তৈরিতে ভূমিকা রাখে। এর মধ্যে গ্লুটামেট অন্যতম, যা উমামি বা সুস্বাদু স্বাদের অনুভূতি তৈরি করে। ইনোসিন মনোফসফেট (আইএমপি) নামের একটি নিউক্লিওটাইডও উমামি স্বাদকে আরও বাড়িয়ে দিতে পারে। এ ছাড়া গ্লাইসিন ও অ্যালানিনের মতো অ্যামিনো অ্যাসিড মাছের মাংসে মিষ্টি স্বাদের অনুভূতি যোগ করে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ গোলাম সারোয়ার ও তাঁর সহকর্মীরা ২০১৩ সালে মাছ এবং মৎস্যজাত খাবারের স্বাদ তৈরির উপাদান নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করেন। সেখানে গ্লুটামেট, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড ও আইএমপির মতো উপাদানের ভূমিকা তুলে ধরা হয়। গবেষণাটির পর্যবেক্ষণ অনুযায়ী, মাছের প্রজাতি, বেড়ে ওঠার পরিবেশ এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পদ্ধতির ওপর নির্ভর করে এসব উপাদানের পরিমাণে পরিবর্তন আসতে পারে।

অর্থাৎ মাছ একই প্রজাতির হলেও তার স্বাদ সব সময় এক রকম হওয়ার কথা নয়।

খাবারের ধরনেও বদলে যায় মাছের স্বাদ

নদীতে বসবাসকারী মাছ সাধারণত প্রাকৃতিক পরিবেশ থেকেই খাবার সংগ্রহ করে। শৈবাল, জলজ উদ্ভিদ, ছোট জলজ প্রাণী, পোকামাকড় ও অন্যান্য জীব তাদের খাদ্যতালিকায় থাকতে পারে। নদীভেদে এসব খাবারের ধরন ও প্রাপ্যতা আলাদা হয়। ফলে মাছের শরীরে জমা হওয়া পুষ্টি ও স্বাদ তৈরির উপাদানেও পার্থক্য দেখা দিতে পারে।

অন্যদিকে পুকুরে চাষ করা মাছকে সাধারণত নির্দিষ্ট খাদ্য সরবরাহ করা হয়। এসব খাবারে ভুসি, খৈল, শস্যজাত উপাদান, প্রোটিন ও বিভিন্ন ধরনের চর্বি ব্যবহার করা হয়। খাদ্যের উপাদান মাছের শরীরে চর্বি, অ্যামিনো অ্যাসিড এবং গন্ধ সৃষ্টিকারী রাসায়নিকের পরিমাণকে প্রভাবিত করতে পারে।

অর্থাৎ মাছ কী খাচ্ছে, তার ওপরও নির্ভর করে রান্নার পর সেটির স্বাদ ও গন্ধ কেমন হবে।

২০২২ সালে অ্যাকুয়াকালচার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় চাষের মাছের খাদ্য পরিবর্তনের প্রভাব পরীক্ষা করা হয়। এতে মাছকে বিভিন্ন ধরনের তেলযুক্ত খাবার সরবরাহ করে দেখা যায়, খাদ্যের গঠন বদলানোর সঙ্গে মাছের মাংসে থাকা অ্যামিনো অ্যাসিড, স্বাদ তৈরির নিউক্লিওটাইড এবং গন্ধের উপাদানেও পরিবর্তন ঘটে।

এ থেকে বোঝা যায়, চাষের মাছের স্বাদ কেমন হবে, তা অনেকাংশেই নির্ভর করে তার খাদ্য ও পরিচর্যার ওপর।

মাছের মধ্যে কাদার গন্ধ তৈরি হয় কেন

চাষের মাছ খেতে গিয়ে অনেকেই মাটির মতো বা কাদার গন্ধ পাওয়ার কথা বলেন। মাছের এই অনাকাঙ্ক্ষিত গন্ধের পেছনে প্রধানত দুটি রাসায়নিক পদার্থের ভূমিকা রয়েছে। এগুলো হলো জিওসমিন এবং ২-মিথাইলআইসোবর্নিওল।

পানিতে থাকা কিছু ব্যাকটেরিয়া ও নীলাভ-সবুজ শৈবালজাতীয় অণুজীব এসব রাসায়নিক তৈরি করতে পারে। পানিতে এগুলোর পরিমাণ বেড়ে গেলে স্যাঁতসেঁতে মাটি বা কাদার মতো গন্ধ ছড়িয়ে পড়ে। মাছ ওই পানিতে বসবাস করার সময় এসব উপাদান তার ফুলকার মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। পরে মাছের চর্বিযুক্ত টিস্যুতেও এগুলো জমা হয়। ফলে রান্নার পরও মাছের মাংসে মাটির মতো গন্ধ থেকে যেতে পারে।

২০২২ সালে মেরিন পলিউশন বুলেটিন সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় মাছের অনাকাঙ্ক্ষিত গন্ধ ও স্বাদের জন্য জিওসমিন এবং ২-মিথাইলআইসোবর্নিওলের ভূমিকা তুলে ধরা হয়েছে। এসব রাসায়নিকের পরিমাণ খুব কম হলেও মানুষের ঘ্রাণশক্তি তা শনাক্ত করতে পারে।

তবে কাদার গন্ধের সঙ্গে শুধু মাছ চাষের সম্পর্ক নেই। নদী, হ্রদ কিংবা অন্যান্য প্রাকৃতিক জলাশয়েও এসব রাসায়নিক তৈরি হতে পারে। ফলে নদীর মাছেও কখনো এমন গন্ধ পাওয়া যায়।

পুকুরের পানির মান নিয়মিত পরীক্ষা ও নিয়ন্ত্রণের মাধ্যমে এ সমস্যা কমানো সম্ভব। এ ছাড়া বাজারজাত করার আগে মাছকে কিছু সময় পরিষ্কার পানিতে রাখলে শরীরে জমে থাকা এসব গন্ধের উপাদান কমতে পারে।

মাছের মাংসের গঠনও স্বাদে প্রভাব ফেলে

একটি মাছের মাংস নরম, অন্যটির তুলনায় শক্ত বা বেশি আঁশযুক্ত হতে পারে। মুখে দিয়ে চিবানোর সময় এই পার্থক্যও খাবারের স্বাদ গ্রহণের অভিজ্ঞতাকে বদলে দেয়।

মাছের মাংসের কোমলতা ও দৃঢ়তা নির্ভর করে মূলত পেশির তন্তু, পেশির কোষগুলোকে একসঙ্গে ধরে রাখা যোজক কলা এবং পেশিতে জমা চর্বির পরিমাণের ওপর। মাছের প্রজাতি, বয়স, খাদ্যাভ্যাস ও বেড়ে ওঠার পরিবেশ এসব বৈশিষ্ট্যকে প্রভাবিত করে।

নদীতে মাছকে খাবারের সন্ধানে চলাচল করতে হয় এবং অনেক ক্ষেত্রে পানির স্রোতের সঙ্গে তাল মিলিয়ে সাঁতার কাটতে হয়। অন্যদিকে পুকুরে চাষ করা মাছের পরিবেশ তুলনামূলক নিয়ন্ত্রিত থাকে। ফলে তাদের বেড়ে ওঠা ও শারীরিক গঠনে কিছু পার্থক্য তৈরি হতে পারে।

২০২৩ সালে প্রকাশিত একটি পর্যালোচনা গবেষণায় মাছের মাংসের গঠন ও দৃঢ়তা নির্ধারণে পেশির তন্তু, যোজক কলা এবং চর্বির ভূমিকা তুলে ধরা হয়েছে।

তবে এর অর্থ এই নয় যে নদীর সব মাছের মাংস শক্ত এবং চাষের সব মাছের মাংস নরম। মাছের প্রজাতি ও চাষের পরিবেশ অনুযায়ী এ বৈশিষ্ট্য বদলে যেতে পারে।

গবেষণায় নদীর মাছের স্বাদ নিয়ে কী পাওয়া গেছে

নদীর মাছ ও পুকুরে চাষ করা মাছের স্বাদের পার্থক্য নিয়ে গবেষকেরা সরাসরি পরীক্ষাও করেছেন।

২০২৬ সালের ২৪ নভেম্বর প্রকাশিত একটি গবেষণায় পাকিস্তানের বাহাওয়ালপুর অঞ্চলের তিন প্রজাতির কার্প মাছ নিয়ে পরীক্ষা করা হয়। মাছগুলো হলো রুই, কাতলা ও মৃগেল। গবেষকেরা নদী থেকে ধরা এবং পুকুরে চাষ করা মাছের স্বাদ, রং, কোমলতা, রসালো ভাবসহ বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করেন।

এ পরীক্ষায় ১৫ জন প্রশিক্ষিত পরীক্ষক অংশ নেন। তাঁদের না জানিয়েই বিভিন্ন উৎসের মাছ পরিবেশন করা হয়েছিল, যাতে মাছের উৎস সম্পর্কে আগে থেকে কোনো ধারণা তাঁদের মূল্যায়নকে প্রভাবিত করতে না পারে।

পরীক্ষার ফলাফলে নদীর মাছ বেশ কয়েকটি বৈশিষ্ট্যে এগিয়ে ছিল। বিশেষ করে নদীর রুই মাছ স্বাদ ও সামগ্রিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর পায়। গবেষণায় ২০০ জন সাধারণ ক্রেতা ও জেলের মতামতও নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৬১ শতাংশ নদীর মাছকে বেশি পছন্দ করেন।

তবে গবেষণাটির ফলাফল সব ধরনের মাছের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয়। কারণ, এতে নির্দিষ্ট একটি অঞ্চলের তিনটি প্রজাতি নিয়ে পরীক্ষা করা হয়েছে।

আবার ২০১৭ সালে জার্মানির লেক কনস্ট্যান্সের একটি মাছ নিয়ে পরিচালিত গবেষণায় কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে চাষের মাছও ভালো ফল করেছিল। এমনকি রঙের মতো কিছু গুণে চাষের মাছ পরীক্ষকদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছিল।

অর্থাৎ নদীর মাছ সব ক্ষেত্রেই চাষের মাছের চেয়ে ভালো হবে, এমন কোনো সর্বজনীন বৈজ্ঞানিক সিদ্ধান্ত নেই।

তাহলে নদীর মাছ খেতে বেশি ভালো লাগে কেন

নদীর মাছের স্বাদে আলাদা বৈশিষ্ট্য থাকার পেছনে একাধিক কারণ কাজ করে। প্রাকৃতিক খাবার, পানির পরিবেশ, মাছের শরীরে জমা চর্বি ও অ্যামিনো অ্যাসিড, গন্ধ তৈরির রাসায়নিক উপাদান এবং মাংসের গঠন মিলেই এই পার্থক্য তৈরি করতে পারে।

এর পাশাপাশি মানুষের ব্যক্তিগত পছন্দ ও স্মৃতিরও প্রভাব রয়েছে। ছোটবেলায় গ্রামের বাড়িতে নদীর মাছ খাওয়ার অভিজ্ঞতা অনেকের মনে বিশেষ জায়গা করে নেয়। পরবর্তী সময়ে একই ধরনের মাছ খেলে সেই পুরোনো স্মৃতির সঙ্গে স্বাদের একটি সম্পর্ক তৈরি হতে পারে।

খাবার সম্পর্কে আগে থেকে থাকা ধারণাও স্বাদ গ্রহণের অভিজ্ঞতাকে প্রভাবিত করে। কেউ যদি মনে করেন নদীর মাছ বেশি সুস্বাদু, তাহলে মাছটি খাওয়ার আগেই তাঁর মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হতে পারে।

তবে মাছের উৎসের পাশাপাশি টাটকা থাকার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর মাছ ধরার পর সঠিকভাবে সংরক্ষণ না করা হলে তার স্বাদ ও গুণমান নষ্ট হতে পারে। বিপরীতে পরিচ্ছন্ন পানিতে উপযুক্ত খাবার ও যত্নের মাধ্যমে চাষ করা মাছও সুস্বাদু হতে পারে।

সব মিলিয়ে নদীর মাছের প্রতি মানুষের বাড়তি আকর্ষণের পেছনে শুধু আবেগ বা পুরোনো অভ্যাস কাজ করে না। মাছের খাদ্যাভ্যাস, পরিবেশ ও শরীরের রাসায়নিক গঠনেরও ভূমিকা রয়েছে। তাই নদীর মাছের স্বাদে আলাদা তৃপ্তি পাওয়ার অনুভূতির পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G