পাহাড়ের রাজ্য সিকিম ভ্রমণে বাড়ছে পর্যটকদের খরচ
ভারতের সিকিমে ভ্রমণের পরিকল্পনা করছেন যারা, তাদের বাজেটে এবার বাড়তি খরচের হিসাব রাখতে হবে। পর্যটকদের চাপ কমানো, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যটির কয়েকটি সংরক্ষিত বনাঞ্চল ও জনপ্রিয় পর্যটনকেন্দ্রে প্রবেশের জন্য নতুন ফি চালুর সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার।
নতুন এই নিয়ম আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। সিকিমের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট কয়েকটি এলাকায় প্রবেশের ক্ষেত্রে পর্যটকবাহী গাড়িকে আসনসংখ্যা ও ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারের মতে, পরিবেশগতভাবে সংবেদনশীল এসব এলাকায় যানবাহনের চাপ কমানো এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেই এই উদ্যোগ।
তবে নতুন ফি চালু হলে সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকদের পরিবহণ খরচ বাড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
যেসব পর্যটনকেন্দ্রে কার্যকর হচ্ছে নতুন নিয়ম
নতুন প্রবেশমূল্যের আওতায় থাকছে সিকিমের গ্যাংটক, পাকিয়ং ও মঙ্গন জেলার কয়েকটি নির্দিষ্ট এলাকা।
গ্যাংটক ও পাকিয়ং টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে নাথু লা, ছাঙ্গু বা সোমগো লেক, বাবা মন্দির, জুলুক এবং লিংতামে প্রবেশের ক্ষেত্রে এই ফি দিতে হবে।
অন্যদিকে, মঙ্গন টেরিটোরিয়াল ডিভিশনের আওতায় উত্তর সিকিমের সাঙ্কালান-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলোতে একই নিয়ম কার্যকর হবে।
সিকিম পাবলিক সিকিউরিটি রুলস, ১৯৬২ এবং সিকিম ফরেস্ট রুলস, ২০০৭ অনুসরণ করে এই নির্দেশনা জারি করা হয়েছে। পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্বে থাকবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দপ্তরের সঙ্গে সমন্বয় করে পারমিট ও ফি আদায়ের কার্যক্রম পরিচালনা করা হবে।
গাড়ির ধরন অনুযায়ী কত দিতে হবে
নতুন নিয়মে যানবাহনের আসনসংখ্যা, ইঞ্জিনের ক্ষমতা এবং কোন এলাকায় প্রবেশ করা হচ্ছে, তার ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হয়েছে। গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনের তুলনায় মঙ্গন ডিভিশনের জন্য কয়েকটি শ্রেণিতে ফি কম রাখা হয়েছে।
নির্ধারিত ফি ভারতীয় রুপিতে নিম্নরূপ:
| যানবাহনের ধরন | গ্যাংটক ও পাকিয়ং | মঙ্গন |
| ১ হাজার সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ৫ আসনের গাড়ি | ১,৫০০ | ১,২০০ |
| ৬-১০ আসনের গাড়ি | ২,৫০০ | ১,৫০০ |
| ১১-১৫ আসনের ফোর্স বা টেম্পো ট্রাভেলার | ৪,৫০০ | ২,৫০০ |
| ১৬-২০ আসনের বাস | ৬,৫০০ | ৩,৫০০ |
| ২১-৩০ আসনের বাস | ৭,৫০০ | ৫,৫০০ |
| ৩০ বা তার বেশি আসনের বাস | ১০,০০০ | ৭,৫০০ |
ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫০ রুপি। এর সঙ্গে অতিরিক্ত যাত্রী থাকলে দিতে হবে আরও ৩৫০ রুপি। তবে সিকিমে নিবন্ধিত স্থানীয় ট্যাক্সি বাইকের ক্ষেত্রে চালকের জন্য ৩৫০ এবং সহযাত্রীর জন্য ২৫০ রুপি ফি নির্ধারণ করা হয়েছে।
যেসব পর্যটক ও যানবাহন ফি থেকে ছাড় পাবে
নতুন নিয়মে কিছু শ্রেণির মানুষের জন্য ফি মওকুফের ব্যবস্থাও রাখা হয়েছে। বৈধ সার্টিফিকেট অব আইডেন্টিফিকেশন (সিওআই), রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (আরসি), সিকিম সাবজেক্ট অথবা ভোটার পরিচয়পত্র থাকা যোগ্য স্থানীয় বাসিন্দাদের এই প্রবেশমূল্য দিতে হবে না।
এ ছাড়া দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেনাসদস্য এবং তাঁদের অতিথিদের জন্যও নির্দিষ্ট শর্তে ছাড়ের সুযোগ রাখা হয়েছে।
উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট ব্যবহার করে হোমস্টেতে অবস্থান কিংবা দর্শনীয় স্থান দেখতে যাওয়া পর্যটকদের অনলাইনে পারমিট সংগ্রহ করতে হবে। তবে তাঁদের জন্য পারমিট ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না।
সাধারণ গেস্ট হাউস, অনুমোদিত সরকারি অতিথিশালা এবং সরকারি কাজে ভ্রমণের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ফি মওকুফ করা হবে।
অন্যদিকে, ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য নিবন্ধিত মালিকের নামে পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। থার্ড মাইল লিংতাম, ডগর গেট, টুং সাঙ্কালান ও ফেদাং চেকপোস্ট দিয়ে এসব এলাকায় প্রবেশ করতে হলে নির্ধারিত অনুমতি ও ফি-সংক্রান্ত নিয়ম অনুসরণ করতে হবে।
তবে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে পরিবহণ চুক্তির আওতায় চলাচলকারী বাণিজ্যিক যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত কিংবা অন্য কোনো সংস্থাকে আলাদা করে প্রবেশমূল্য আদায়ের অনুমতি দেওয়া হয়নি।
পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ
পরিবেশ সুরক্ষা ও পর্যটনকেন্দ্রগুলোতে যানবাহনের চাপ কমানোর উদ্দেশ্যে নতুন নিয়ম চালু করা হলেও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীদের একাংশ। তাঁদের আশঙ্কা, অতিরিক্ত ফি শেষ পর্যন্ত পর্যটকদের ভ্রমণ ব্যয় বাড়িয়ে দেবে।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামীর মতে, সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত পর্যটক ও যানবাহনের চাপ কমাতে সরকারের এই উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
তবে সিআইআইয়ের পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যাল বিষয়টির আরেকটি দিক তুলে ধরেছেন। তাঁর আশঙ্কা, নতুন ফি চালু হলে বাড়তি ব্যয়ের চাপ শেষ পর্যন্ত পর্যটকদের ওপরই পড়বে। কারণ, সংশ্লিষ্ট পর্যটনকেন্দ্রগুলোতে মূলত সিকিমে চলাচলকারী গাড়ি ব্যবহার করা হয়। ফলে এই খরচ পর্যটকদের ভ্রমণ প্যাকেজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব সিকিম ও দার্জিলিংকেন্দ্রিক পর্যটন সার্কিটেও পড়তে পারে।
ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রও নতুন সিদ্ধান্ত পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, প্রবেশমূল্য কার্যকর হলে সাধারণ পর্যটকদের জন্য সিকিম ভ্রমণের খরচ আরও বেড়ে যাবে।
পর্যটন খাতের সংশ্লিষ্টদের আশঙ্কা, ভ্রমণ ব্যয় বাড়লে অনেকেই সিকিমের পরিবর্তে দার্জিলিং, কালিম্পং কিংবা ডুয়ার্সের মতো বিকল্প গন্তব্য বেছে নিতে পারেন। এতে পর্যটকের সংখ্যা কমার পাশাপাশি সিকিমের হোটেল, পরিবহণ এবং স্থানীয় ব্যবসার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সব মিলিয়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে নেওয়া সিকিম সরকারের নতুন উদ্যোগ একদিকে যেমন পর্যটনকেন্দ্রগুলোর ওপর চাপ কমানোর পরিকল্পনা, অন্যদিকে তেমনি ভ্রমণ ব্যয় বৃদ্ধি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ২০২৭ সালের শুরুতে নিয়মটি কার্যকর হলে পর্যটনশিল্পে এর প্রকৃত প্রভাব কতটা পড়বে, সেটিই এখন দেখার বিষয়।
প্রতি / এডি / শাআ





















