চ্যাটজিপিটিকে পেছনে ফেলে আলোচনায় মেটার ‘মিউজ’
বাজারে উন্মুক্ত হওয়ার পর প্রথম ১২ দিনেই ব্যবহারকারীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’। বাজার গবেষণা প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ প্রায় ১৮ লাখবার ডাউনলোড করা হয়েছে। একই সময়ে ওই দুই দেশে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছিল প্রায় ১৩ লাখবার।
তবে মিউজ ও চ্যাটজিপিটির ডাউনলোড সংখ্যার এই তুলনায় ভৌগোলিক পরিসরের পার্থক্য রয়েছে। বর্তমানে মিউজ কেবল যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যবহার করা যাচ্ছে। অন্যদিকে, চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ চালুর সময় থেকেই তুলনামূলকভাবে বেশি দেশে ব্যবহারের সুযোগ ছিল। এ কারণে দুই অ্যাপের তুলনামূলক চিত্র তুলে ধরতে অ্যাপটোপিয়া যুক্তরাষ্ট্র ও কানাডার আইওএস ডাউনলোডের হিসাব আলাদাভাবে বিবেচনা করেছে।
অ্যাপটোপিয়ার হিসাব বলছে, মিউজ উন্মুক্ত হওয়ার প্রথম ১২ দিনের মধ্যেই বিশ্বজুড়ে অ্যাপটি প্রায় ২৮ লাখবার ইনস্টল হয়েছে। দ্রুত ব্যবহারকারী বাড়ার ফলে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের বিনামূল্যের অ্যাপগুলোর তালিকাতেও শীর্ষস্থান দখল করেছে মিউজ।
শুধু ইনস্টলের সংখ্যাতেই নয়, নিয়মিত ব্যবহারের ক্ষেত্রেও প্রথম দিকের পরিসংখ্যানে মিউজ এগিয়ে রয়েছে। বাজারে আসার পর প্রথম ১২ দিনের একই সময়ের হিসাব অনুযায়ী, মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৪২ হাজার। চ্যাটজিপিটির ক্ষেত্রে এই সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।
মিউজের আইওএস সংস্করণ একাই ওই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ৫৯ হাজার সক্রিয় ব্যবহারকারী পেয়েছে। অর্থাৎ, শুধু আইওএস ব্যবহারকারীর হিসাবেই মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ওই সময়ের চ্যাটজিপিটির মোট দৈনিক সক্রিয় ব্যবহারকারীর তুলনায় বেশি ছিল।
মিউজের দ্রুত জনপ্রিয়তার পেছনে মেটার বিশাল সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যবহারকারী নেটওয়ার্কের ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেটার অন্যান্য সেবা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সঙ্গে অ্যাপটির সংযোগের সুযোগ রয়েছে। ফলে আগে থেকেই মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করা মানুষদের কাছে মিউজ পৌঁছানোর সুবিধা পাচ্ছে।
অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজের প্রাথমিক ব্যবহারকারীদের মধ্যে ৯৫ শতাংশের বেশি ফেসবুক ব্যবহার করেন। আর ইনস্টাগ্রাম ব্যবহার করেন প্রায় ৬৩ শতাংশ ব্যবহারকারী। এসব তথ্য মিউজের প্রাথমিক বিস্তারে মেটার বিদ্যমান সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কের সম্ভাব্য প্রভাবের একটি ধারণা দেয়।
প্রতি / এডি / শাআ



















