নতুন করে আবার আন্দোলনের ঘোষণা দিল ককরোচ জনতা পার্টি
ভারতের মুম্বাইয়ে শিবাজী পার্কে সমাবেশ করার অনুমতি না পাওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি জানিয়েছে, এবার তারা ‘জেল ভরো আন্দোলন’ নামে গণ-গ্রেফতার কর্মসূচিতে যাবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কর্মসূচিটির ঘোষণা দেন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন থেকে এই আন্দোলন শুরু করার কথা জানিয়েছে দলটি।
এর আগে মুম্বাই পুলিশের কাছে শিবাজী পার্কে সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি। তবে পুলিশ সেই আবেদন নাকচ করে দিয়েছে। পুলিশের ভাষ্য, শিবাজী পার্ক মূলত খেলাধুলার জন্য নির্ধারিত স্থান। সেখানে রাজনৈতিক সমাবেশ হলে শব্দদূষণ বাড়তে পারে। পাশাপাশি পার্কের আশপাশে বড় হাসপাতাল থাকায় রোগীদের যাতায়াতেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান অভিজিৎ দীপকে। প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের মতপ্রকাশের সুযোগ সীমিত করার চেষ্টা করা হচ্ছে।
সম্প্রতি ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তোলে সিজেপি। সেই দাবির ধারাবাহিকতায় শিবাজী পার্কে সমাবেশের উদ্যোগ নিয়েছিল দলটি। অনুমতি না পাওয়ার পর এবার ‘জেল ভরো আন্দোলন’-এর ঘোষণা দিয়েছে তারা।
প্রতি / এডি / শাআ



















