নতুন জামা বা পোশাক ব্যবহারের পর ধোয়ার সময় অনেকেই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। সাবান পানিতে ভেজানোর সঙ্গে সঙ্গেই কাপড় থেকে রং বের হতে শুরু করে। কিছু পোশাক আবার বহুদিন ব্যবহারের পরও ধোয়ার সময় রং ছাড়তে থাকে। ফলে কাপড়ের উজ্জ্বলতা কমে যায় এবং দ্রুত পুরোনো দেখাতে শুরু করে।
গৃহস্থালির পরিচিত একটি উপাদান, লবণ, এই সমস্যা কমাতে সহায়ক হতে পারে। কাপড় ধোয়ার আগে লবণ ব্যবহার করলে পোশাকের রং দীর্ঘদিন অক্ষুণ্ন রাখতে সাহায্য করতে পারে বলে বিভিন্ন গৃহস্থালি পরামর্শে উল্লেখ করা হয়।
লবণ কাপড়ের আঁশে জমে থাকা কিছু ময়লা ও অবশিষ্ট ডিটারজেন্ট আলগা করতে সাহায্য করতে পারে। এর ফলে ধোয়ার সময় কাপড় তুলনামূলকভাবে পরিষ্কার হয় এবং রং ফিকে হয়ে যাওয়ার ঝুঁকিও কিছুটা কমে। অনেকের মতে, এটি পোশাকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতেও ভূমিকা রাখে। সাদা কাপড়ের ক্ষেত্রে মলিন ভাব কমাতেও লবণ উপকারী হতে পারে।
প্রথমে পোশাক ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন। এরপর অতিরিক্ত পানি ঝরিয়ে একটি পাত্রে বা বালতিতে পানি নিয়ে তাতে আধা কাপ পরিমাণ লবণ মিশিয়ে দিন। পোশাকগুলো সেই পানিতে প্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর স্বাভাবিক নিয়মে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন, তারা ডিটারজেন্টের সঙ্গে সামান্য লবণ যোগ করতে পারেন। মোটা দানার লবণ ব্যবহার করলে তা কাপড়ের ওপর জমে থাকা ময়লা ও অন্যান্য অবশিষ্ট উপাদান পরিষ্কারে সহায়তা করতে পারে। এতে কাপড়ের রং তুলনামূলকভাবে বেশি সময় ধরে উজ্জ্বল থাকার সম্ভাবনা থাকে।
তবে খুব নাজুক বা বিশেষ যত্ন প্রয়োজন এমন কাপড়ের ক্ষেত্রে লবণ ব্যবহারের আগে পোশাকের যত্ন নির্দেশিকা দেখে নেওয়া ভালো। এতে কাপড়ের ক্ষতির ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
প্রতি / এডি / শাআ