নিত্যপণ্যের বাজারে অস্বস্তি, বেড়েছে আটা-ময়দা ও ডিম-মাছের দাম

প্রকাশঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ সময়ঃ ৯:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৭ অপরাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের জীবনে। রাজধানীর বিভিন্ন বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজির দাম বেড়েছে। এর পাশাপাশি ডিম, মাছ, মুরগি, আটা, ময়দা ও ভোজ্যতেলের বাজারও ঊর্ধ্বমুখী। এতে সীমিত আয়ের মানুষের মাসিক ও দৈনন্দিন বাজার খরচ আরও বেড়ে যাচ্ছে।

শুক্রবার রাজধানীর নয়াবাজার, কারওয়ান বাজার ও কেরাণীগঞ্জের বউবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নয়াবাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এক মাস আগেও একই পরিমাণ আটার দাম ছিল ৪৫ টাকা। অন্যদিকে খোলা ময়দার কেজি এখন ৬৫ থেকে ৭০ টাকা, যা এক মাস আগে ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে ছিল।

প্যাকেটজাত ময়দার দামও বেড়েছে। দুই কেজির একটি প্যাকেট এখন ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে এর দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ৫০ কেজির ময়দার বস্তার দামও ২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে বর্তমানে ২ হাজার ৮০০ টাকায় উঠেছে।

ময়দার বাড়তি দামের প্রভাব পড়েছে বেকারি পণ্যেও। বনরুটি, কেক ও বিস্কুটের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন ব্যবসায়ীরা। গত শনিবার থেকে নতুন দাম কার্যকর করার কথা থাকলেও মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, অনেক দোকানে আগের দামে সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে না।

বাড়ছে সবজির দামও

সবজির বাজারেও গত সপ্তাহের তুলনায় বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ছুটির দিনে বাজারে ক্রেতাদের চাপ ও চাহিদা বাড়ায় অনেক সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা, পটোল ৭০ থেকে ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ থেকে ৯০ টাকা এবং গোল বেগুন ১১০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া করলা ৮০ থেকে ১০০ টাকা, শিম ১৮০ থেকে ২০০ টাকা এবং পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শাহানাজ বেগমের ভাষ্য, বৃষ্টির কারণে কয়েক দিন ধরে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। এতে দাম কিছুটা বেড়েছে। তবে নতুন করে সবজি বাজারে আসার পর সরবরাহ স্বাভাবিক হলে কয়েক দিনের মধ্যেই দাম কমতে পারে বলে মনে করেন তিনি।

ছয় মাসে ডিমের দাম বেড়েছে প্রায় ৫০ টাকা

ডিমের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। বর্তমানে এক ডজন ডিম কিনতে ক্রেতাকে ১৫০ থেকে ১৬০ টাকা খরচ করতে হচ্ছে। ছয় মাস আগে একই পরিমাণ ডিমের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা।

অর্থাৎ ছয় মাসের ব্যবধানে এক ডজন ডিমের দাম বেড়েছে প্রায় ৪৫ থেকে ৫০ টাকা।

মুরগির বাজারেও বাড়তি দামের প্রভাব রয়েছে। ব্রয়লার মুরগি বর্তমানে কেজিপ্রতি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেড় মাস আগে এর দাম ছিল প্রায় ২০ টাকা কম।

এদিকে সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং হাইব্রিড মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংস ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছেও বাড়তি খরচ

মাছ কিনতেও আগের তুলনায় বেশি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে রুই মাছের কেজি ৪০০ থেকে ৪২০ টাকা, কাতলা ৪২০ থেকে ৪৪০ টাকা, পাঙাশ ২৫০ থেকে ৩০০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা, টেংরা প্রায় ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং দেশি কৈ ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে মাছের বাজারে কিছুটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে ইলিশে। আগের তুলনায় ইলিশের দাম কিছুটা কমেছে। আকার অনুযায়ী রাজধানীর বিভিন্ন বাজারে ইলিশ ৮৫০ টাকা থেকে ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, সাম্প্রতিক সময়ে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়ার কারণেই মাছটির দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

কর কমলেও বাজারে মিলছে না প্রত্যাশিত স্বস্তি

এদিকে সরকার নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের ওপর কর-শুল্ক কমালেও এর সুফল খুচরা বাজারে পুরোপুরি পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা।

চলতি অর্থবছরের বাজেটে চাল, আটা, গম, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্যতেলসহ ৬৩টি নিত্যপণ্যে কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ভোক্তাদের দাবি, এর পরও বাজারে প্রত্যাশিত স্বস্তি ফেরেনি। বরং কয়েকটি পণ্যের দাম আগের তুলনায় আরও বেড়েছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি নাজের হোসাইন বলেন, কর কমানোর পরও খুচরা পর্যায়ে পণ্যের দাম কমার সুফল ভোক্তারা পাচ্ছেন না। বিষয়টি সরকারের গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা প্রয়োজন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G