নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের রাতে একা চলাচল নিষেধ
খুলনায় দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হওয়ার পর রাতে একা চলাচল না করতে সদস্যদের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুক্ষের স্বাক্ষরে জারি করা এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিশেষ অভিযানসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনাপত্রে বলা হয়েছে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাও সামনে এসেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠির অনুলিপি জেলা পুলিশের সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।
খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষ করে ফেরি পার হয়ে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলার শিকার হন। তিনি রিকশায় করে বাসায় ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে দুটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ ছিল। খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের সামনে ছিনতাইকারীরা তাঁর পথ আটকায়। ধারণা করা হচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করায় তাঁকে আঘাত করা হয়ে থাকতে পারে।
সাদাপোশাকে থাকা ওই পুলিশ কর্মকর্তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসপি সরকার ওমর ফারুক বলেন, এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দায়িত্ব পালন শেষে ফেরার পথে কোনো সদস্য যাতে ছিনতাইকারীদের কবলে না পড়েন, সে জন্যই এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার ধারণা তৈরি হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, এটি মূলত জেলা পুলিশের অভ্যন্তরীণ নির্দেশনা। পুলিশ সদস্যরা যাতে ছিনতাইয়ের শিকার না হন, সে লক্ষ্যেই চিঠি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরের খানজাহান আলী রোডে কলেজিয়েট স্কুলের সামনে পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩) ছিনতাইকারীদের হামলার শিকার হন। রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরে ফেরার সময় তিন ছিনতাইকারী তাঁর পথ আটকায়। তারা তাঁর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজিতে কোপ দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
এর আগে অপরাধী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গত মঙ্গলবার রাত থেকে খুলনা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গত সোমবার রূপসায় ছেলে জয় ঢালী হত্যার দেড় মাস পর তাঁর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে দিঘলিয়ার ফরমাইশখানা এলাকায় একটি চায়ের দোকানে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনাও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়।
প্রতি / এডি / শাআ























