নৃশংসতায় ভরা সিনেমার বক্স অফিসে দাপট, তিন দিনেই ছাড়াল শতকোটি

প্রকাশঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

রক্তাক্ত সংঘর্ষ, কাটা মাথা ও বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের দৃশ্যে ভরপুর দক্ষিণী তারকা নানির নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’। অতিরিক্ত সহিংসতা দেখানোর কারণে ছবিটি নিয়ে সমালোচনা থাকলেও বক্স অফিসে শুরু থেকেই দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করে বড় সাফল্যের দেখা পেয়েছে অ্যাকশন-ড্রামাটি।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, এরই মধ্যে সিনেমাটির বৈশ্বিক আয় ১১৯ কোটি ৫০ লাখ রুপি ছাড়িয়ে গেছে। দর্শকদের আগ্রহের কারণে মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ছবিটি ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে।

গত ২৩ সেপ্টেম্বর প্রিমিয়ার শোর মাধ্যমে যাত্রা শুরু করে ‘দ্য প্যারাডাইস’। ওই দিন ৯০০টি শো থেকে সিনেমাটি আয় করে ১১ কোটি ৬০ লাখ রুপি। পরদিন ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তির পর আয় বেড়ে দাঁড়ায় ৩৪ কোটি ৬৫ লাখ রুপি। পরবর্তী সময়ে দৈনিক আয় কিছুটা কমলেও তৃতীয় দিন, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ভারতে ছবিটির নেট আয় হয়েছে ১৫ কোটি ২৫ লাখ রুপি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে সিনেমাটির নেট আয় ৭৬ কোটি ৪০ লাখ রুপি। এর বড় অংশ এসেছে তেলেগু সংস্করণ থেকে। ভারতের বাইরের বাজার থেকেও নানি অভিনীত সিনেমাটি এখন পর্যন্ত প্রায় ২৯ কোটি রুপি আয় করেছে।

তবে বক্স অফিস সাফল্যের পাশাপাশি সিনেমাটির সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এর সহিংস দৃশ্য নিয়ে। ‘দ্য প্যারাডাইস’-এর গল্পে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং এক তরুণের প্রতিশোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির পর্যালোচনা অনুযায়ী, ১৯৮০-এর দশকের সেকেন্দ্রাবাদের একটি বস্তিকে ঘিরে গল্পটি এগিয়েছে। সেখানে সামন্তপ্রভুর নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠা ‘জাদল’ নামের এক চরিত্রের প্রতিশোধের কাহিনি তুলে ধরা হয়েছে।

তবে সমালোচকদের একাংশের মতে, প্রান্তিক মানুষের অধিকার আদায়ের আবেগঘন গল্পকে ছাপিয়ে গেছে সিনেমাটিতে দেখানো অতিরিক্ত সহিংসতা। ছবিতে কাটা মাথা বাতাসে উড়ে যাওয়ার দৃশ্য, বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এবং গর্ভবতী নারীর ওপর শারীরিক নির্যাতনের মতো দৃশ্য রয়েছে। এসব দৃশ্য সাধারণ দর্শকের জন্য অস্বস্তিকর হতে পারে বলেও মত দিয়েছেন সমালোচকেরা।

চরম সহিংসতা ও রক্তাক্ত দৃশ্যের কারণে সিনেমাটি ‘এ’ অর্থাৎ প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য নির্ধারিত সনদ পেয়েছে। ফলে মুক্তির আগে থেকেই ছবিটির সহিংস উপস্থাপন নিয়ে আলোচনা ছিল।

সমালোচনা সত্ত্বেও দর্শকদের সাড়া পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সিনেমাটির প্রধান অভিনেতা নানি। দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

শ্রীকান্ত ওদেলা পরিচালিত ‘দ্য প্যারাডাইস’-এ নানির বিপরীতে অভিনয় করেছেন কায়াদু লোহার। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা গেছে মোহন বাবু, সোনালি কুলকার্নি, রাঘব জুয়াল ও ঈশ্বরী রাওকে। অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটিতে চমক হিসেবে ক্যামিও চরিত্রে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G