মাটিতে না নেমেই টানা ১০ মাস আকাশে উড়তে পারে যে পাখি

প্রকাশঃ সেপ্টেম্বর ২২, ২০২৬ সময়ঃ ৯:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ণ

মানুষের পক্ষে টানা কয়েক দিনও বিশ্রাম ছাড়া কাজ করে যাওয়া কঠিন। অথচ প্রাণিজগতে এমন এক পাখি রয়েছে, যে বছরের বড় একটি সময় মাটিতে না নেমেই আকাশে কাটিয়ে দিতে পারে। ‘কমন সুইফট’ নামের এই ছোট পাখি একটানা প্রায় ১০ মাস পর্যন্ত উড়তে পারে বলে গবেষণায় উঠে এসেছে।

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশেষ প্রযুক্তির মাধ্যমে পাখিটির চলাফেরা পর্যবেক্ষণ করে এই তথ্য পেয়েছেন। পাখির শরীরে আলো ও নড়াচড়ার মাত্রা শনাক্ত করতে পারে এমন যন্ত্র বসানো হয়েছিল। দীর্ঘ সময়ের পর্যবেক্ষণে দেখা যায়, পরিযানের প্রায় ১০ মাস কমন সুইফট আকাশেই কাটিয়ে দেয়। বছরের বাকি প্রায় দুই মাস তারা মাটিতে অবস্থান করে, মূলত প্রজনন ও ডিম পাড়ার সময়।

গবেষণার সঙ্গে যুক্ত জীববিজ্ঞানী অ্যান্ডার্স হেডেনস্ট্রমের মতে, কোনো পাখির মাটিতে না নেমে এত দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা প্রাণিজগতের একটি অসাধারণ বৈশিষ্ট্য। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, একটানা এত দীর্ঘ সময় উড়ে থাকার এটি সবচেয়ে দীর্ঘ নথিভুক্ত রেকর্ড।

অন্য পাখিরাও পাড়ি দেয় দীর্ঘ পথ

দীর্ঘ দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে কমন সুইফট অবশ্য একা নয়। বিশ্বের বিভিন্ন প্রজাতির পাখি পরিযানের সময় হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। যেমন ‘ওয়ান্ডারিং অ্যালবাট্রস’ ডানা না ঝাপটিয়েও বাতাসের প্রবাহ কাজে লাগিয়ে প্রায় ১০ হাজার মাইল বা ১৬ হাজার ৯০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।

অন্যদিকে ক্ষুদ্র আকৃতির হামিংবার্ডও তার নিজের শরীরের দৈর্ঘ্যের তুলনায় অবিশ্বাস্য দূরত্ব অতিক্রম করতে সক্ষম। একটানা উড়লে নিজের দৈর্ঘ্যের প্রায় ২ কোটি ৯০ লাখ গুণ বেশি দূরত্ব পাড়ি দেওয়ার নজিরও রয়েছে এই পাখির।

তবে কমন সুইফটের উড়ার ধরন কিছুটা ভিন্ন। অ্যালবাট্রস মূলত বাতাসের স্রোত ব্যবহার করে অনেকটা আকাশে ভেসে থাকে। বিপরীতে সুইফটকে উড়তে গিয়ে নিয়মিত ডানা ঝাপটাতে হয়। ফলে এত দীর্ঘ সময় তারা কীভাবে শক্তি ধরে রাখে, সেটিই গবেষকদের কাছে বড় প্রশ্ন।

বিশেষ করে এত দীর্ঘ সময় উড়তে থাকা অবস্থায় সুইফট কখন ঘুমায়, আদৌ কীভাবে ঘুমায় এবং কীভাবে নিয়মিত খাবার সংগ্রহ করে, সেসব বিষয়ে এখনো অনেক কিছু অজানা।

পালকেও মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য

গবেষণায় কমন সুইফটের শারীরিক সক্ষমতা সম্পর্কেও কিছু আকর্ষণীয় তথ্য পাওয়া গেছে। যেসব পাখি প্রায় ১০ মাস একবারও মাটিতে নামেনি, তাদের পুরোনো পালক ঝরে নতুন পালক গজানোর প্রক্রিয়া চলেছে। বিপরীতে, যেসব পাখি ওই সময়ের মধ্যে মাঝেমধ্যে মাটিতে বিশ্রাম নিয়েছে, তাদের পালকে একই ধরনের পরিবর্তন দেখা যায়নি।

তবে মাটিতে নামা ও না নামার কারণে তাদের মোট উড়ানের সময়ের পার্থক্য ছিল খুব সামান্য। গবেষণায় পর্যবেক্ষণ করা ১৩টি পাখির মধ্যে যারা মাঝেমধ্যে বিশ্রাম নিয়েছিল, তারাও ১০ মাসের প্রায় ৯৯ দশমিক ৫ শতাংশ সময় আকাশে কাটিয়েছে।

হেডেনস্ট্রমের ব্যাখ্যা অনুযায়ী, পালক পরিবর্তনের এই পার্থক্য পাখিগুলোর স্বাস্থ্য বা শরীরে জীবাণুর উপস্থিতির সামান্য তারতম্যের সঙ্গে সম্পর্কিত হতে পারে। একই প্রজাতির কিছু পাখি কেন অন্যদের তুলনায় সামান্য ভিন্নভাবে উড়ে বেড়ায়, সেটির একটি সম্ভাব্য কারণও হতে পারে এটি।

শহরেও মানিয়ে নিয়েছে সুইফট

কমন সুইফটের আবাসস্থলও সময়ের সঙ্গে বদলেছে। আগে গাছের কোটর ছিল এদের অন্যতম পরিচিত বাসা তৈরির জায়গা। কিন্তু প্রাকৃতিক আবাসস্থল কমে যাওয়ার ফলে মানুষের তৈরি বিভিন্ন স্থাপনাকেও এখন তারা বাসা বাঁধার জন্য ব্যবহার করছে।

পুরোনো সুড়ঙ্গ, সরু ফাঁক, ভবনের খাড়া দেয়াল এবং চিমনির মতো জায়গায় সুইফটের বাসা দেখা যায়। ‘চিমনি সুইফট’ নামের ঘনিষ্ঠ একটি প্রজাতি তো বিশেষভাবে চিমনি ও খাড়া কাঠামোতে বাসা তৈরির জন্য পরিচিত।

পরিযায়ী জীবনযাপনের কারণে বছরের বিভিন্ন সময়ে সুইফটকে ভিন্ন ভিন্ন অঞ্চলে দেখা যায়। শীতের সময় তারা তুলনামূলক উষ্ণ এলাকায় চলে যায়। দক্ষিণ আমেরিকার পূর্ব পেরু ও আমাজন অববাহিকার বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে ইউরেশিয়া ও দক্ষিণ আফ্রিকার কিছু এলাকাতেও এদের বিচরণ রয়েছে। প্রজনন মৌসুমে, বিশেষ করে জুন বা জুলাইয়ে, তারা ডিম দেয়।

কমছে উড়ন্ত পোকামাকড়, বাড়ছে উদ্বেগ

পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা থাকলেও সুইফট পাখিরাও বিভিন্ন ধরনের হুমকির মুখে রয়েছে। আকাশে উড়ে বেড়ানো পতঙ্গভোজী অন্যান্য পাখির মতো এদের সংখ্যাও কমছে বলে উদ্বেগ রয়েছে।

আবাসস্থল নষ্ট হওয়া এবং জলবায়ু পরিবর্তন এর অন্যতম কারণ হতে পারে। পাশাপাশি সুইফটের প্রধান খাবার উড়ন্ত পোকামাকড়ের সংখ্যা কমে যাওয়াও তাদের জন্য বড় সমস্যা তৈরি করছে। ফলে আকাশে দীর্ঘ সময় টিকে থাকার অসাধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও পরিবেশগত পরিবর্তনের প্রভাব থেকে এই পাখিরাও পুরোপুরি নিরাপদ নয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G