মুরগি কাটার পর পেটের ভেতর থাকা ডিম খাওয়া কতটা নিরাপদ?

প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০২৬ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ অপরাহ্ণ

মুরগি কাটার সময় পেটের ভেতর এক বা একাধিক ডিম পাওয়া যাওয়ার ঘটনা অনেকের কাছেই পরিচিত। কেউ এসব ডিম আলাদা করে রান্না করে খান, আবার কেউ মনে করেন, মুরগির পেটে থাকা ডিম খাওয়া উচিত নয়। ফলে এমন ডিম পাওয়া গেলে তা খাওয়া নিরাপদ কি না, তা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে সংশয়।

মুরগির পেট থেকে পাওয়া ডিম খাওয়ার সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসানের সঙ্গে কথা বলা হলে তিনি বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করেন।

ডিমটি অক্ষত আছে কি না দেখুন

মুরগি কাটার সময় পেটের ভেতর পাওয়া ডিম যদি খোলস বা পাতলা স্বাভাবিক আবরণের মধ্যে অক্ষত অবস্থায় থাকে, তাহলে সেটি খাওয়া যেতে পারে। তবে ডিমটি মুরগির পেট থেকে বের করার সময় সতর্ক থাকতে হবে, যাতে সেটি ফেটে না যায় এবং পেটের ভেতরের ময়লা বা বর্জ্য ডিমে না লাগে।

ডিম বের করার সময় এর স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে গেলে বা ডিম ফেটে গেলে সেটি না খাওয়াই ভালো।

এ ছাড়া মুরগির পিত্তথলি কিংবা নাড়িভুঁড়ি ফেটে বর্জ্য বের হয়ে ডিমের গায়ে লাগলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। ডিমটি এ ধরনের বর্জ্যে বেশি দূষিত হয়ে গেলে বাইরে থেকে অক্ষত মনে হলেও তা খাওয়া নিরাপদ নয়।

ডিম থেকে অস্বাভাবিক বা দুর্গন্ধ বের হলেও সেটি খাওয়া উচিত নয়।

রান্নার আগে কী করবেন

মুরগির পেট থেকে পাওয়া ডিম সাধারণ ডিমের মতো করে ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। তবে খোলস বা পাতলা আবরণের গায়ে দৃশ্যমান ময়লা থাকলে টিস্যু দিয়ে আলতোভাবে পরিষ্কার করে নেওয়া যেতে পারে।

এ ধরনের ডিম দীর্ঘ সময় সংরক্ষণ না করে দ্রুত রান্না করে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

রান্নার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিমটি ভালোভাবে সেদ্ধ বা রান্না করা। অল্প সময় উচ্চ তাপে রান্না করলে ডিমের ভেতরের অংশ কাঁচা থেকে যেতে পারে। তাই মাঝারি আঁচে পর্যাপ্ত সময় ধরে রান্না করতে হবে, যাতে ভেতরের অংশও পুরোপুরি জমাট বাঁধে।

ডিম রান্না হয়েছে কি না নিশ্চিত হতে একটি ডিম তুলে আলাদা প্লেট বা বাটিতে রেখে মাঝখানের অংশ কেটে দেখা যেতে পারে। ভেতরের অংশ নরম বা কাঁচা থাকলে আরও কিছুক্ষণ রান্না করতে হবে।

প্রয়োজন অনুযায়ী রান্নার ধরন বুঝে পানি বা তেল যোগ করা যেতে পারে, যাতে রান্নার সময় ডিম পাত্রের তলায় লেগে বা পুড়ে না যায়।

কখন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে

মুরগির পেট থেকে নিরাপদে বের করে নেওয়া ডিম যদি পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রান্না করা হয় এবং ভালোভাবে সেদ্ধ করা হয়, তাহলে তা খাওয়া যেতে পারে। তবে ডিমটি মুরগির পেটের বর্জ্যে দূষিত হলে বা যথেষ্ট তাপ দিয়ে রান্না না করলে জীবাণু সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষ করে সালমোনেলা ধরনের জীবাণু খাবারের মাধ্যমে শরীরে গেলে খাদ্যে বিষক্রিয়ার মতো সমস্যা হতে পারে। তাই ডিমটি দূষিত হয়েছে কি না এবং রান্নার সময় ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না, সেদিকে গুরুত্ব দেওয়া জরুরি।

পুষ্টিগুণও রয়েছে

মুরগির পেটে থাকা ডিম নিরাপদ অবস্থায় থাকলে এবং সঠিকভাবে রান্না করে খাওয়া হলে এতে ডিমের বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যেতে পারে। এসব ডিমে আমিষ, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, আয়রন, ভিটামিন বি১২সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে।

তবে শুধু মুরগির পেটে পাওয়া বলে এই ডিমের পুষ্টিগুণ সাধারণ ডিমের তুলনায় বিশেষভাবে বেশি বা কম, এমনটা ধরে নেওয়ার কারণ নেই।

যাঁদের সতর্ক থাকা দরকার

কোনো রোগ বা চিকিৎসাজনিত কারণে যাঁদের আমিষ, আয়রন কিংবা ডিম খাওয়ার পরিমাণ সীমিত রাখতে বলা হয়েছে, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত ডিম খাওয়া উচিত নয়। কারণ ডিমের কুসুমে তুলনামূলকভাবে বেশি কোলেস্টেরল থাকে।

বিশেষ করে রক্তে উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস বা হৃদ্‌রোগ রয়েছে এমন ব্যক্তিদের অতিরিক্ত ডিমের কুসুম খাওয়ার ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ মেনে চলা ভালো।

অন্যদিকে, যাঁদের এ ধরনের খাদ্যনিষেধ নেই, তাঁরা পরিষ্কার ও অক্ষত অবস্থায় পাওয়া ডিম যথাযথভাবে রান্না করে খেতে পারেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G