মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের জন্য সুখবর

প্রকাশঃ জুন ৪, ২০২৬ সময়ঃ ১২:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০১ পূর্বাহ্ণ

মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ মানুষের বহুল ব্যবহৃত এই যানবাহনের ওপর অতিরিক্ত কর আরোপ করা হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপের সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কর আরোপের পরিকল্পনার বিরুদ্ধে মোটরসাইকেল মালিকরা বিভিন্ন কর্মসূচিও পালন করেন। তারা এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান, মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

মোটরসাইকেল ব্যবহারকারীদের অভিযোগ ছিল, তারা ইতোমধ্যেই নিবন্ধন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা ও জ্বালানির ওপর বিভিন্ন ধরনের কর ও ফি পরিশোধ করছেন। এর সঙ্গে নতুন করে অগ্রিম আয়কর যোগ হলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হতো।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে অগ্রিম আয়কর আদায় করা হলে বছরে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব আসতে পারত।

সূত্র বলছে, শুরুতে কর কমানোর চিন্তা থাকলেও পরে জনভোগান্তির বিষয় বিবেচনায় নিয়ে পুরো পরিকল্পনাই বাতিল করার নির্দেশ দেওয়া হয়। তবে ১৫০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের মালিকদের টিআইএন বাধ্যতামূলক রাখার সিদ্ধান্ত বহাল থাকতে পারে।

বর্তমানে দেশে সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক ও পিকআপসহ কিছু যানবাহনের ক্ষেত্রে অগ্রিম আয়কর আদায় করা হয়। মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রে আগে কখনো এ ধরনের কর ছিল না।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের সিসিভেদে বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত এবং এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশায় ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কর আরোপের প্রস্তাবনা বিবেচনায় ছিল বলে জানা গেছে।

বর্তমানে ৫০ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের নিবন্ধন ফি প্রায় ৯ হাজার ২৯১ টাকা। এ ছাড়া প্রতি দুই বছর পরপর রোড ট্যাক্স হিসেবে ১ হাজার ১৫০ টাকা দিতে হয়। ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি প্রায় ১১ হাজার ৭৬৪ টাকা এবং রোড ট্যাক্স ২ হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার। এর মধ্যে বড় একটি অংশ ১১০ সিসি বা তার কম ক্ষমতার মোটরসাইকেল। 

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G