‘যন্তর মন্তর ২.০ শুরু’, গ্রেপ্তারের ভয় নেই: অভিজিৎ
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে রওনা হয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। দিল্লিতে পৌঁছানোর পর আটক বা গ্রেপ্তারের মুখে পড়তে পারেন কি না, এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, এ নিয়ে তাঁর কোনো ভয় নেই।
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে অভিজিৎ বলেন, তাঁকে আটক কিংবা গ্রেপ্তার করা হলে তিনি তার জন্য প্রস্তুত। তাঁর ভাষায়, ‘তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।’
এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যন্তর মন্তরে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে দিল্লির উদ্দেশে যাত্রা করছেন অভিজিৎ। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।’
বিক্ষোভে যোগ দেওয়ার কথা ধ্রুব রাঠিরও
যন্তর মন্তরের এই প্রতিবাদ কর্মসূচিতে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও অংশ নিতে পারেন বলে জানানো হয়েছে। অভিজিৎ দীপকসহ ককরোচ জনতা পার্টির অন্য নেতারা আগেই জানিয়েছিলেন, ১০ অক্টোবরের ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিতে ধ্রুব রাঠি যোগ দেবেন।
কর্মসূচিতে অংশ নিতে ভারতে এসে ধ্রুব রাঠিও সমর্থকদের দিল্লিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। ১০ তারিখে কেউ দিল্লি আসতে ভুলবেন না।’
বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা
ককরোচ জনতা পার্টির ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিক্ষোভের আগে শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ায় দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির নেতারা। শুক্রবার তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মকে ভয় পাচ্ছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, তরুণদের ভয় থেকেই জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
বেঙ্গালুরু থেকে ফিরে মুম্বাই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিজিৎও সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। তিনি বলেন, ‘তরুণদের এত ভয় পেলে পুরো দেশই বন্ধ করে দিন।’
প্রতি / এডি / শাআ























