যুদ্ধ শেষ, সব দাবি আদায়ও সম্পন্ন: মন্তব্য ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, তেহরান এমন একটি সমঝোতায় সম্মত হয়েছে যেখানে তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোবে না।
শুক্রবার (১২ জুন) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে ট্রাম্পের এই বক্তব্যের উল্লেখ করা হয়। মার্কিন সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত একটি টেলি-র্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
টেলিফোনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে দীর্ঘদিনের বিরোধ ও সামরিক উত্তেজনার সমাপ্তি ঘটেছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র শুরু থেকেই যে শর্তগুলো সামনে রেখেছিল, বিশেষ করে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের বিষয়টি, তা মেনে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে এবং এই সমঝোতা উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্পের মতে, এর ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর একটি অংশ ধীরে ধীরে দেশে ফিরতে পারবে।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই সমঝোতার মাধ্যমে ওয়াশিংটনের প্রধান কৌশলগত লক্ষ্যগুলো পূরণ হয়েছে। তাঁর ভাষায়, আলোচনার ফলাফল যুক্তরাষ্ট্রের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উল্লেখ্য, ওমান উপকূল ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের যুদ্ধ সমাপ্তি ও সমঝোতার এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
তবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রতি / এডি / শাআ









