সাবেক ভিসিকে ফেরানোর দাবিতে উত্তাল চুয়েট, ১১ দিন ধরে শাটডাউন

প্রকাশঃ অক্টোবর ২, ২০২৬ সময়ঃ ৮:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। টানা ১১ দিন ধরে শাটডাউন কর্মসূচির পাশাপাশি শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন তারা।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন, প্রশাসনিক ভবনে তালা, অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এর আগেও একাধিক কর্মসূচি পালন করেন তারা। এসব কর্মসূচির মধ্যে ছিল মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, প্রতীকী প্রশ্নযাত্রা, মুখোশ মিছিল এবং চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। প্রায় ৫৬ দিন দায়িত্ব পালনের পর ২১ সেপ্টেম্বর তাকে সরিয়ে দেওয়া হয়। একই দিনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই সিদ্ধান্ত প্রকাশের পর ওই রাত থেকেই প্রতিবাদে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে তারা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। বৃহস্পতিবার উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এদিকে একই দিন শিক্ষার্থীরা প্রতিবাদী কনসার্ট ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। আন্দোলন ও কর্মসূচির কারণে চুয়েটের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের শাটডাউন ও অন্যান্য আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G