১ লাখ ৬৬ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, জেনে নিন আবেদন প্রক্রিয়া
বিদেশি কর্মীদের জন্য আবারও বড় পরিসরে শ্রমবাজারের সুযোগ তৈরি করছে ইতালি। দেশটির ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির অধীনে বিভিন্ন দেশ থেকে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
নতুন এই নিয়োগ ব্যবস্থায় মৌসুমি কাজ, অমৌসুমি চাকরি ও স্বনিয়োজিত কর্মসংস্থান, এই তিন ধরনের সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকরা এসব পদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
কোন খাতে কত কর্মী নেওয়া হবে
ইতালির ঘোষিত কোটা অনুযায়ী, বিভিন্ন খাতের জন্য আলাদা সংখ্যক কর্মী নেওয়া হবে। অমৌসুমি চাকরিতে ৭৬ হাজার ২০০টি কোটা রাখা হয়েছে। পরিবারভিত্তিক পরিচর্যা ও কেয়ারগিভিং খাতে থাকছে আরও ১৪ হাজার কর্মীর সুযোগ।
এ ছাড়া কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজের জন্য বরাদ্দ রয়েছে ৮৯ হাজার কোটা। স্বনিয়োজিত কাজের জন্য রাখা হয়েছে ৬৫০টি কোটা।
বাংলাদেশি নাগরিকরাও এই কর্মী নিয়োগ কার্যক্রমের আওতাভুক্ত থাকবেন। পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনসহ আরও কয়েকটি দেশের নাগরিকরা আবেদন করার সুযোগ পাবেন।
কখন আবেদন করতে হবে
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাক-আবেদন বা আবেদন প্রস্তুতের সুযোগ ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত চলবে।
এরপর নির্দিষ্ট খাত অনুযায়ী চারটি ধাপে ‘ক্লিক ডে’ অনুষ্ঠিত হবে।
প্রথম ক্লিক ডে: ১২ জানুয়ারি ২০২৭
ইতালীয় সময় সকাল ৯টায় প্রথম ক্লিক ডে শুরু হবে। এই দিনে কৃষি খাতের মৌসুমি কাজের জন্য আবেদন গ্রহণ করা হবে।
দ্বিতীয় ক্লিক ডে: ৯ ফেব্রুয়ারি ২০২৭
এই ধাপে পর্যটন খাতের বিভিন্ন কাজের জন্য আবেদন জমা দেওয়া যাবে। হোটেল ও রেস্টুরেন্ট খাতও এর আওতায় থাকবে।
তৃতীয় ক্লিক ডে: ১৬ ফেব্রুয়ারি ২০২৭
অমৌসুমি বিভিন্ন চাকরির জন্য এই দিনে আবেদন গ্রহণ করা হবে।
চতুর্থ ক্লিক ডে: ১৮ ফেব্রুয়ারি ২০২৭
পরিবারের সহায়তা, পরিচর্যা ও কেয়ারগিভিং-সংক্রান্ত কাজের আবেদন নেওয়া হবে এই ধাপে।
তবে নির্ধারিত কোটা পূরণ না হলে সংশ্লিষ্ট আবেদন প্রক্রিয়া ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত চালু থাকতে পারে।
ইতালির কাজের ভিসা পাওয়ার প্রক্রিয়া
ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিদেশি কর্মী নিজের পক্ষ থেকে সরাসরি ভিসার আবেদন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেন না। প্রথমে ইতালিতে থাকা নিয়োগকর্তাকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
প্রথম ধাপ: নিয়োগকর্তার আবেদন
ইতালির নিয়োগকর্তা অথবা তার অনুমোদিত প্রতিনিধি বিদেশি কর্মী নিয়োগের অনুমতির জন্য ‘নুল্লা ওস্তা’র আবেদন করবেন। এটি মূলত বিদেশি নাগরিককে ইতালিতে কাজের অনুমতি দেওয়ার প্রাথমিক অনুমোদন।
দ্বিতীয় ধাপ: ভিসার আবেদন
নুল্লা ওস্তা অনুমোদিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মী নিজ দেশে থাকা ইতালীয় কনস্যুলেট বা নির্ধারিত ভিসা সেবা কেন্দ্রের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করবেন।
অর্থাৎ শুধু ক্লিক ডেতে আবেদন করা বা তালিকায় নাম থাকা মানেই ইতালির ভিসা নিশ্চিত হওয়া নয়। নিয়োগকর্তার অনুমোদন, প্রয়োজনীয় কাগজপত্র ও নুল্লা ওস্তাসহ পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে হবে।
দালালচক্র থেকে সতর্ক থাকার পরামর্শ
ইতালিতে কর্মী পাঠানোর সুযোগকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কাও থাকে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করার আগে তাদের বৈধতা যাচাই করা জরুরি।
কাজের অফার, নিয়োগ চুক্তি এবং নুল্লা ওস্তার তথ্য যাচাই না করে দালাল বা মধ্যস্বত্বভোগীকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শুধু ‘ক্লিক ডে’তে আবেদন করিয়ে দেওয়ার নামে কেউ ভিসার নিশ্চয়তা দিলে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে ইতালি।
প্রতি / এডি / শাআ



















