২০২৮ সালের মধ্যেই সব ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যেতে পারে এআই: ইলন মাস্ক

প্রকাশঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬ সময়ঃ ৯:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খুব অল্প সময়ের মধ্যেই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে বলে আবারও পূর্বাভাস দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তাঁর দাবি, আগামী বছরের শেষ নাগাদ এআই মানুষের চেয়ে এগিয়ে যেতে পারে; তা না হলে ২০২৮ সালের মধ্যে প্রায় সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে।

এআই গবেষক ফ্রাঁসোয়া শোলের একটি পুরোনো পূর্বাভাস নতুন করে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় মাস্ক এ মন্তব্য করেন।

২০২১ সালে এআই ও কম্পিউটার প্রযুক্তির ভবিষ্যৎ প্রভাব নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন শোলে। সেখানে তিনি বলেছিলেন, পরবর্তী ১০ থেকে ২০ বছরের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং প্রত্নতত্ত্বসহ বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখা কম্পিউটারবিজ্ঞানের সঙ্গে গভীরভাবে একীভূত হয়ে যেতে পারে।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে শোলে তৎকালীন একটি উদাহরণও দিয়েছিলেন। তাঁর মতে, ২০০০ সালে কেউ যদি বলতেন যে ভবিষ্যতে অধিকাংশ প্রতিষ্ঠানই কোনো না কোনোভাবে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে পরিণত হবে, তাহলে অনেকেই হয়তো সেটিকে অবাস্তব মনে করতেন। কিন্তু দুই দশকের মধ্যে ওয়ালমার্ট ও ফেডেক্সের মতো প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও সফটওয়্যারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রায় পাঁচ বছর পর সম্প্রতি নিজের সেই পুরোনো পোস্ট আবার প্রকাশ করেন শোলে। তিনি বলেন, ২০২১ সালে যে ধারণা নিয়ে ব্যাপক আপত্তি উঠেছিল, সময়ের সঙ্গে সেটিই এখন ক্রমেই বাস্তবতার কাছাকাছি বলে মনে হচ্ছে।

শোলের মূল ধারণা ছিল, এআই ধীরে ধীরে বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখার অপরিহার্য একটি উপাদানে পরিণত হবে। বাস্তবেও গবেষণাক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ছে। বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, জটিল সিমুলেশন, নতুন ধরনের সম্পর্ক বা বৈশিষ্ট্য শনাক্ত করার মতো কাজে প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে।

প্রোটিনের গঠন নির্ণয়, নতুন উপাদান নিয়ে গবেষণা এবং জলবায়ু মডেল তৈরির মতো ক্ষেত্রেও এআইয়ের ব্যবহার গবেষণার গতি বাড়াতে ভূমিকা রাখছে।

এআই কখন মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে, তা নিয়ে এর আগেও একাধিকবার সময়সীমা উল্লেখ করেছেন মাস্ক। ২০১৭ সালে প্রকাশিত একটি গবেষণায় ধারণা দেওয়া হয়েছিল, ২০৬০ সালের মধ্যে এআই সব ক্ষেত্রে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। তবে সে সময় মাস্ক বলেছিলেন, এই পরিবর্তন ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যেই ঘটতে পারে।

পরে এআইয়ের অগ্রগতির সঙ্গে নিজের পূর্বাভাসও আরও এগিয়ে আনেন তিনি। গত জানুয়ারিতে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে মাস্ক বলেছিলেন, ২০২৬ সালের শেষ নাগাদ, অথবা সর্বোচ্চ ২০২৭ সালের মধ্যে এআই যেকোনো একজন মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে।

তাঁর সেই বক্তব্য অনুযায়ী, এর পরের পাঁচ বছরের মধ্যেই এআই মানবজাতির সম্মিলিত বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। এবার শোলের পুরোনো পূর্বাভাসের প্রতিক্রিয়ায় মাস্ক ২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রে এআইয়ের মানুষের সক্ষমতা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানালেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G