ফুটবল বিশ্বকাপে যুক্ত হলো নতুন ৫ নিয়ম

প্রথম প্রকাশঃ এপ্রিল ৬, ২০২৬ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩১ অপরাহ্ণ

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈশ্বিক আসর। টুর্নামেন্টকে আরও দ্রুত ও শৃঙ্খলাবদ্ধ করতে বেশ কিছু নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, খেলার গতি বাড়ানো, সময়ক্ষেপণ কমানো এবং রেফারিদের কাজ সহজ করার লক্ষ্যেই এই পরিবর্তনগুলো আনা হচ্ছে।

নতুন নিয়মগুলো দেখে নিন এক নজরে:

১. নির্দিষ্ট সময়ের মধ্যে বদলি সম্পন্ন করতে হবে
খেলোয়াড় পরিবর্তনের সময় আর দেরি করার সুযোগ থাকছে না। মাঠ ছাড়ার জন্য সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় পাবেন খেলোয়াড়। নির্ধারিত সময়ের বেশি লাগলে নতুন খেলোয়াড়কে এক মিনিট অপেক্ষা করতে হবে, আর সেই সময় দল খেলবে একজন কম নিয়ে।

২. দ্রুত গোলকিক ও থ্রো-ইন নেওয়ার বাধ্যবাধকতা
সময় নষ্ট ঠেকাতে গোলকিক ও থ্রো-ইন নিতে হবে ৫ সেকেন্ডের মধ্যে। দেরি করলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে।

৩. মাঠের বাইরে চিকিৎসার নিয়ম
খেলার মাঝে কেউ চোট পেলে চিকিৎসা নিতে হলে তাকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে ফাউলের কারণে কার্ড দেখানো হলে এই নিয়ম প্রযোজ্য হবে না।

৪. রেফারির সঙ্গে কথা বলার অধিকার শুধুই অধিনায়কের
রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাতে পারবেন কেবল দলের অধিনায়ক। অন্য কেউ এগিয়ে এলে তাকে সতর্কবার্তা (হলুদ কার্ড) দেওয়া হবে।

৫. ভিএআরের ভূমিকা আরও বাড়ছে
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) ব্যবহার আরও বিস্তৃত করা হচ্ছে। দ্বিতীয় হলুদ কার্ড, লাল কার্ড কিংবা কর্নার সংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্তও এখন প্রযুক্তির মাধ্যমে যাচাই করা যাবে।

কেন এই পরিবর্তন?

ফিফার মতে, এসব নিয়ম চালু হলে খেলায় অযথা সময় নষ্ট, নাটকীয় আচরণ এবং বিতর্ক কমবে। একই সঙ্গে ম্যাচ হবে আরও গতিময় ও দর্শকবান্ধব।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G