বাংলাদেশ দলে খেলার ইচ্ছা প্রকাশ অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফের

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৬, ২০২৬ সময়ঃ ৯:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ ফুটবলে প্রবাসী ও বংশোদ্ভূত খেলোয়াড় অন্তর্ভুক্তির পরিকল্পনা নিয়ে নতুন অগ্রগতির কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সম্ভাব্য কয়েকজন বংশোদ্ভূত ফুটবলারের বর্তমান অবস্থা, পাসপোর্ট প্রক্রিয়া এবং অনূর্ধ্ব-২০ দলের পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

ফাহাদ করিম জানান, সিনিয়র জাতীয় দলের জন্য বিবেচনায় থাকা এক বংশোদ্ভূত ফুটবলারের বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হচ্ছে না। যদিও প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রপ্রবাসী ট্রেভর ইসলামকে ঘিরে আলোচনা ছিল। তিনি বলেন, ওই ফুটবলার শুরুতে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখালেও পরে ব্যক্তিগত কারণে পাসপোর্ট প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখতে বলেন।

ফাহাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট খেলোয়াড়ের জন্মনিবন্ধন ও পাসপোর্টের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে চূড়ান্ত জমার আগে তিনি কিছুটা সময় নিতে চান। পরে আবার যোগাযোগ করলে তিনি জানান, নতুন পাসপোর্ট ইস্যু হলে বর্তমান কাগজপত্র নিয়ে জটিলতা তৈরি হতে পারে, তাই বিষয়টি নিয়ে আরও সময় প্রয়োজন। বাফুফে জানিয়েছে, তিনি সিদ্ধান্ত নিলেই প্রক্রিয়া আবার শুরু করা হবে।

তিনি আরও বলেন, জুনে তাকে পাওয়া না গেলেও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ভবিষ্যতে আবারও আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

এদিকে বাফুফে ইতোমধ্যে অনূর্ধ্ব-২০ দলে দুই তরুণ বংশোদ্ভূত ফুটবলারকে যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাদের একজন অ্যাডাম আব্বাস। ইংল্যান্ডে জন্ম নেওয়া ১৯ বছর বয়সী এই রাইট উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক একাডেমিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। পরে তিনি বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে খেলেন এবং চলতি বছরের মার্চে যোগ দেন উইদেনশো ক্লাবে।

ফাহাদ করিম জানান, অ্যাডাম আব্বাসের পারফরম্যান্স, ভিডিও ফুটেজ ও টেকনিক্যাল বিশ্লেষণ ইতিবাচক এসেছে। বাফুফের টেকনিক্যাল টিম তাকে নিয়ে সন্তুষ্ট। তার পাসপোর্ট প্রক্রিয়াও শুরু হয়েছে এবং জুনের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আশা করা হচ্ছে। আগস্টের শেষ দিকে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের প্রস্তুতি ক্যাম্পে তাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে জিদান ইউসুফও রয়েছেন বাফুফের পরিকল্পনায়। লন্ডনে জন্ম নেওয়া ১৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক হ্যানওর্থ অনূর্ধ্ব-১৮ দল থেকে উঠে বর্তমানে ওয়াল্টন অ্যান্ড হারশাম এফসির সঙ্গে যুক্ত। তিনি ইতোমধ্যে ক্লাবটির মূল দলের সঙ্গেও খেলছেন।

ফাহাদ করিম জানান, অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার সামির কাশেম জিদানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তার পারফরম্যান্স মূল্যায়নেও ইতিবাচক রিপোর্ট পাওয়া গেছে। জিদান পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া শেষ করেছেন এবং তাকে শিগগিরই ক্যাম্পে ডাকার পরিকল্পনা রয়েছে।

বাফুফে আশা করছে, অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ অনূর্ধ্ব-২০ দলে যোগ দিলে দল আরও প্রতিযোগিতামূলক হবে। ফাহাদ করিম বলেন, শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ অনূর্ধ্ব-২০ দল গড়াই এখন প্রধান লক্ষ্য। এই দুই তরুণকে যুক্ত করা গেলে ভবিষ্যতের জন্যও দল লাভবান হবে।

তিনি আরও জানান, দুই ফুটবলারের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ভবিষ্যতে পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলের মূল স্কোয়াডেও সুযোগ তৈরি হতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G