ফেডারেশন কাপের ফাইনালে ঢাকা মোহামেডানকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে বসুন্ধরা কিংস। বুধবার সন্ধ্যায় নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলের জয় তুলে নেয় দলটি।
ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও দুবার পিছিয়ে পড়তে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে প্রতিবারই দারুণভাবে ম্যাচে ফিরে আসে কিংস। শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের কাছেই ধরে রাখে তারা।
ফাইনালের সবচেয়ে বড় নায়ক ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ। দলের শিরোপা জয়ের ম্যাচে তিনি একাই করেন তিন গোল। তার হ্যাটট্রিকেই গুরুত্বপূর্ণ এই জয় পায় বসুন্ধরা কিংস।
এই সাফল্যের মাধ্যমে স্বাধীনতার পর দেশের ঘরোয়া ফুটবলে দ্বিতীয়বারের মতো এক মৌসুমে তিনটি শিরোপা জয়ের নজির গড়ল কিংস। এর আগে ২০২৩-২৪ মৌসুমেও স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও লিগ শিরোপা জিতে ট্রেবল অর্জন করেছিল দলটি।
প্রতি / এডি / শাআ