দেশের প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণে ৭০০ মেগাহার্টজ তরঙ্গ নিচ্ছে টেলিটক
দেশের গ্রামাঞ্চল ও দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্কের বিস্তৃতি বাড়ানোর পাশাপাশি শহরের বহুতল ভবন ও অন্দরমহলে সংযোগের মান উন্নত করতে নতুন উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। এ লক্ষ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এ উদ্যোগকে কেন্দ্র করে সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের দপ্তরে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
টেলিযোগাযোগ খাতে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তুলনামূলক কম কম্পাঙ্কের হওয়ায় এই তরঙ্গ দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। একই সঙ্গে প্রচলিত উচ্চতর কম্পাঙ্কের তরঙ্গের তুলনায় ভবনের ভেতরে সংকেত পৌঁছানোর ক্ষেত্রেও এটি সুবিধা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই ব্যান্ড কার্যকরভাবে ব্যবহার করা গেলে প্রত্যন্ত ও কম জনবসতিপূর্ণ এলাকায় নেটওয়ার্ক স্থাপনের সুযোগ বাড়বে। পাশাপাশি শহরের ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভবনের অভ্যন্তরে মোবাইল ফোনের দুর্বল সংকেতজনিত সমস্যাও কমানোর সম্ভাবনা রয়েছে।
টেলিটকের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলে নির্ভরযোগ্য মোবাইল সংযোগ নিশ্চিত করা এবং ডিজিটাল সেবার বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় বর্তমানে নেটওয়ার্ক কাভারেজ সীমিত, সেসব অঞ্চলের গ্রাহকেরা এর মাধ্যমে উপকৃত হতে পারেন।
তবে স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন এই ব্যান্ডে কবে থেকে বাণিজ্যিকভাবে নেটওয়ার্ক সেবা দেওয়া হবে, সে বিষয়ে অনুষ্ঠানের তথ্যের সঙ্গে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
প্রতি / এডি / শাআ























