হঠাৎ অরুণাচল সীমান্তে আকাশপথে বিপুলসংখ্যক সেনা পাঠাচ্ছে ভারত
ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিয়াং উপত্যকায় ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ তীব্র হওয়ায় সেখানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হচ্ছে।
এনডিটিভির মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমানে করে নবি মুম্বাই থেকে অরুণাচল প্রদেশের পাসিঘাট বিমানবন্দরে বিপুলসংখ্যক ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওই অঞ্চলে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিয়াং এবং আপার সিয়াং এলাকায় ইতোমধ্যে র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ) কয়েকটি দল দায়িত্ব পালন করছে। পাশাপাশি আসামের ডিব্রুগড়, শিবসাগর, জোরহাট, নাগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারী সদস্যসহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) মোট ৩৪টি কোম্পানি সিয়াং এলাকায় মোতায়েন রয়েছে। বিক্ষোভের কারণে যাতে পরিস্থিতির আরও অবনতি না ঘটে, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত ২৩ অক্টোবর পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত বাঁধের বিরোধিতায় আয়োজিত বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এ সময় জাতীয় জলবিদ্যুৎ নিগমের (এনএইচপিসি) স্থানীয় কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন বিধায়কের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
এরপর পরিস্থিতি সামাল দিতে পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় বিধিনিষেধ আরোপ করে প্রশাসন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার আওতায় এসব বিধিনিষেধ কার্যকর রাখা হয়েছে।
এসব সহিংস ঘটনার পর অরুণাচল প্রদেশ পুলিশ একাধিক মামলা করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও আটজনকে আটক রাখা হয়েছে।
আপার সুবানসিরিতেও উত্তেজনা
সিয়াং উপত্যকার পরিস্থিতির মধ্যে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলাতেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে প্রতিবাদ চলছে। পাশাপাশি তাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতিকে আটকের চেষ্টার প্রতিবাদেও কর্মসূচি দেওয়া হয়।
এ দাবিতে ডাকা ১২ ঘণ্টার বন্ধ চলাকালে জেলা সদর দাপোরিজোতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সড়কে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র বাক্বিতণ্ডাও হয়।
দুটি জলবিদ্যুৎ প্রকল্পকে ঘিরে ধারাবাহিক প্রতিবাদ ও সহিংসতার ঘটনায় অরুণাচল প্রদেশের একাধিক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি
প্রতি / এডি / শাআ























