উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ২৬ দিন। ফুটবল মহারণ শুরুর অপেক্ষায় যখন গোটা বিশ্ব, তখন বিশ্বকাপ ইতিহাসের কিছু ব্যতিক্রমী পরিসংখ্যানও আলোচনায় আসছে। এর মধ্যে অন্যতম হলো অপরাজিত থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলোর গল্প।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ৩৮টি দল কোনো ম্যাচ না হেরে আসর শেষ করার কৃতিত্ব দেখিয়েছে। আর শিরোপাজয়ী দলগুলোর বড় একটি অংশই ট্রফি জিতেছে অপরাজিত থেকে। মোট ২২টি চ্যাম্পিয়ন দলের মধ্যে ১৭টিই পুরো টুর্নামেন্টে হার এড়িয়ে শিরোপা ঘরে তোলে।
তবে কয়েকটি দল বিশ্বকাপ জিতলেও টুর্নামেন্টে হার এড়াতে পারেনি। ১৯৫৪ সালে পশ্চিম জার্মানি হাঙ্গেরির বিপক্ষে বড় ব্যবধানে হারার পরও শেষ পর্যন্ত শিরোপা জেতে। একইভাবে ১৯৭৪ সালে পূর্ব জার্মানির কাছে হারলেও চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। ১৯৭৮ সালে ইতালির কাছে হেরে যাওয়া আর্জেন্টিনাও পরে ট্রফি জিতে নেয়।
আধুনিক ফুটবলেও এমন উদাহরণ রয়েছে। ২০১০ সালে স্পেন গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের কাছে হারলেও শেষ পর্যন্ত প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। আর ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরে শুরু করেও চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
বিশ্বকাপ ইতিহাসে এমন চারটি দলও রয়েছে যারা কোনো ম্যাচ না হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এই তালিকায় আছে স্কটল্যান্ড, ক্যামেরুন, বেলজিয়াম ও নিউজিল্যান্ড। বিশেষ করে ১৯৭৪ সালের স্কটল্যান্ড একটি ম্যাচ জিতেও পরের রাউন্ডে যেতে পারেনি।
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে সবচেয়ে বেশি অপরাজিত দলের দেখা মিলেছিল। সে আসরে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ড কোনো ম্যাচ না হেরে টুর্নামেন্ট শেষ করে।
সেই বিশ্বকাপেই সুইজারল্যান্ড গড়ে এক অনন্য রেকর্ড। দলটি পুরো আসরে কোনো গোল না খেয়েই বিদায় নেয়। শেষ ষোলোতে ইউক্রেনের বিপক্ষে টাইব্রেকারে হেরে গেলেও নির্ধারিত সময় পর্যন্ত তাদের জালে বল জড়াতে পারেনি কোনো দল।
প্রতি / এডি / শাআ