বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, মানতে হবে যেসব নিয়ম
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। কোনো মামলায় গ্রেপ্তার হলে একজন ব্যক্তির যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি তাঁকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) নিজেদের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ বিষয়ে সতর্ক করা হয়। এতে ভিসাধারীদের আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
দূতাবাসের পোস্টে বলা হয়, কেউ গ্রেপ্তার হলে তাঁর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার অযোগ্যও বিবেচিত হতে পারেন।
এর আগে, চলতি মাসে অপরাধে জড়িত থাকার কারণে ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হওয়ার ঝুঁকি নিয়ে আরেকটি সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস।
গত ১০ অক্টোবর দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই বার্তায় শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের মতো অপরাধের বিষয়ে সতর্ক করা হয়। দূতাবাস জানায়, এসব অপরাধের কারণে ভিসা বাতিল হতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। দেশটিতে ভ্রমণ করতে যাওয়া সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকে মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে দেশটির কর্তৃপক্ষ।
মার্কিন দূতাবাসের এসব বার্তায় ভিসাধারীদের জন্য আইন মেনে চলার গুরুত্ব আবারও সামনে এসেছে। তবে ভিসা বাতিল, বহিষ্কার বা ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা নির্দিষ্ট ঘটনার পরিস্থিতি ও প্রযোজ্য আইনের ওপর নির্ভর করতে পারে।
প্রতি / এডি / শাআ




















