ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট, নতুন সুযোগের অপেক্ষায় দেশের উদ্যোক্তারা
বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল বিপণন খাতের উদ্যোক্তাদের জন্য নতুন একটি সুবিধা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। মেটার বিজ্ঞাপন ব্যবস্থায় অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে বিকাশ যুক্ত করার প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে এগোচ্ছে বলে জানা গেছে।
নতুন এই সুবিধা সবার জন্য চালু হলে ফেসবুকে বিজ্ঞাপন দিতে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর নির্ভরতা কিছুটা কমতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের জন্য বিজ্ঞাপনের অর্থ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন ব্যবহারকারীর প্রকাশ করা স্ক্রিনশট থেকে দেখা গেছে, ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনা অংশে অর্থ পরিশোধের মাধ্যম যোগ করার সময় ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও দেখা যাচ্ছে। কয়েকজন ব্যবহারকারী এরই মধ্যে এই পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
এতদিন বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন চালাতে অনেক উদ্যোক্তাকেই আন্তর্জাতিক লেনদেন সুবিধাযুক্ত কার্ড ব্যবহার করতে হতো। কার্ড পাওয়া, বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধা এবং ব্যাংকিংসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ার কারণে নতুন ও ছোট ব্যবসায়ীদের অনেক সময় অতিরিক্ত ঝামেলায় পড়তে হয়েছে। কিছু ক্ষেত্রে এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত খরচও উদ্যোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।
বিকাশের মাধ্যমে সরাসরি বিজ্ঞাপনের অর্থ পরিশোধের সুযোগ চালু হলে এই জটিলতার একটি অংশ কমতে পারে। এতে স্থানীয় উদ্যোক্তারা তুলনামূলক সহজভাবে নিজেদের পণ্য বা সেবার প্রচারে ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তবে এ বিষয়ে এখনো মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। বর্তমানে সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে থাকায় এটি কবে নাগাদ বাংলাদেশের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, তা নিশ্চিত নয়। পরীক্ষার ফলাফল ও মেটার পরবর্তী সিদ্ধান্তের ওপরই এর ব্যাপকভাবে চালুর বিষয়টি নির্ভর করবে।
প্রতি / এডি / শাআ



















