অভিনয় করে গাড়ি-বাড়ি করেছি, সেই সময় এখন আর নেই: আ খ ম হাসান

প্রকাশঃ আগস্ট ১৯, ২০২৬ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ অপরাহ্ণ

দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আ খ ম হাসান। দীর্ঘ এই পথচলায় নাটক ও অন্যান্য মাধ্যমে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। অভিনয় থেকেই যেমন পেয়েছেন পরিচিতি, তেমনি এই পেশার আয় দিয়ে গড়েছেন নিজের আর্থিক ভিত্তিও। তবে সময়ের সঙ্গে অভিনয় পেশার ধরন ও বাস্তবতা অনেকটাই বদলে গেছে বলে মনে করেন এই অভিনেতা।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দীর্ঘ অভিনয়জীবন এবং বর্তমান সময়ের অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে কথা বলেন আ খ ম হাসান।

তার ভাষ্য, বর্তমানে এক ঘণ্টার নাটকে কোনো কোনো শিল্পী এক থেকে দুই দিনের কাজের জন্য প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক পান। তবে একজন শিল্পীর নাটক কতটা দর্শকপ্রিয় হচ্ছে বা কত ভিউ পাচ্ছে, তার ওপরও পারিশ্রমিকের পরিমাণ অনেকাংশে নির্ভর করে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা বলেন, অভিনয় করেই তিনি গাড়ি-বাড়ি করতে পেরেছেন। তার সমসাময়িক অনেক শিল্পীও এই পেশার মাধ্যমে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের অনেকে সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর পাশাপাশি নিজেদের জীবনও গুছিয়ে নিয়েছেন।

আ খ ম হাসান জানান, অভিনয় পেশাকে ঘিরে একসময় সমাজে ভিন্ন ধরনের ধারণা ছিল। বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠদের অনেকেই অভিনয়কে সম্মানের পেশা হিসেবে দেখতেন না। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, আগে নানা-নানিরা অভিনয় বা যাত্রার সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতেন। এখন সেই পরিস্থিতি আর নেই।

তার মতে, বর্তমানে অভিনয়ের ক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। টেলিভিশন নাটকের পাশাপাশি ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজসহ নানা মাধ্যমে কাজের সুযোগ তৈরি হয়েছে। ফলে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সুযোগও আগের তুলনায় বেড়েছে।

ক্যারিয়ারের ২৩ বছর পেরিয়ে গেলেও এখনো কাজের ব্যস্ততা কমেনি বলে জানান আ খ ম হাসান। বরং সময়ের সঙ্গে তার কাজের পরিধি আরও বাড়ছে বলে মনে করেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার অভিনীত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এতে সন্তানকে বাঁচাতে নিজের কিডনি হারানো এক বাবার চরিত্রে দেখা গেছে তাকে। চরিত্রটি নিয়ে আশাবাদী আ খ ম হাসান। তার মতে, ‘লাইফলাইন’ হয়তো তার অভিনয়জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

নতুন প্রজন্মের দর্শকদের উদ্দেশেও সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে সন্তানদের জন্য বাবা-মায়ের ত্যাগ ও ভালোবাসার বিষয়টি উপলব্ধি করতে তরুণ প্রজন্মের এই ওয়েব ফিল্মটি দেখা উচিত বলে মনে করেন অভিনেতা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G