বাংলাদেশের ইলিশের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় দিল্লি

প্রকাশঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬ সময়ঃ ৮:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৩ অপরাহ্ণ

Hilsha fishবাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির ওপর দীর্ঘদিন ধরে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে কলকাতার মাছ আমদানিকারকদের সংগঠন ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। এ বিষয়ে বাংলাদেশের নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি।

সম্প্রতি পাঠানো ওই চিঠিতে ভারতীয় ব্যবসায়ীরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছিলেন তারা। দীর্ঘদিন ধরে এই বাণিজ্য চালু থাকলেও ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সংগঠনটির দাবি, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ২০১২ সালের পর বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হয়েছে। তবে এখনো স্থায়ীভাবে ইলিশ রপ্তানির অনুমতি মেলেনি।

চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় সীমিত সময়ের জন্য বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানোর সুযোগ দেওয়া হচ্ছে। তবে এই সীমিত রপ্তানি তাদের চাহিদা ও ব্যবসার জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন ভারতীয় আমদানিকারকেরা।

ভারতীয় ব্যবসায়ীরা তাদের আবেদনে দুই বাংলার মানুষের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের বিষয়টিও তুলে ধরেছেন। তাদের ভাষ্য, বাংলা ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

চিঠিতে বলা হয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরার মানুষের কাছেও বাংলাদেশের পদ্মার ইলিশের বিশেষ চাহিদা রয়েছে। এ কারণে বাংলাদেশ থেকে নিয়মিতভাবে ইলিশ আমদানির সুযোগ তৈরি হলে ভারতের এসব অঞ্চলের ভোক্তারা উপকৃত হবেন।

বাংলাদেশ সরকারের কাছে দেওয়া আবেদনে সংগঠনটি বলেছে, ইলিশ রপ্তানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি জনগণের পারস্পরিক যোগাযোগও আরও জোরদার হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ এতে সরাসরি সুবিধা পাবেন বলে দাবি করেছেন তারা।

চিঠির বিষয়ে জানতে চাইলে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মকসুদ বাংলানিউজকে বলেন, কলকাতার মানুষের কাছে বাংলাদেশের ইলিশের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু বাংলাদেশে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকায় নিয়মিত আমদানি করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, এ কারণেই বাংলাদেশ সরকারের কাছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। তাদের আশা, বাংলাদেশের সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং ভবিষ্যতে বাংলাদেশি ইলিশ ভারতে নিয়মিত রপ্তানির সুযোগ তৈরি হবে।

প্রতি / এডি / শাআ 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G