সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে টানা ৭ দিনের ছুটির সুযোগ
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরি হচ্ছে টানা সাত দিনের ছুটির সুযোগ। সরকারি ছুটি, ঐচ্ছিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি একসঙ্গে কাজে লাগাতে পারলে নির্দিষ্ট শ্রেণির সরকারি চাকরিজীবীরা এই দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এ সুবিধার আওতায় থাকবেন না।
সরকারের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমীর দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ সরকারি ছুটি। অর্থাৎ দুর্গাপূজার মূল পর্বে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য নির্ধারিত ছুটি থাকছে দুই দিন।
তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী, তারা ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমীর জন্য ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
এই দুই দিনের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবারের সাধারণ বা নৈমিত্তিক ছুটি যুক্ত করলে এরপরের শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিও পাওয়া যাবে। এভাবে একটানা সাত দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে। আর অতিরিক্ত ছুটি না নিলে তারা অন্তত পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
অন্য ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবী ও সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত দুই দিনের সরকারি ছুটিই প্রযোজ্য হবে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করবে।
দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী কিছু শাখা চালু রাখার পাশাপাশি অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা সচল রাখার ব্যবস্থা থাকবে।
এদিকে সরকারি ছুটি থাকলেও জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। পুলিশ, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিতদের ছুটির সময়ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। একইভাবে প্রয়োজন অনুযায়ী গণমাধ্যমকর্মীদেরও কর্মরত থাকতে হবে।
প্রতি / এডি / শাআ























