শনির উপগ্রহে মিলতে পারে প্রাণের অস্তিত্ব, যা বলছে গবেষণা

প্রকাশঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ অপরাহ্ণ

পৃথিবীর বাইরে কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে বহু বছর ধরে গবেষণা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। এবার শনি গ্রহের বরফে ঢাকা উপগ্রহ এনসেলাডাস নিয়ে নতুন এক গবেষণায় মিলেছে আশাব্যঞ্জক তথ্য। জার্মানির ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিনের একদল গবেষক বলছেন, উপগ্রহটির বরফের নিচে থাকা বিশাল মহাসাগরে অতি ক্ষুদ্র জীবাণু বেঁচে থাকার মতো পরিবেশ থাকতে পারে।

গবেষণার ফলাফলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এনসেলাডাসের পৃষ্ঠের নিচে থাকা সমুদ্রকে সৌরজগতের বাইরে প্রাণের অনুসন্ধানের সম্ভাবনাময় স্থানগুলোর একটি হিসেবে বিবেচনা করেন বিজ্ঞানীরা। নতুন এই গবেষণা ভবিষ্যতে সেখানে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের পথ আরও এগিয়ে নিতে পারে।

গবেষণার অংশ হিসেবে বিজ্ঞানীরা পরীক্ষাগারে এনসেলাডাসের ভূগর্ভস্থ মহাসাগরের পরিবেশের অনুকরণ করেন। বিশেষ করে সমুদ্রের তলদেশে থাকা হাইড্রোথার্মাল ভেন্টের মতো পরিস্থিতি তৈরি করে সেখানে নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়ার ওপর পরীক্ষা চালানো হয়।

পরীক্ষায় দেখা যায়, এসব ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়াও টিকে থাকতে পারে। তারা হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে বিপাকীয় কার্যক্রম চালাতে সক্ষম হয়েছে। গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, এমন কঠিন পরিবেশেও জীবাণুগুলো প্রত্যাশার তুলনায় ভালোভাবে বেঁচে থাকতে পেরেছে।

ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিনের বিজ্ঞানী নোজাইর খাওয়াজার মতে, গবেষণার ফলাফল বেশ বিস্ময়কর। এনসেলাডাসের আকার প্রায় ৫০০ কিলোমিটার এবং এর পৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ২০১ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যেতে পারে। এত ঠান্ডা পরিবেশের মধ্যেও উপগ্রহটির বরফের নিচে তরল পানির বিশাল সমুদ্র থাকার সম্ভাবনা রয়েছে।

এর পেছনে রয়েছে এনসেলাডাসের পাথুরে কেন্দ্রের ভূতাপীয় কার্যক্রম। এই অভ্যন্তরীণ তাপের কারণে বরফের নিচে পানি তরল অবস্থায় থাকতে পারে বলে ধারণা করা হয়।

এনসেলাডাসের দক্ষিণ মেরুতে থাকা ফাটলগুলোও বিজ্ঞানীদের আগ্রহের অন্যতম কারণ। এসব ফাটল দিয়ে উপগ্রহটির অভ্যন্তরের পানি ও বরফের কণা মহাশূন্যে ছিটকে বেরিয়ে আসে। নাসার ক্যাসিনি মহাকাশযান অতীতে এই নির্গত কণার মধ্য দিয়ে উড়ে গিয়ে বিভিন্ন রাসায়নিক উপাদানের তথ্য সংগ্রহ করেছিল।

বিজ্ঞানী ফ্রাংক পোস্টবার্গের মতে, পৃথিবীর প্রাচীন সময়েও বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি ছিল না। ফলে অক্সিজেন ছাড়াই টিকে থাকতে সক্ষম জীবাণুর অস্তিত্ব পৃথিবীতে যেমন সম্ভব হয়েছিল, এনসেলাডাসের পরিবেশেও একই ধরনের জীবনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

তবে গবেষকরা এখনো এনসেলাডাসে প্রাণের অস্তিত্ব নিশ্চিত হওয়ার দাবি করছেন না। নতুন গবেষণাটি মূলত দেখিয়েছে, উপগ্রহটির ভূগর্ভস্থ পরিবেশে কিছু ধরনের অণুজীবের বেঁচে থাকার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ সেখানে প্রাণ থাকার প্রমাণ পাওয়া যায়নি, তবে প্রাণের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় পরিবেশ থাকার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

এই কারণে সৌরজগতের অন্যতম রহস্যময় উপগ্রহ এনসেলাডাস ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানে বিজ্ঞানীদের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G