রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় জড়িত মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রকাশঃ অক্টোবর ১, ২০২৬ সময়ঃ ৮:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ অপরাহ্ণ

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন, অর্থাৎ সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে তার পদত্যাগ কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্পিকারও।

পদত্যাগপত্রে যা বলেন মিষ্টি

স্পিকারের কাছে দেওয়া পদত্যাগপত্রে মিষ্টি জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নিজের সিদ্ধান্তে এবং স্বেচ্ছায় সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করে পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর তার সংসদ সদস্য পদও কার্যকরভাবে শেষ হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগের সঙ্গে সঙ্গেই আসনটি শূন্য হয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় তদন্ত

মিষ্টির পদত্যাগের আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে তার নাম আলোচনায় আসে। গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার পর স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ভারী যন্ত্র ব্যবহার করে ভবনের একটি অংশ গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে ৩০ সেপ্টেম্বর জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছিলেন, তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

পদত্যাগের নির্দেশের কথা জানায় দলীয় সূত্র

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই মিষ্টিকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন।

এর পরদিনই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। একই দিনে সংসদ সচিবালয় তার সংরক্ষিত নারী আসনটি শূন্য ঘোষণা করে।

এখন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ পূরণের জন্য পরবর্তী সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করা হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G