৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন শুরু ১৩ অক্টোবর
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী ১৩ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানিয়েছেন, কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এ দফায় মোট কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের সময় ও পদ্ধতি
নিয়োগে অংশ নিতে আগ্রহীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। আবেদন করার শেষ সময় ৩০ অক্টোবর বিকেল ৫টা।
আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার পর প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। ওই আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন সম্পন্ন হবে না।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।
প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনার নির্দিষ্ট তারিখসহ অন্যান্য শর্ত জানতে নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরণ করতে হবে।
পুরুষ ও নারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা
নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ প্রার্থীদের জন্য আলাদা উচ্চতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
পুরুষ প্রার্থীদের সাধারণ ও অন্যান্য কোটায় ন্যূনতম উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, নারী প্রার্থীদের সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বিশেষ কোটার নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ২ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
আবেদন করার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের মেধা ও যোগ্যতার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে ভুল, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা প্রয়োজনীয় কোনো তথ্য গোপন করা হলে প্রার্থিতা বাতিল হতে পারে।
চাকরিতে যোগদানের পরও জমা দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তাই আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়স, শারীরিক মানদণ্ড এবং প্রয়োজনীয় অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পাশাপাশি ইউজার আইডি পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দেওয়ার বিষয়েও সতর্ক থাকতে হবে।
প্রতি / এডি / শাআ























