সন্তানের সুন্দর চরিত্র গঠনে মহানবী (সা.)-এর অনুসরণীয় ৭টি শিক্ষা
সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা মা-বাবার জীবনের অন্যতম বড় দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অভিভাবককেই নানা সমস্যার মুখোমুখি হতে হয়। সন্তান কথা শুনতে চায় না, পড়াশোনায় মনোযোগ হারায়, সামান্যতেই রেগে যায় কিংবা নিজের মতো থাকতে পছন্দ করে। এসব পরিস্থিতিতে কেউ কঠোর শাসনের পথ বেছে নেন, আবার কেউ অতিরিক্ত স্বাধীনতা দিয়ে ফেলেন। কিন্তু কোনোটিই সব সময় কাঙ্ক্ষিত ফল বয়ে আনে না।
সন্তানের চরিত্র গঠনে শুধু উপদেশ বা শাসন যথেষ্ট নয়। বরং মা-বাবার দৈনন্দিন আচরণ, কথা বলার ধরন এবং জীবনযাপনের প্রভাব শিশুর মনে গভীরভাবে পড়ে। তারা বড়দের কথা শোনার পাশাপাশি তাঁদের কাজও অনুসরণ করে। তাই সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অভিভাবকদের নিজেদের আচরণেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা যা করো না, তা কেন বলো? তোমরা যা করো না, তা বলা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়।’ (সুরা সফ, আয়াত: ২-৩)
অর্থাৎ, অন্যকে ভালো কাজের শিক্ষা দেওয়ার আগে নিজের জীবনেও তার প্রতিফলন ঘটানো জরুরি।
সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে তাকে নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। তাঁর অনুসরণীয় আচরণ ও শিক্ষার আলোকে সন্তান প্রতিপালনের সাতটি কার্যকর দিক তুলে ধরা হলো।
১. বাস্তব জীবনের মাধ্যমে ভালো অভ্যাস শেখানো
শিশুকে শুধু বই পড়ে ভালো-মন্দের পার্থক্য শেখালেই হবে না, দৈনন্দিন জীবনেও সেসব গুণের চর্চা করাতে হবে। সময়ের মূল্য বোঝানো, খাবারের অপচয় না করা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মতো বিষয়গুলো ছোটবেলা থেকেই শেখানো প্রয়োজন।
শিশুর মধ্যে ইবাদতের অভ্যাস গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। তাকে ধীরে ধীরে মসজিদ, নামাজ ও ধর্মীয় পরিবেশের সঙ্গে পরিচিত করে তুলতে পারেন।
রাসুলুল্লাহ (সা.) সন্তানদের ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হয়, তখন তাদের নামাজ আদায়ের নির্দেশ দাও।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫)
এই শিক্ষা থেকে বোঝা যায়, ভালো অভ্যাস তৈরির জন্য উপযুক্ত বয়স থেকেই সন্তানকে নিয়মিত অনুশীলনের সুযোগ দেওয়া উচিত।
২. সন্তানের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা
শিশুরা অনেক সময় ভয়, সংকোচ কিংবা ব্যর্থতার আশঙ্কায় নিজেদের সামর্থ্য প্রকাশ করতে পারে না। এ অবস্থায় মা-বাবার উচিত তাদের সাহস দেওয়া এবং ছোট ছোট সাফল্যের জন্য উৎসাহিত করা।
কোনো কাজে ভুল করলে তাকে অপমান না করে নতুন করে চেষ্টা করার সুযোগ দিতে হবে। তার মতামত মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও দিতে হবে। এতে নিজের প্রতি বিশ্বাস তৈরি হবে।
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সহজ করো, কঠিন করো না; সুসংবাদ দাও, বিতৃষ্ণা সৃষ্টি করে দূরে ঠেলে দিয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৯১)
তাই সন্তানের সঙ্গে এমন আচরণ করা উচিত, যাতে সে ভুল করার ভয়ে নয়, বরং ভালো কিছু শেখার আগ্রহ নিয়ে সামনে এগিয়ে যায়।
৩. অপমান না করে ভুল সংশোধন করা
সন্তান ভুল করলে সবার সামনে তাকে বকাঝকা কিংবা অপমান করা ঠিক নয়। এতে তার মনে কষ্ট তৈরি হতে পারে এবং মা-বাবার সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে।
এর পরিবর্তে নিরিবিলি পরিবেশে তার সঙ্গে কথা বলুন। কেন কাজটি ঠিক হয়নি, সেটি সহজ ভাষায় বুঝিয়ে দিন। প্রয়োজনে গল্প কিংবা বাস্তব কোনো ঘটনার উদাহরণ ব্যবহার করতে পারেন।
রাসুলুল্লাহ (সা.) মানুষের ভুল সংশোধনের ক্ষেত্রেও সুন্দর পদ্ধতি অনুসরণ করতেন। আয়েশা (রা.) বর্ণনা করেন, নবীজির কাছে কারও কোনো অপছন্দনীয় কাজের সংবাদ পৌঁছালে তিনি সাধারণত সরাসরি ওই ব্যক্তির নাম উল্লেখ করতেন না। বরং বলতেন, ‘লোকদের কী হলো যে তারা এমন এমন কাজ করে বা কথা বলে?’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭৮৮)
এ থেকে শিক্ষা পাওয়া যায়, কাউকে বিব্রত না করে সুন্দরভাবে তার ভুল বুঝিয়ে দেওয়াই উত্তম পদ্ধতি।
৪. নিজের ভুল স্বীকার করার মানসিকতা তৈরি করা
সন্তানকে বিনয়ী ও সত্যবাদী হিসেবে গড়ে তুলতে হলে মা-বাবাকেও নিজেদের আচরণে সেই গুণের পরিচয় দিতে হবে। কোনো সিদ্ধান্ত ভুল হলে কিংবা সন্তানের সঙ্গে অন্যায় আচরণ করে ফেললে তা স্বীকার করতে দ্বিধা করা উচিত নয়।
অনেক অভিভাবক মনে করেন, সন্তানের কাছে ভুল স্বীকার করলে তাঁদের সম্মান কমে যাবে। বাস্তবে বিষয়টি উল্টো। মা-বাবা নিজের ভুল মেনে নিলে সন্তানও বুঝতে শেখে যে ভুল করা অস্বাভাবিক নয়, তবে ভুল বুঝতে পারলে তা সংশোধন করা জরুরি।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮৮)
তিনি আরও বলেছেন, ‘নম্রতা যে বিষয়েই থাকে, তা তাকে সুন্দর করে তোলে। আর যে বিষয় থেকে নম্রতা সরিয়ে নেওয়া হয়, তা ত্রুটিপূর্ণ হয়ে পড়ে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৯৪)
তাই সন্তানের সামনে বিনয়, ক্ষমা চাওয়া এবং সত্যকে মেনে নেওয়ার দৃষ্টান্ত তৈরি করুন।
৫. প্রতিশ্রুতি রক্ষা ও সন্তানদের সঙ্গে ন্যায়বিচার করা
সন্তানের কাছে মা-বাবার কথার মূল্য অনেক বেশি। তাই তাকে কোনো প্রতিশ্রুতি দিলে তা যথাসম্ভব রক্ষা করতে হবে। কোনো কিছু দেওয়ার কথা বলে পরে তা না দেওয়া কিংবা অকারণে মিথ্যা আশ্বাস দেওয়া থেকে বিরত থাকা জরুরি।
আবদুল্লাহ ইবনে আমির (রা.) বর্ণনা করেন, একদিন তাঁর মা তাঁকে ডেকে কিছু দেওয়ার কথা বলেছিলেন। বিষয়টি দেখে রাসুলুল্লাহ (সা.) জানতে চাইলেন, তিনি সন্তানকে কী দিতে চেয়েছেন। তাঁর মা জানালেন, খেজুর দেবেন। তখন নবীজি সতর্ক করে বলেন, সন্তানকে কিছু না দিলে তা মিথ্যা প্রতিশ্রুতি হিসেবে গণ্য হতো। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৯১)
এ ছাড়া সন্তানদের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা উচিত নয়। একজনকে বেশি গুরুত্ব দিয়ে অন্যজনকে অবহেলা করলে তাদের মনে ক্ষোভ ও হীনম্মন্যতা তৈরি হতে পারে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করো।’ (সহিহ বুখারি, হাদিস: ২৫৮৭)
৬. ছোটবেলা থেকেই মূল্যবোধ ও জীবনবোধ শেখানো
সন্তানকে শুধু পড়াশোনা কিংবা পার্থিব সাফল্যের জন্য প্রস্তুত করলেই দায়িত্ব শেষ হয় না। তাকে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা, আল্লাহর ওপর ভরসা এবং নৈতিকতার সঙ্গে চলার শিক্ষাও দিতে হবে।
এ ক্ষেত্রে মহানবী (সা.)-এর একটি বিশেষ উপদেশ অনুসরণীয়। তিনি কিশোর আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে একদিন কিছু গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন।
তিনি বলেছিলেন, ‘হে বালক! আমি তোমাকে কয়েকটি কথা শেখাচ্ছি। তুমি আল্লাহর বিধান সংরক্ষণ করবে, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহর হকের প্রতি যত্নবান হবে, তাঁকে তোমার সামনে পাবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৫১৬)
এই হাদিসের শিক্ষা হলো, ছোটবেলা থেকেই সন্তানের মনে আল্লাহর প্রতি বিশ্বাস, দায়িত্ববোধ এবং সৎ পথে চলার মানসিকতা তৈরি করতে হবে। বয়স ও বোধশক্তি অনুযায়ী তাকে এমন উপদেশ দিতে হবে, যা সে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে।
৭. দৈনন্দিন ঘটনাকে শিক্ষার সুযোগ হিসেবে নেওয়া
সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য সব সময় আলাদা করে বসতে হয় না। দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাও তার চরিত্র গঠনের মাধ্যম হতে পারে। খাবার খাওয়া, মানুষের সঙ্গে কথা বলা, বড়দের সম্মান করা কিংবা বিপদে ধৈর্য ধরার মতো বিষয়গুলো বাস্তব উদাহরণের মাধ্যমে শেখানো যায়।
এ ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর আচরণ বিশেষভাবে অনুসরণীয়।
উমর ইবনে আবি সালামাহ (রা.) বর্ণনা করেন, ছোটবেলায় তিনি নবীজির সঙ্গে খাবার খাওয়ার সময় পাত্রের বিভিন্ন দিক থেকে হাত বাড়াতেন। তখন রাসুলুল্লাহ (সা.) তাঁকে স্নেহের সঙ্গে বললেন, ‘বিসমিল্লাহ বলো, ডান হাত দিয়ে খাও এবং তোমার সামনে থেকে খাও।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৩৭৬)
এখানে লক্ষণীয় বিষয় হলো, নবীজি শিশুটিকে অপমান বা তিরস্কার করেননি। বরং খাবার খাওয়ার সময়ই সুন্দরভাবে প্রয়োজনীয় আদব শিখিয়ে দিয়েছেন। অভিভাবকদেরও উচিত সন্তানের দৈনন্দিন আচরণের মধ্য থেকেই তাকে ভালো অভ্যাস শেখানো।
ভালোবাসা ও আদর্শ আচরণেই গড়ে উঠুক আগামী প্রজন্ম
সন্তান প্রতিপালন শুধু শাসন করা কিংবা নিয়মকানুনের মধ্যে আটকে রাখার বিষয় নয়। তার মানসিক অবস্থা বোঝা, ভুল করার সুযোগ দেওয়া, সঠিক পথে পরিচালিত করা এবং ভালো কাজে উৎসাহিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ।
মহানবী (সা.)-এর জীবন থেকে পাওয়া এসব শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সন্তানের চরিত্র গঠনে ভালোবাসা, ধৈর্য, বিনয় ও সুন্দর আচরণের বিকল্প নেই। তাই শুধু সন্তানকে ভালো হওয়ার উপদেশ না দিয়ে নিজের জীবনেও সেই গুণগুলোর চর্চা করতে হবে।
আজকের শিশুরাই আগামী দিনের সমাজ গড়বে। তাদের মধ্যে সততা, দায়িত্ববোধ, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে পরিবার থেকেই সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। শাসনের ভয় নয়, বরং ভালোবাসা ও আদর্শের আলোয় গড়ে উঠুক আগামী প্রজন্ম।
প্রতি / এডি / শাআ



















