৫৫ বছর ধরে জ্বলছে আগুন, পৃথিবীর রহস্যময় ‘নরকের দরজা’

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০২৬ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫২ অপরাহ্ণ

তুর্কমেনিস্তানের বিস্তীর্ণ মরুভূমির মাঝখানে রয়েছে এক বিশাল অগ্নিগহ্বর। দিনের আলোয় দেখলে মনে হবে মাটির বুকে তৈরি হয়েছে বড় কোনো গোলাকার খাদ। কিন্তু রাত নামতেই বদলে যায় এর চেহারা। গর্তের ভেতর থেকে বেরিয়ে আসা আগুনের শিখা অন্ধকার মরুভূমিকে আলোকিত করে তোলে। দূর থেকে দেখলে মনে হয়, পৃথিবীর বুকেই যেন জ্বলছে নরকের আগুন। এ কারণেই জায়গাটি বিশ্বজুড়ে পরিচিত ‘ডোর টু হেল’ বা ‘নরকের দরজা’ নামে।

এই রহস্যময় অগ্নিগহ্বরের অবস্থান মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে, দারভাজা গ্রামের কাছাকাছি। স্থানীয়ভাবে এটি দারভাজা গ্যাস ক্রেটার নামেও পরিচিত। বিশাল এই গর্তের ব্যাস প্রায় ৬০ থেকে ৭০ মিটার এবং গভীরতা প্রায় ২০ থেকে ৩০ মিটার। গর্তের ভেতরে বিভিন্ন জায়গা দিয়ে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসে। সেই গ্যাসের আগুনেই দীর্ঘদিন ধরে জ্বলছে এর ভেতরের অংশ।

যেভাবে সৃষ্টি হলো নরকের দরজা

নরকের দরজার সৃষ্টি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের তথ্য প্রচলিত রয়েছে। সবচেয়ে পরিচিত বর্ণনা অনুযায়ী, ১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূতাত্ত্বিকদের একটি দল কারাকুম মরুভূমিতে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খননকাজ শুরু করে। তখন তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।

খননকাজের একপর্যায়ে মাটির নিচে থাকা বিশাল একটি গ্যাসের খালি গহ্বরের সন্ধান পান অনুসন্ধানকারীরা। এর ওপরের মাটি ও শিলাস্তর ধসে পড়লে সেখানে তৈরি হয় বিশাল গর্ত। খননযন্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জামের কিছু অংশও গর্তের ভেতরে পড়ে যায়। এরপর গর্ত থেকে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস বের হতে শুরু করে।

গ্যাস ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের পাশাপাশি গবাদিপশুরও ক্ষতির আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে অনুসন্ধানকারীরা গর্তে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের ধারণা ছিল, গর্তে থাকা গ্যাস কয়েক সপ্তাহের মধ্যেই পুড়ে শেষ হয়ে যাবে। এরপর আগুন নিজে থেকেই নিভে যাবে।

কিন্তু তাঁদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। গর্তের নিচে থাকা গ্যাসের উৎস থেকে সরবরাহ অব্যাহত থাকায় আগুনও জ্বলতে থাকে। একসময় এই অগ্নিগহ্বরই হয়ে ওঠে পৃথিবীর অন্যতম আলোচিত রহস্যময় স্থান।

তবে এর ইতিহাস নিয়ে সাম্প্রতিক গবেষণায় নতুন তথ্য উঠে এসেছে। তুর্কমেনিস্তানের গ্যাসবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গর্তটি ১৯৬৩ সালেও তৈরি হয়ে থাকতে পারে। আবার ১৯৭১ সালের ঘটনাকে কেন্দ্র করেও এর উৎপত্তির কথা বলা হয়। ২০২৬ সালে প্রকাশিত একটি গবেষণায় উপগ্রহের পুরোনো ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, গর্তে আগুন জ্বলার শুরু ১৯৮৭ সালের শেষ থেকে ১৯৮৮ সালের শুরুর মধ্যবর্তী সময়ে হয়ে থাকতে পারে। ফলে গর্ত তৈরির সময় এবং আগুন জ্বালানোর প্রকৃত ইতিহাস নিয়ে এখনো মতভেদ রয়েছে।

রাতের অন্ধকারে ভয়ংকর সুন্দর দৃশ্য

দিনের বেলায় অগ্নিগহ্বরটি যেমন বিস্ময় জাগায়, রাতের বেলায় এর সৌন্দর্য আরও বেশি চোখে পড়ে। অন্ধকার মরুভূমির মধ্যে গর্তজুড়ে ছড়িয়ে থাকা আগুনের শিখা এক অদ্ভুত দৃশ্য তৈরি করে। গর্তের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য আগুন জ্বলতে দেখা যায়। এর লালচে আভা আশপাশের মরুভূমিকে আলোকিত করে তোলে।

একসময় গর্তটির আগুনের উজ্জ্বলতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর আলো দেখা যেত। আগুনের এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে দেশ-বিদেশের পর্যটকেরা এখানে ছুটে আসতেন। অনেক পর্যটক রাতের বেলায় গর্তের কাছাকাছি তাঁবু খাটিয়ে অবস্থান করতেন। তবে গর্তের খুব কাছে যাওয়া ঝুঁকিপূর্ণ। প্রচণ্ড তাপ ও বিষাক্ত গ্যাসের কারণে সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করা নিরাপদ নয়।

নরকের দরজা বন্ধের উদ্যোগ

দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা এই গ্যাসের আগুন পরিবেশের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গর্ত থেকে নির্গত মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এটি বায়ুমণ্ডলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাস এভাবে পুড়িয়ে নষ্ট হওয়ায় অর্থনৈতিক ক্ষতির বিষয়টিও সামনে এসেছে।

এসব কারণ বিবেচনায় ২০২২ সালে তুর্কমেনিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট গুরবাংগুলি বেরদিমুখামেদভ গর্তের আগুন নেভানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর পর থেকে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ এবং আগুনের তীব্রতা কমানোর জন্য কাজ শুরু হয়।

২০২৫ সালের জুনে তুর্কমেনিস্তানের কর্মকর্তারা জানান, ২০২৩ সালের আগস্টের তুলনায় গর্তের আগুনের তীব্রতা তিন গুণেরও বেশি কমানো সম্ভব হয়েছে। আশপাশে নতুন কূপ খনন করে গ্যাসের প্রবাহ কমানোর উদ্যোগ নেওয়া হয়। ফলে আগের মতো বিশাল অগ্নিশিখা আর দেখা যাচ্ছে না। ২০২৫ সালের আগস্টে প্রকাশিত এএফপির প্রতিবেদনে বলা হয়, গর্তের বিভিন্ন স্থানে তখনো আগুন জ্বলছিল, তবে আগের তুলনায় তা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে।

পর্যটকদের কাছে এখনো বিশেষ আকর্ষণ

আগুনের তীব্রতা কমে এলেও দারভাজা গ্যাস ক্রেটার এখনো তুর্কমেনিস্তানের অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণ। অদ্ভুত সৃষ্টি, দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুন এবং মরুভূমির নির্জন পরিবেশ দেখতে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা সেখানে যান।

একদিকে এটি মানুষের ভুল সিদ্ধান্তের পরিণতি নিয়ে ভাবায়, অন্যদিকে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভূগর্ভস্থ ভান্ডার ও পরিবেশের সঙ্গে মানুষের কর্মকাণ্ডের সম্পর্কও তুলে ধরে। তাই শুধু রহস্যময় একটি অগ্নিগহ্বর হিসেবেই নয়, পরিবেশ ও ভূতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব রয়েছে নরকের দরজার।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G