ভুট্টার খোসা থেকে শতাধিক পণ্য তৈরি, বদলে যাচ্ছে রংপুরের নারীদের জীবন
একসময় ভুট্টার খোসা ফেলে দেওয়া হতো কিংবা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করতেন কৃষকেরা। সেই অবহেলিত খোসাই এখন হয়ে উঠেছে আয়ের একটি নতুন মাধ্যম। রংপুরের মিঠাপুকুরে ভুট্টার খোসা ব্যবহার করে তৈরি করা হচ্ছে ফুলদানি, ব্যাগ, ঝুড়ি, ট্রে, টেবিল ম্যাটসহ দুই শতাধিক ধরনের নান্দনিক ও পরিবেশবান্ধব পণ্য। এসব পণ্য তৈরির কাজে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এলাকার অনেক প্রান্তিক নারী।
সংসারের দৈনন্দিন দায়িত্ব সামলে অবসর সময়ে হস্তশিল্প তৈরির কাজ করছেন তারা। কেউ এই আয়ে সংসারের ব্যয় মেটাচ্ছেন, কেউ সন্তানের লেখাপড়ার খরচ চালাচ্ছেন, আবার কেউ নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণ করছেন। শুধু নারীরাই নন, ভুট্টার খোসা বিক্রি করে বাড়তি অর্থ পাচ্ছেন কৃষকেরাও। কৃষিবর্জ্যকে কাজে লাগিয়ে এভাবেই মিঠাপুকুরে তৈরি হচ্ছে গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর ও আশপাশের কয়েকটি এলাকায় গড়ে উঠেছে ভুট্টার খোসা দিয়ে হস্তশিল্প তৈরির এই উদ্যোগ। স্থানীয় নারীদের সৃজনশীলতা ও দক্ষতায় সাধারণ খোসা রূপ নিচ্ছে নানা ধরনের ব্যবহারযোগ্য ও দৃষ্টিনন্দন সামগ্রীতে। এসব পণ্যের মধ্যে রয়েছে ফুলদানি, হ্যান্ডব্যাগ, কাপড় রাখার ঝুড়ি, ট্রে, কিচেন বাস্কেট, কলমদানি, টেবিল ম্যাট, টিস্যু বক্স ও জুয়েলারি বক্সসহ দুই শতাধিক পণ্য।
পণ্যের বৈচিত্র্য, নারীদের কর্মসংস্থান, কৃষকদের বাড়তি উপার্জন এবং বিদেশে বাজার তৈরির সম্ভাবনা সব মিলিয়ে ভুট্টার খোসার গুরুত্ব বাড়ছে। সংশ্লিষ্ট উদ্যোক্তাদের মতে, এ শিল্পের প্রসারে সরকারি-বেসরকারি সহযোগিতা, প্রশিক্ষণ ও বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলে রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
হস্তশিল্পে বদলাচ্ছে প্রান্তিক নারীদের জীবন
মিঠাপুকুরে ভুট্টার খোসা দিয়ে পণ্য তৈরির কাজে স্থানীয় নারীদের পাশাপাশি সাঁওতাল সম্প্রদায়ের নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। এই কাজের মাধ্যমে অনেকেই নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করছেন। তাদের একজন আদুরী ঋষি। তার স্বামী দিনমজুরের কাজ করেন। ফলে সংসারে অভাব-অনটন লেগেই থাকত। ভুট্টার খোসা দিয়ে হস্তশিল্প তৈরির কাজ শেখার পর অবসর সময়ে বিভিন্ন পণ্য তৈরি করছেন তিনি। এতে সংসারে কিছুটা আর্থিক স্বস্তি এসেছে।
হাওয়া বেগম জানান, তিনি ও তার মা একসঙ্গে ভুট্টার খোসা দিয়ে হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। এখন এসব পণ্য তৈরি ও বিক্রি করে তারা নিজেরাই আয় করছেন। সেই অর্থ দিয়ে সংসারের প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হচ্ছে।
দক্ষিণ মমিনপুর এলাকার রিনা মিনজি বলেন, দিনের বেশির ভাগ সময় পরিবারের কাজকর্ম সামলাতে হয়। তাই সাধারণত রাতে অবসর সময়ে নিজের বাড়িতে বসে হস্তশিল্প তৈরির কাজ করেন তিনি। এ কাজ থেকে পাওয়া অর্থ দিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের ব্যয়ও মেটাতে পারছেন।
একই এলাকার বাসিন্দা বুল্লি টপ্পো পায়রাবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। আগে পড়াশোনার খরচের জন্য পরিবারের ওপর নির্ভরশীল থাকতে হতো তাকে। এখন ভুট্টার খোসা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে নিজের লেখাপড়ার খরচ নিজেই বহন করছেন। এতে পরিবারের ওপর আর্থিক চাপও কমেছে।
ভুট্টার খোসা বিক্রি করে লাভবান কৃষকেরাও
একসময় ভুট্টার খোসা কৃষকদের কাছে তেমন মূল্যবান ছিল না। ফসল সংগ্রহের পর অনেকে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করতেন। তবে বাড়িতে ইলেকট্রিক ও গ্যাসের চুলার ব্যবহার বাড়ায় জ্বালানি হিসেবে খোসার প্রয়োজনীয়তা কমেছে। ফলে বিকল্প ব্যবহার না থাকায় অনেক কৃষককে এসব খোসা নিয়ে সমস্যায় পড়তে হতো।
বর্তমানে ভুট্টার খোসা দিয়ে হস্তশিল্প তৈরির উদ্যোগ চালু হওয়ায় কৃষকদের কাছে এর চাহিদা তৈরি হয়েছে। এখন তারা বিঘাপ্রতি প্রায় ১ হাজার ২০০ টাকায় ভুট্টার খোসা বিক্রি করতে পারছেন। এতে ফসলের অবশিষ্ট অংশ থেকেও বাড়তি অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন তারা।
মিঠাপুকুরের ভুট্টাচাষি রানা ও মোজাম্মেল হক জানান, খোসা বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে চাষাবাদের খরচ কিংবা গাছ থেকে ভুট্টা সংগ্রহের জন্য শ্রমিকের মজুরি মেটানো যাচ্ছে। আগে যে খোসা তেমন কাজে আসত না, এখন সেটিই তাদের বাড়তি আয়ের উৎস হয়েছে।
আরেক কৃষক আবু বকর বলেন, আগে ভুট্টার খোসা সাধারণ খড়কুটোর মতো ব্যবহার করা হতো। এখন পরিবারের সদস্যরা খোসাগুলো যত্ন করে বস্তায় ভরে সংরক্ষণ করেন। ভুট্টা সংগ্রহের মৌসুম ছাড়াও পরবর্তী সময়ে এসব খোসা বিক্রি করে বাড়তি টাকা পাওয়া যাচ্ছে।
উত্তরবঙ্গ ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে যাওয়ার স্বপ্ন
ভুট্টার খোসা দিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরির এই উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চায় উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘নিউট্রিসাইকেল বায়োসলিউশন’। প্রতিষ্ঠানটির নুর ইসলাম নাঈম জানান, তাদের লক্ষ্য পুরো উত্তরবঙ্গজুড়ে এই কার্যক্রম সম্প্রসারণ করা। বর্তমানে বিভিন্ন এনজিও ও বহুজাতিক প্রতিষ্ঠান তাদের তৈরি পণ্য কিনছে। আন্তর্জাতিক বাজারেও এ ধরনের পরিবেশবান্ধব পণ্যের ভালো চাহিদা রয়েছে বলে জানান তিনি।
নাঈমের ভাষ্য, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমানোর চিন্তা থেকেই কৃষিবর্জ্য ব্যবহার করে বিকল্প পণ্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ প্রতিদিন খাবার ও পানীয়ের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসছে। এ পরিস্থিতিতে পরিবেশের ক্ষতি কমাতে প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্যের ব্যবহার বাড়ানো জরুরি। সরকারি সহায়তা পাওয়া গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি এসব পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে।
প্লাস্টিকের বিকল্প পণ্য তৈরিতে বাড়বে কর্মসংস্থান
জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)-এর রংপুর জেলা সভাপতি রাকিবুল হাসান রাকিব মনে করেন, ভুট্টার খোসা দিয়ে হস্তশিল্প তৈরির উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের একটি ইতিবাচক উদাহরণ।
তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, পণ্যের বাজার সম্প্রসারণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির বড় একটি ক্ষেত্র হয়ে উঠতে পারে। এতে কৃষিবর্জ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি প্লাস্টিকনির্ভরতা কমানো সম্ভব হবে। একই সঙ্গে আরও অনেক নারী ও মানুষের আয়ের সুযোগ তৈরি হবে।
উদ্যোগ সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস প্রশাসনের
রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান ভুট্টার খোসা দিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরির এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সরেজমিনে তাদের কার্যক্রম পরিদর্শন করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ, বিনিয়োগ ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হলে মিঠাপুকুরের এই উদ্যোগ শুধু নারীদের আর্থিক স্বাবলম্বিতাই নয়, কৃষিবর্জ্যের কার্যকর ব্যবহার এবং পরিবেশবান্ধব শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতি / এডি / শাআ



















