কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবার
কানাডায় বসবাসরত বিদেশি কর্মীদের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে সর্বোচ্চ এক লাখ বিদেশি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে বাড়তি অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর দেশটির অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব পরিকল্পনাটির বিস্তারিত জানান। পরবর্তী সময়ে সোমবার (২৪ নভেম্বর) অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশন ডট সিএ-তে প্রকাশিত প্রতিবেদনে এ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
নতুন পরিকল্পনায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) ব্যবহার করে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমে কানাডার বিভিন্ন প্রদেশে আগে থেকেই বসবাস ও কর্মরত বিদেশিদের স্থায়ী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
তবে কোন প্রদেশ কতজনকে মনোনয়ন দেবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট এলাকার শ্রমবাজারের চাহিদার ওপর। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
যেসব বিদেশি কর্মী অগ্রাধিকার পেতে পারেন
এই উদ্যোগের প্রধান লক্ষ্য কানাডায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন এমন বিদেশি কর্মীরা। বিশেষ করে যেসব খাতে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে, সেসব ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা অগ্রাধিকার পেতে পারেন।
তবে শুধু কানাডায় চাকরি করলেই স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি পাওয়া যাবে না। সংশ্লিষ্ট প্রদেশের মনোনয়ন কর্মসূচি কিংবা স্থায়ী অভিবাসনের অন্য কোনো নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। যোগ্যতা অর্জনকারী কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এখন পর্যন্ত সরকার এই উদ্যোগের জন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য কোনো পূর্ণাঙ্গ যোগ্যতার তালিকা প্রকাশ করেনি। ফলে আবেদনকারীদের যোগ্যতা ও নির্বাচনের বিষয়টি সংশ্লিষ্ট প্রদেশ এবং কর্মসূচির নিয়মের ওপর নির্ভর করবে।
আবেদনের শেষ সময় নিয়ে যা জানা গেছে
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
তবে এই তারিখকে বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের আবেদন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা মনে করা ঠিক হবে না। কারণ, প্রদেশভেদে মনোনয়ন ও আবেদন গ্রহণের পদ্ধতিতে পার্থক্য রয়েছে।
কোনো কোনো প্রদেশে আগ্রহপত্রের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। আবার কিছু ক্ষেত্রে নিয়োগকর্তার সহায়তায় আবেদন করার সুযোগ থাকে। তাই আগ্রহীদের নিজ নিজ প্রদেশের অভিবাসন কর্মসূচির নিয়ম ও হালনাগাদ নির্দেশনা অনুসরণ করতে হবে।
আগে থেকে আবেদন করে অপেক্ষায় থাকলেও মিলতে পারে সুবিধা
নতুন পরিকল্পনায় শুধু নতুন আবেদনকারীরাই নন, স্থায়ী বসবাসের জন্য আগে আবেদন করে অপেক্ষায় থাকা নির্দিষ্ট শ্রেণির বিদেশিদেরও বিবেচনায় নেওয়া হবে।
এই তালিকায় আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তি কর্মসূচি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী কর্মসূচির আওতায় আবেদনকারীরা রয়েছেন।
তবে এসব কর্মসূচিতে নতুন করে আবেদন গ্রহণ শুরু করার ঘোষণা দেওয়া হয়নি। আগে থেকে আবেদন জমা দিয়েছেন এবং নির্ধারিত শর্ত পূরণ করেছেন, এমন ব্যক্তিদের আবেদনপ্রক্রিয়া এগিয়ে নেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য।
বিদেশি কর্মীদের ধরে রাখতে কেন এই উদ্যোগ?
কানাডার বিভিন্ন অঞ্চলে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। স্থানীয় শ্রমবাজারে কর্মীর ঘাটতি পূরণ এবং দেশটির অর্থনীতিতে ইতিমধ্যে অবদান রাখছেন এমন বিদেশিদের ধরে রাখতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।
কানাডায় অভিজ্ঞ কর্মীরা স্থায়ী হওয়ার সুযোগ পেলে নিয়োগকর্তাদের জন্য দক্ষ জনবল ধরে রাখাও সহজ হবে বলে মনে করছে সরকার।
এদিকে, ২০২৭ থেকে ২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির আওতায় বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে। আগে এই লক্ষ্যমাত্রা ছিল ৯২ হাজার ৫০০। নতুন পরিকল্পনায় তা বাড়িয়ে ৯৫ হাজার করা হয়েছে।
২০২৭ সালে মোট ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের পরিকল্পনা
বিদেশি কর্মীদের জন্য এক লাখ সুযোগের পাশাপাশি কানাডার বৃহত্তর অভিবাসন পরিকল্পনায় ২০২৭ সালে আরও বিভিন্ন শ্রেণির মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। সব মিলিয়ে অতিরিক্ত সর্বোচ্চ ২ লাখ মানুষের জন্য এই সুযোগ তৈরির পরিকল্পনা করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন শ্রেণির জন্য বরাদ্দের হিসাব হলো:
- বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য ১ লাখ।
- হংকংয়ের বাসিন্দাদের জন্য ৩২ হাজার।
- ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০।
- মানবিক বিবেচনায় যোগ্য আবেদনকারীদের জন্য ১২ হাজার ৬০০।
- কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের পরিবারের নির্দিষ্ট সদস্যদের জন্য ৪৫ হাজার।
সব মিলিয়ে এই উদ্যোগের মাধ্যমে কানাডায় বসবাসরত বিভিন্ন শ্রেণির মানুষের স্থায়ী হওয়ার সুযোগ তৈরি করতে চায় দেশটির সরকার। তবে এটি একটি নির্দিষ্ট সময়ের বিশেষ উদ্যোগ। ফলে সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা ও শর্ত পূরণ করা প্রয়োজন।
প্রতি / এডি / শাআ





















