মৌচাকের ঘরগুলো ষড়ভুজ হয় কেন, অবশেষে মিলল গণিতের ব্যাখ্যা
মৌমাছি কি গণিত বোঝে? প্রশ্নটি শুনতে অদ্ভুত মনে হলেও মৌচাকের দিকে ভালোভাবে তাকালে এমন প্রশ্ন মাথায় আসতেই পারে। একটি মৌচাকের প্রতিটি ঘর প্রায় একই মাপের ষড়ভুজ আকৃতির। ঘরগুলো এমনভাবে পাশাপাশি সাজানো যে মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে না। অথচ এই নকশা তৈরিতে মৌমাছির হাতে থাকে না কোনো স্কেল, কম্পাস কিংবা জ্যামিতির বই।
তাহলে মৌমাছিরা কেন ষড়ভুজ আকৃতির ঘর তৈরি করে? গোল, বর্গাকার কিংবা ত্রিভুজাকার ঘর হলে সমস্যা কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গণিতবিদদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। মৌচাকের ষড়ভুজ নকশা যে নির্দিষ্ট গাণিতিক কারণে সবচেয়ে কার্যকর, তার পূর্ণাঙ্গ প্রমাণ পাওয়া যায় ১৯৯৯ সালে। এর পেছনে রয়েছে প্রায় দুই হাজার বছরের অনুসন্ধান।
ফাঁক ছাড়াই জায়গা পূরণের গাণিতিক হিসাব
মৌচাকের কোষ তৈরির ক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি অনেকগুলো ঘর বসালেও যেন মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকে। গণিতের ভাষায় একে বলা হয় টাইলিং বা সমতলকে নির্দিষ্ট আকৃতির অংশ দিয়ে সম্পূর্ণ ঢেকে ফেলা।
জ্যামিতিতে দেখা যায়, সমান বাহু ও সমান কোণবিশিষ্ট নিয়মিত বহুভুজের মধ্যে মাত্র তিনটি আকৃতি দিয়ে এভাবে কোনো ফাঁক না রেখে সমতল সাজানো সম্ভব। এগুলো হলো সমবাহু ত্রিভুজ, বর্গ এবং সুষম ষড়ভুজ।
এর কারণ বোঝার জন্য প্রতিটি আকৃতির কোণের হিসাব দেখতে হবে। একটি বিন্দুর চারপাশে কোণগুলোর মোট পরিমাণ হতে হয় ৩৬০ ডিগ্রি।
- সমবাহু ত্রিভুজ: প্রতিটি কোণ ৬০ ডিগ্রি। একটি বিন্দুতে ছয়টি ত্রিভুজের কোণ মিললে ৩৬০ ডিগ্রি হয়।
- বর্গ: প্রতিটি কোণ ৯০ ডিগ্রি। চারটি বর্গের কোণ একসঙ্গে ৩৬০ ডিগ্রি পূরণ করে।
- সুষম ষড়ভুজ: প্রতিটি কোণ ১২০ ডিগ্রি। তিনটি ষড়ভুজের কোণ মিলেও ৩৬০ ডিগ্রি হয়।
অন্যদিকে, সুষম পঞ্চভুজের প্রতিটি কোণ ১০৮ ডিগ্রি। তিনটি পঞ্চভুজ পাশাপাশি রাখলে মোট কোণ হয় ৩২৪ ডিগ্রি, ফলে ফাঁকা জায়গা থেকে যায়। চারটি রাখলে মোট কোণ দাঁড়ায় ৪৩২ ডিগ্রি, যা একটি বিন্দুর চারপাশে বসানো সম্ভব নয়। সাত বা তার বেশি বাহুবিশিষ্ট নিয়মিত বহুভুজের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা দেয়।
বৃত্তের ক্ষেত্রেও ফাঁকহীনভাবে পুরো সমতল ঢেকে রাখা যায় না। অনেকগুলো বৃত্ত ঘন করে সাজালেও তাদের মাঝখানে কিছু জায়গা ফাঁকা থেকে যায়।
কম মোমে বেশি জায়গা দেয় ষড়ভুজ
শুধু ফাঁক না রাখলেই হবে না, মৌমাছির জন্য ঘর তৈরিতে যতটা সম্ভব কম মোম ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। কারণ মোম উৎপাদনে মৌমাছির শরীরের শক্তি খরচ হয়। তাই একই আয়তনের ঘর তৈরি করতে যে আকৃতিতে কম দেয়াল লাগে, সেটিই তাদের জন্য বেশি সুবিধাজনক।
ধরা যাক, প্রতিটি কোষের ক্ষেত্রফল এক বর্গ একক। তাহলে সমবাহু ত্রিভুজ, বর্গ ও সুষম ষড়ভুজের পরিসীমা তুলনা করলে দেখা যায়, ষড়ভুজের ক্ষেত্রেই সবচেয়ে কম দেয়াল প্রয়োজন হয়।
একটি সুষম ষড়ভুজকে ছয়টি সমবাহু ত্রিভুজে ভাগ করা যায়। প্রতিটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘s’ হয়, তাহলে তার ক্ষেত্রফল হয় (√৩/৪)s²। ছয়টি ত্রিভুজের মোট ক্ষেত্রফল এক বর্গ একক ধরলে ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় ০.৬২ একক পাওয়া যায়। ফলে এর মোট পরিসীমা প্রায় ৩.৭২ একক।
অর্থাৎ একই ক্ষেত্রফলের ঘর তৈরি করতে ত্রিভুজের তুলনায় ষড়ভুজে প্রায় ১৮ শতাংশ কম দেয়াল লাগে। বর্গের তুলনায় এই সাশ্রয় প্রায় ৭ শতাংশ। বাস্তবে মৌচাকের একটি দেয়াল পাশাপাশি থাকা দুটি কোষের মধ্যে ভাগাভাগি হয়। ফলে পুরো মৌচাকের হিসাব করলে এই সাশ্রয়ের গুরুত্ব আরও বেড়ে যায়।
এর পেছনে রয়েছে জ্যামিতির একটি সাধারণ নিয়ম। সমান ক্ষেত্রফলের কোনো জায়গাকে ঘিরতে সবচেয়ে কম পরিসীমা লাগে বৃত্তের। বহুভুজের বাহুর সংখ্যা যত বাড়ে, তার আকৃতি তত বেশি বৃত্তের কাছাকাছি হয়। কিন্তু ফাঁক ছাড়া সমতল সাজানোর উপযোগী নিয়মিত বহুভুজের মধ্যে ষড়ভুজের বাহুর সংখ্যাই সবচেয়ে বেশি। তাই এই তিন আকৃতির তুলনায় ষড়ভুজ কম দেয়াল ব্যবহার করে বেশি জায়গা ঘিরতে পারে।
প্রায় দুই হাজার বছরের অনুসন্ধান
মৌচাকের ষড়ভুজ আকৃতি নিয়ে মানুষের কৌতূহল নতুন নয়। খ্রিষ্টপূর্ব ৩৬ সালের দিকে রোমান পণ্ডিত মার্কাস টেরেনশিয়াস ভারোর লেখায় এ বিষয়ে প্রাচীন উল্লেখ পাওয়া যায়। পরে চতুর্থ শতকে গ্রিক গণিতবিদ পাপ্পাস বিষয়টি নিয়ে আলোচনা করেন। মৌমাছিরা কীভাবে এমন নিয়মিত জ্যামিতিক কাঠামো তৈরি করে, তা দেখে তিনি তাদের অসাধারণ দক্ষতার প্রশংসা করেছিলেন।
১৮৫৯ সালে প্রকৃতিবিদ চার্লস ডারউইন মৌচাকের নকশাকে শ্রম ও মোম সাশ্রয়ের একটি চমৎকার উদাহরণ হিসেবে তুলে ধরেন। তাঁর ব্যাখ্যা ছিল, যেসব মৌমাছির দল তুলনামূলক কম মোম ব্যবহার করে বেশি কোষ তৈরি করতে পারে, তারা বেশি মধু জমাতে সক্ষম হয়। ফলে তাদের টিকে থাকার সম্ভাবনাও বাড়ে। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এমন দক্ষতা টিকে থাকতে পারে বলে তিনি মনে করতেন।
তবে তখনও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। কোষের আকৃতি যদি নিয়মিত ষড়ভুজ না হয়, কিংবা দেয়ালগুলো বাঁকানো হয়, তাহলেও কি ষড়ভুজ বিন্যাস সবচেয়ে কম উপাদান ব্যবহার করবে?
গণিতের ভাষায় এই সমস্যাটি পরিচিত ‘হানিকম্ব কনজেকচার’ বা মৌচাক অনুমান নামে। এর মূল বক্তব্য হলো, সমান ক্ষেত্রফলের অনেকগুলো অংশে সমতলকে ভাগ করার ক্ষেত্রে ষড়ভুজের বিন্যাসেই মোট সীমানার দৈর্ঘ্য সবচেয়ে কম হয়।
১৯৪৩ সালে হাঙ্গেরির গণিতবিদ লাসলো ফেইয়েস তোথ উত্তল বা খাঁজবিহীন কোষের ক্ষেত্রে এই ধারণার একটি প্রমাণ দেন। কিন্তু সব ধরনের আকৃতির কোষের জন্য পূর্ণাঙ্গ প্রমাণ তখনও বাকি ছিল।
অবশেষে ১৯৯৯ সালে মার্কিন গণিতবিদ টমাস হেলস মৌচাক অনুমানের পূর্ণাঙ্গ প্রমাণ উপস্থাপন করেন। তাঁর গবেষণাপত্রটি ২০০১ সালে প্রকাশিত হয়। এই প্রমাণের মাধ্যমে দেখানো হয়, সমান ক্ষেত্রফলের কোষ দিয়ে সমতল ভাগ করার ক্ষেত্রে ষড়ভুজ বিন্যাসই সবচেয়ে কম মোট পরিসীমা তৈরি করে।
মৌমাছিরা কি হিসাব করে ষড়ভুজ তৈরি করে?
মৌমাছিরা কি আগে থেকেই ষড়ভুজের গাণিতিক সুবিধা বুঝতে পারে? নাকি তারা পরিকল্পনা করেই এমন নকশা তৈরি করে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গবেষকেরা মৌচাক তৈরির প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন।
২০১৩ সালে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষক ভূষণ করিহালো ও তাঁর সহকর্মীদের গবেষণায় মৌচাক তৈরির একটি চমকপ্রদ দিক উঠে আসে। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, নতুন তৈরি হওয়া কোষের আকৃতি প্রথমে পুরোপুরি ষড়ভুজ থাকে না, বরং অনেকটা গোলাকার হয়।
মৌমাছিরা কাজ করার সময় শরীরের তাপে মোমকে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করে নরম করে ফেলে। তখন মোম অনেকটা ঘন তরলের মতো আচরণ করে। পাশাপাশি থাকা কোষগুলোর দেয়াল যেখানে মিলিত হয়, সেখানে পৃষ্ঠটানের প্রভাবে মোমের দেয়ালগুলো ধীরে ধীরে সোজা হয়ে ষড়ভুজের মতো আকৃতি নেয়।
অর্থাৎ মৌমাছিরা আলাদা করে কোণ মেপে কিংবা জ্যামিতিক হিসাব করে প্রতিটি ঘর তৈরি করে না। তাদের কাজের ধরন, মোমের বৈশিষ্ট্য এবং পদার্থবিজ্ঞানের নিয়ম মিলেই অনেকটা স্বাভাবিকভাবে এই ষড়ভুজ কাঠামো তৈরি করে।
মৌচাকের নকশা কাজে লাগছে আধুনিক প্রযুক্তিতে
প্রকৃতির এই নকশা শুধু মৌমাছির জীবনেই গুরুত্বপূর্ণ নয়। কম উপাদান ব্যবহার করে হালকা অথচ শক্ত কাঠামো তৈরির সুবিধার কারণে আধুনিক প্রকৌশলেও ষড়ভুজ বিন্যাসের ব্যবহার রয়েছে।
বিমান ও মহাকাশযান: বিমানের বিভিন্ন অংশ এবং মহাকাশযানে হালকা কিন্তু মজবুত প্যানেল তৈরিতে মৌচাকের মতো কাঠামো ব্যবহার করা হয়। সাধারণত দুটি পাতলা ধাতব বা অন্য উপাদানের স্তরের মাঝখানে ষড়ভুজ আকৃতির কাঠামো বসানো হয়। এতে ওজন তুলনামূলক কম রেখেও কাঠামোকে শক্তিশালী করা সম্ভব হয়।
জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ: মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণের জন্য তৈরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রধান আয়না ১৮টি ষড়ভুজ আকৃতির খণ্ড দিয়ে গঠিত। এই আকৃতির খণ্ডগুলো পাশাপাশি সাজিয়ে বড় আয়না তৈরি করা সম্ভব হয়েছে।
গ্রাফিন: মাত্র একটি পরমাণু পুরুত্বের বিশেষ পদার্থ গ্রাফিনের গঠনেও রয়েছে ষড়ভুজের নকশা। এতে কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে মৌচাকের মতো জালিকাবদ্ধ কাঠামো তৈরি করে।
প্রকৃতির নকশা, গণিতের ব্যাখ্যা
মৌমাছিরা মানুষের মতো গণিতের সূত্র ব্যবহার করে মৌচাক তৈরি করে না। কিন্তু তাদের তৈরি কাঠামোর পেছনে রয়েছে জ্যামিতি ও পদার্থবিজ্ঞানের অত্যন্ত কার্যকর নিয়ম। কম মোম ব্যবহার করে বেশি জায়গা তৈরি করা এবং পাশাপাশি থাকা কোষগুলোতে কোনো ফাঁকা স্থান না রাখা, দুই দিক থেকেই ষড়ভুজ আকৃতি সুবিধাজনক।
প্রকৃতি এই নকশা তৈরি করে আসছে বহু আগে থেকেই। আর মানুষের সেই নকশার গাণিতিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে লেগেছে প্রায় দুই হাজার বছর। মৌচাক তাই শুধু মৌমাছির বাসস্থান নয়, প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা গণিত ও বিজ্ঞানের এক অসাধারণ উদাহরণ।
পাঠকদের জন্য প্রশ্ন: একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ কত? এই আকৃতি দিয়ে কি কোনো ফাঁকা জায়গা না রেখে সমতল সাজানো সম্ভব?
উত্তর: প্রতিটি কোণ ১৩৫ ডিগ্রি। দুটি অষ্টভুজের কোণের যোগফল ২৭০ ডিগ্রি, আর তিনটির যোগফল ৪০৫ ডিগ্রি। তাই শুধু সুষম অষ্টভুজ ব্যবহার করে ফাঁকহীনভাবে সমতল সাজানো সম্ভব নয়।
প্রতি / এডি / শাআ



















