পেঁচা শুধু রাতের বেলাতেই কেন ডাকে, জানুন আসল কারণ
রাত গভীর। চারপাশে নীরবতা, দূরের কোনো গাছ থেকে ভেসে আসছে হুঁ হুঁ শব্দ। একটু কান পাতলেই বোঝা যায়, ডাকছে পেঁচা। অনেকের কাছে এই ডাক পরিচিত হলেও এর পেছনে কী কারণ রয়েছে, তা হয়তো সবার জানা নেই। কেউ ভাবেন, পেঁচা বুঝি সঙ্গী খুঁজছে। আবার কারও ধারণা, আশপাশে কোনো বিপদ ঘটেছে বলেই এমন ডাকাডাকি।
আসলে পেঁচার ডাকের পেছনে রয়েছে বেশ কিছু স্বাভাবিক কারণ। কখনো নিজের এলাকা অন্য পেঁচার কাছ থেকে রক্ষা করতে, কখনো সঙ্গী খুঁজতে, আবার কখনো পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে এই নিশাচর পাখি বিভিন্ন ধরনের শব্দ করে। বিপদের আশঙ্কা থাকলেও তারা বিশেষ ধরনের ডাক দেয়।
সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী মার্থা স্টুয়ার্ট। সেখানে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পেঁচার ডাকের কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে।
নিজের এলাকা চেনাতে ডাকে
পেঁচার ডাকের অন্যতম কারণ হলো নিজের বসবাসের এলাকা সম্পর্কে অন্য পেঁচাদের জানিয়ে দেওয়া। নির্দিষ্ট কোনো এলাকায় বসবাসকারী পেঁচা ডাকের মাধ্যমে অন্যদের বুঝিয়ে দেয়, ওই জায়গাটি তার বিচরণক্ষেত্র।
আশপাশে অন্য পেঁচা থাকলে তাদের সঙ্গে ডাকের আদান-প্রদানও হতে পারে। কখনো দুটি পেঁচাকে পালাক্রমে ডাকতে শোনা যায়। এর মাধ্যমে তারা নিজেদের অবস্থান ও এলাকার সীমানা সম্পর্কে সংকেত দেয়। নতুন কোনো পেঁচা ওই এলাকায় প্রবেশ করলেও এমন ডাকের মাধ্যমে তাকে সতর্ক করা হতে পারে।
সঙ্গী খুঁজতেও ডাকে পেঁচা
প্রজনন মৌসুমে পেঁচার ডাকাডাকি বেড়ে যায়। বিশেষ করে পুরুষ পেঁচা স্ত্রী পেঁচাকে আকৃষ্ট করতে এবং নিজের উপস্থিতি জানান দিতে ডাকে।
তবে সব প্রজাতির পেঁচার প্রজননের সময় এক নয়। অঞ্চল ও প্রজাতিভেদে এ সময়ের পার্থক্য দেখা যায়। অনেক প্রজাতির ক্ষেত্রে বসন্তকালে তাদের ডাক বেশি শোনা যায়।
শুধু সঙ্গী খোঁজাই নয়, জুটি গঠন এবং একসঙ্গে থাকার সম্পর্ক বজায় রাখতেও পেঁচার ডাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু প্রজাতির পেঁচা দীর্ঘ সময় একই সঙ্গীর সঙ্গে জুটি বেঁধে থাকে।
পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ
পেঁচা নিজেদের সঙ্গী ও বাচ্চাদের সঙ্গে যোগাযোগ রাখতেও বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। জুটি বাঁধার পর কিছু প্রজাতির পুরুষ ও স্ত্রী পেঁচাকে পালাক্রমে ডাকতে দেখা যায়। একজনের ডাকের জবাবে অন্যজন সাড়া দেয়।
আবার বাসায় বাচ্চা থাকলে তাদের ডাকও শোনা যায়। ছোট পেঁচারা ক্ষুধার্ত হলে উঁচু স্বরে শব্দ করে মা-বাবার কাছে খাবার চায়। বিশেষ করে কিছু প্রজাতির বাচ্চারা ক্ষুধার সময় একটানা চিকন বা কর্কশ শব্দ করে। তাই কোনো গাছ থেকে বারবার এমন শব্দ ভেসে এলে সেখানে পেঁচার বাসা থাকার সম্ভাবনা রয়েছে।
বিপদ বুঝলেও সতর্ক করে
পেঁচা আশপাশে কোনো বিপদ অনুভব করলে চুপচাপ থাকে না। পরিস্থিতি অনুযায়ী তারা তীক্ষ্ণ চিৎকার, হিসহিস শব্দ কিংবা কর্কশ আওয়াজ করতে পারে। কোনো শিকারি প্রাণী কাছে এলে পরিবারের অন্য সদস্যদের সতর্ক করতেও বিশেষ ধরনের ডাক ব্যবহার করে।
কোনো নির্দিষ্ট গাছের পাশ দিয়ে মানুষ গেলেই যদি পেঁচা বারবার চিৎকার করে, তাহলে সেখানে তাদের বাসা বা ছোট বাচ্চা থাকতে পারে। এ সময় গাছটির খুব কাছে না যাওয়াই ভালো। কারণ, বাচ্চাদের রক্ষা করতে মা-বাবা পেঁচা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
কোনটি পেঁচার ডাক, বুঝবেন যেভাবে
সব পেঁচা একই ধরনের শব্দ করে না। কোনো প্রজাতি হুঁ হুঁ করে ডাকে, কোনোটি শিসের মতো শব্দ করে, আবার কোনোটি তীক্ষ্ণ চিৎকার বা কর্কশ আওয়াজ তোলে। ফলে শুধু ডাক শুনে সব সময় পেঁচার প্রজাতি শনাক্ত করা সহজ নয়।
অনেক সময় পেঁচার ডাকের সঙ্গে ঘুঘুর ডাকও গুলিয়ে যেতে পারে। তবে সময়ের দিকে খেয়াল করলে কিছুটা ধারণা পাওয়া যায়। অধিকাংশ পেঁচা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বেশি সক্রিয় থাকে। অন্যদিকে ঘুঘুর ডাক সাধারণত সকালে বেশি শোনা যায়। যদিও এর ব্যতিক্রমও রয়েছে। কিছু পেঁচা দিনের বেলাতেও সক্রিয় থাকে।
পাখি শনাক্ত করার বিশেষ কিছু মোবাইল অ্যাপের সাহায্যেও ডাক রেকর্ড করে প্রজাতি চেনার চেষ্টা করা যায়। তবে সঠিকভাবে শনাক্ত করতে হলে ওই অঞ্চলে কোন কোন প্রজাতির পেঁচা রয়েছে, সে সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন।
পেঁচার জন্য বাড়ির আশপাশ নিরাপদ রাখবেন যেভাবে
পেঁচা প্রকৃতির খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ইঁদুর ও ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তাই বাড়ির আশপাশে পেঁচার উপস্থিতি থাকলে তাদের বিরক্ত না করে নিরাপদে থাকার সুযোগ দেওয়া উচিত।
এ জন্য ইঁদুর মারার বিষ ব্যবহার না করে ফাঁদ ব্যবহার করা ভালো। বিষ খাওয়া ইঁদুর পরে পেঁচার খাদ্যে পরিণত হলে পাখিটিও বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে। এ ছাড়া বাড়ির আশপাশে স্থানীয় প্রজাতির গাছ লাগানো এবং নিরাপদ প্রাকৃতিক আশ্রয় বজায় রাখা যেতে পারে।
বাগানে কৃত্রিম মাকড়সার জাল, খেলার নেট কিংবা খোলা কাঁটাতার থাকলে সেগুলোতেও পেঁচা আটকে আহত হতে পারে। তাই এসব ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।
সব মিলিয়ে, রাতের নীরবতায় পেঁচার ডাক শুনলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি তাদের স্বাভাবিক জীবনযাপনেরই অংশ। কখনো সঙ্গী খোঁজা, কখনো নিজের এলাকা রক্ষা, আবার কখনো পরিবারের সঙ্গে যোগাযোগের জন্যই তারা ডাকে। তাই পেঁচার ডাককে অশুভ কোনো সংকেত মনে না করে প্রকৃতির এক স্বাভাবিক শব্দ হিসেবেই দেখা উচিত।
প্রতি / এডি / শাআ



















