ফিলিস্তিনি নিধনে ইসরায়েলকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে যেসব মার্কিন প্রতিষ্ঠান
ফিলিস্তিনিদের বিপুলসংখ্যক ছবি ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড সেবা ব্যবহার করছে ইসরায়েলের সামরিক বাহিনী। শুধু অ্যামাজন নয়, গুগল, মাইক্রোসফট ও প্যালান্টিরের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর বিরুদ্ধেও ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাঁদের চলাচলের তথ্য সংগ্রহ এবং সামরিক হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন অধিকারকর্মী ও বিশ্লেষকেরা।
আল-জাজিরার সঙ্গে কথা বলা মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে ইসরায়েল যেসব প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও বিশেষজ্ঞের সহায়তা নিচ্ছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে।
চলতি বছরের শুরুর দিকে আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনেও বলা হয়েছিল, পশ্চিমা প্রযুক্তির কিছু সেবা এমন কয়েকটি দেশের সরকারের কাছেও রপ্তানি করা হয়েছে, যারা প্রকাশ্যে ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করে।
২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান প্যালান্টির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। যুদ্ধসংশ্লিষ্ট কার্যক্রমে সহযোগিতার উদ্দেশ্যে এ চুক্তি করা হয়েছিল বলে জানা যায়।
অন্যদিকে মাইক্রোসফটের আজুর ক্লাউড প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের ফোনে আড়ি পেতে সংগ্রহ করা বিপুলসংখ্যক কথোপকথনের রেকর্ড সংরক্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব তথ্য ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী বিমান হামলার লক্ষ্য নির্ধারণে কাজে লাগানো হয়েছে।
টেক ফর প্যালেস্টাইনের প্রতিষ্ঠাতা পল বিগারের মতে, মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সম্পর্ক শুধু ব্যবসায়িক চুক্তিতে সীমাবদ্ধ নয়। এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সাবেক সদস্যরা।
বিগার বলেন, প্রায় সব বড় মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানেই ইউনিট ৮২০০-এর সাবেক সদস্যদের উচ্চপর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে। পরে তাঁদের মাধ্যমে একই ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা অভিজ্ঞতাসম্পন্ন আরও ব্যক্তির নিয়োগ হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর ভেতরে একটি বিশেষ সাংগঠনিক সংস্কৃতি তৈরি হয়েছে, যার সঙ্গে তাঁদের আগের সামরিক ইউনিটের অভিজ্ঞতার সম্পর্ক রয়েছে।
নজরদারিতে প্রযুক্তি জায়ান্টদের ভূমিকা
ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে মার্কিন প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ডিজিটাল ও সামাজিক অধিকার নিয়ে কাজ করা সংস্থা সেভেনআমলেহর কর্মকর্তা জালাল আবুখাতেরের মতে, ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই নজরদারির ব্যবস্থা ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, পূর্ব জেরুজালেম কিংবা হেবরন, যেখানেই কেউ অবস্থান করুন না কেন, বিভিন্ন ক্যামেরার মাধ্যমে তাঁদের ছবি সংগ্রহ করা হচ্ছে। এমনকি সাধারণ মানুষের চলাচলের জায়গা, তল্লাশিচৌকি ও সড়কের পাশেও রয়েছে নজরদারির ব্যবস্থা।
আবুখাতেরের ভাষায়, ‘আমি যখন দৌড়ানোর জন্য নির্ধারিত ট্র্যাকে যাই, তখনও তল্লাশিচৌকি কিংবা রাস্তার পাশের ক্যামেরায় অসংখ্যবার আমার ছবি তোলা হয়।’
অ্যামাজনের ক্লাউড অবকাঠামোয় সংরক্ষিত ৩৫ লাখ ছবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিদিন আরও অসংখ্য মানুষের ছবি সংগ্রহ করা হচ্ছে। এসব ছবি ও তথ্য কোথায় সংরক্ষণ করা হচ্ছে, কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিংবা কারা এগুলো ব্যবহার করছে, সে বিষয়ে সাধারণ মানুষের কাছে পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই।
আবুখাতের বলেন, ‘অ্যামাজনে আপলোড করা ৩৫ লাখ ছবি তো কিছুই নয়। প্রত্যেকের ছবি সব সময় তোলা হচ্ছে। সেগুলো এমন সব ব্যবস্থায় জমা হচ্ছে, যেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। কেন এসব করা হচ্ছে, তার ব্যাখ্যাও দেওয়া হয় না।’
ইসরায়েলের সামরিক অভিযানে সিলিকন ভ্যালির সম্পৃক্ততা
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পের অন্যতম কেন্দ্র সিলিকন ভ্যালির বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক অবস্থান ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় সেখানকার প্রযুক্তি খাতের একাংশের মধ্যে ডানপন্থী রাজনৈতিক অবস্থানের প্রতি ঝোঁক এবং ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন বাড়তে দেখা গেছে।
বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় প্যালান্টিরের অবস্থান ছিল বেশ স্পষ্ট। প্রতিষ্ঠানটি ইসরায়েলের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেছে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজ ২০২৫ সালের জুলাইয়ে জানান, প্যালান্টির ইসরায়েলি বাহিনীকে অপরাধ সংঘটনের পূর্বাভাস দিতে সক্ষম পুলিশি প্রযুক্তি এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম সরবরাহ করেছে বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে।
আলবানিজের মতে, প্যালান্টিরের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যদি যথাযথভাবে মানবাধিকার পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি যাচাই করত, তাহলে অনেক আগেই ইসরায়েলের সঙ্গে তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক পুনর্বিবেচনা করার কথা ছিল।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে প্যালান্টিরের প্রযুক্তি ব্যবহারের অভিযোগসংক্রান্ত একাধিক তথ্য নথিভুক্ত করে। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে মানবাধিকারের সম্পর্ক পর্যবেক্ষণ করে।
তবে যুদ্ধাপরাধে সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে প্যালান্টির। ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লক্ষ্যবস্তু শনাক্তকরণব্যবস্থা ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’ তৈরির সঙ্গেও নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে সামরিক কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন ইন্টেলের দাবি, ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য একত্র করার কাজে প্যালান্টিরের সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে।
এসব তথ্যের মধ্যে রয়েছে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সংগ্রহ করা যোগাযোগের তথ্য, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি এবং অন্যান্য উপাত্ত। বিভিন্ন উৎসের তথ্য একত্র করে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুর তালিকা তৈরিতে এগুলো ব্যবহার করা হয় বলে দাবি সংস্থাটির।
প্রজেক্ট নিম্বাসে গুগল ও অ্যামাজনের ভূমিকা
ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের সামরিক কার্যক্রমে মার্কিন প্রযুক্তি ব্যবহারের অন্যতম বড় উদাহরণ হিসেবে সামনে এসেছে ‘প্রজেক্ট নিম্বাস’।
প্রায় ১২০ কোটি ডলারের এই চুক্তির আওতায় গুগল ও অ্যামাজন ইসরায়েলকে ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত প্রযুক্তিগত সক্ষমতা সরবরাহ করছে। এর মধ্যে উন্নত মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের সুযোগও রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর দেশটির নিজস্ব ক্লাউড ও এআই অবকাঠামোর ওপর চাপ বেড়ে যায়। এ পরিস্থিতিতে অ্যামাজন ও গুগলের প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
মার্কিন প্রযুক্তি খাতের আরেক বড় প্রতিষ্ঠান এনভিডিয়াও ইসরায়েলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। দেশটির অর্থনীতিবিদেরা বাজেট ঘাটতি কমানোর আলোচনায় এনভিডিয়ার কাছ থেকে পাওয়া কর রাজস্বের অবদানের বিষয়টি উল্লেখ করেছেন।
অর্থাৎ ইসরায়েলের সঙ্গে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সম্পর্ক শুধু সামরিক প্রযুক্তিতে সীমাবদ্ধ নয়। দেশটির অর্থনীতি ও প্রযুক্তিগত অবকাঠামোতেও এসব প্রতিষ্ঠানের প্রভাব রয়েছে।
ইসরায়েলের সামরিক কাজে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ
ইসরায়েলের সামরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনায় এসেছে ওপেনএআইয়ের তৈরি প্রযুক্তিও। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের আজুর ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে ওপেনএআইয়ের এআই মডেল ব্যবহারের সুযোগ পেয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী।
২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ফাঁস হওয়া কিছু নথিতে দেখা যায়, ইসরায়েলের সামরিক বাহিনী ২০২৩ সালের আগস্ট থেকেই ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহারের সুযোগ কিনতে শুরু করেছিল। গাজায় যুদ্ধ শুরুর পর এ মডেলের ব্যবহার আগের তুলনায় প্রায় ২০ গুণ বেড়ে যায় বলে নথিগুলোতে উল্লেখ করা হয়।
তবে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ওপেনএআই। আল-জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের সরাসরি কোনো চুক্তি নেই।
বিবৃতিতে বলা হয়, মাইক্রোসফটের আজুর প্ল্যাটফর্মের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে, সে সিদ্ধান্ত ওপেনএআই নিয়ন্ত্রণ করে না।
প্রতিষ্ঠানটি আরও জানায়, জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে তাদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে সেটি নিজস্ব জাতীয় নিরাপত্তানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাইয়ের জন্য কঠোর প্রক্রিয়া অনুসরণ করা হয়।
সামরিক গোয়েন্দা ইউনিট থেকে প্রযুক্তি কোম্পানির উচ্চপদে
যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দেশটির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সাবেক সদস্যদের উপস্থিতি।
ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার এই ইউনিট সাইবার যুদ্ধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রযুক্তিনির্ভর নজরদারির কাজে যুক্ত।
ড্রপ সাইট নিউজের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক ও বর্তমান সদস্যদের একটি তথ্যভান্ডার বিশ্লেষণ করে প্রায় ১ হাজার ৪০০ জনের যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানে কাজ করার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জনই ছিলেন ইউনিট ৮২০০-এর সাবেক সদস্য।
প্রতিবেদন অনুযায়ী, তাঁদের প্রায় ২৫০ জন মাইক্রোসফটে কর্মরত। অন্যরা এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানে কাজ করছেন।
সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পদে কাজ করার বিষয়টি সম্ভাব্য স্বার্থের সংঘাত এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
বিশেষ করে মাইক্রোসফটের ক্ষেত্রে বিষয়টি আরও আলোচনায় আসে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরে এমন উদ্বেগ তৈরি হয়েছিল যে ইসরায়েলে কর্মরত কয়েকজন কর্মী ইউনিট ৮২০০ কীভাবে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করছে, সে বিষয়ে পুরোপুরি অবগত ছিলেন না।
চলতি বছরের শুরুর দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত করা হয়েছিল। ইসরায়েলে কর্মরত কয়েকজন কর্মী প্রতিষ্ঠানটির প্রতি পেশাগত দায়িত্ব এবং ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি আনুগত্যের মধ্যে কোনো দ্বন্দ্ব অনুভব করেছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় আসে।
টেক ফর প্যালেস্টাইনের প্রতিষ্ঠাতা পল বিগার মনে করেন, মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোতে ইউনিট ৮২০০-এর সাবেক সদস্যদের প্রভাব রয়েছে।
তিনি বলেন, প্রায় সব বড় মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানেই ইউনিট ৮২০০-এর সাবেক সদস্যদের উচ্চপদে নিয়োগ দেওয়া হয়েছে। পরে তাঁরা একই ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেন। এভাবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাঁদের আগের সামরিক ইউনিটের সঙ্গে সম্পর্কিত একটি সাংগঠনিক সংস্কৃতি তৈরি হয়েছে।
বিগারের ভাষ্য, গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকা এসব ব্যক্তিরা নিজেদের পরিচিত নেটওয়ার্কের মাধ্যমে আরও কর্মী নিয়োগ এবং প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এর ফলে ইসরায়েলি প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি হয়।
ফিলিস্তিনিদের ব্যক্তিগত জীবনও নজরদারির বাইরে নয়
গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের ১২০ কোটি ডলারের প্রজেক্ট নিম্বাস চুক্তির বিষয়টি জানা গেলেও দেশটির সঙ্গে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মোট বাণিজ্যের পরিমাণ সম্পর্কে নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট হিসাব পাওয়া কঠিন।
তবে অধিকারকর্মীদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের প্রযুক্তি ও ইসরায়েলের সামরিক সক্ষমতা একত্র হয়ে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির সুযোগ তৈরি করেছে। এর ফলে ফিলিস্তিনিরা বিশ্বের সবচেয়ে বেশি নজরদারির শিকার জনগোষ্ঠীগুলোর একটিতে পরিণত হয়েছেন।
জালাল আবুখাতের নিজের অভিজ্ঞতার পাশাপাশি তাঁর পরিচিত কয়েকজনের ভোগান্তির কথাও তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। এ সময় তাঁদের সামনে জীবনের বিভিন্ন পর্যায়ে কোথায় গিয়েছেন এবং কতক্ষণ অবস্থান করেছেন, তার একটি বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছিল।
এ ধরনের তথ্যকে ‘হিটম্যাপ’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল বলে জানান তিনি।
আবুখাতের বলেন, ফোনের অবস্থান শনাক্ত করার প্রযুক্তি এবং সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে তাঁদের চলাচলের বিস্তারিত তথ্য বের করা হয়েছে। কোন স্থানে কতক্ষণ ছিলেন, সেটিও তাঁদের দেখানো হয়েছিল।
তিনি আরও বলেন, নজরদারির প্রকৃত পরিসর সম্পর্কে ফিলিস্তিনিরা খুব সামান্যই জানেন। ২০২৫ সালে মাইক্রোসফটের ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর জানা যায়, নেদারল্যান্ডসের একটি সার্ভারে প্রায় ২০ কোটি ঘণ্টার অডিও রেকর্ডিং সংরক্ষিত ছিল।
আবুখাতেরের প্রশ্ন, একটি সার্ভারে এত বিপুল পরিমাণ অডিও রেকর্ডিং থাকলে অন্য সার্ভারগুলোতে কী ধরনের তথ্য রয়েছে এবং প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো আরও কী কী উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াজাত করছে, তা সাধারণ মানুষের জানার সুযোগ কোথায়?
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর বক্তব্য
ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং ইসরায়েলের সামরিক কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বক্তব্যও প্রকাশ করেছে আল-জাজিরা।
মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারির জন্য প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহার করেছে বলে ওঠা অভিযোগ তারা তদন্ত করেছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, গত জুনে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে তদন্তের সারসংক্ষেপের পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিচালনা ও তদারকির ব্যবস্থা আরও শক্তিশালী করতে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাইক্রোসফটের ওই মুখপাত্র আরও জানান, কর্মীদের উদ্বেগ প্রকাশের সুযোগ দিতে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো কর্মী নিজের পরিচয় গোপন রেখেও সম্ভাব্য অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।
মাইক্রোসফট ইন্টেগ্রিটি পোর্টালের মাধ্যমে কর্মীরা প্রতিষ্ঠানের প্রযুক্তি তৈরি ও ব্যবহারের নীতিমালা লঙ্ঘনের আশঙ্কা থাকলে সে বিষয়ে প্রতিবেদন জমা দিতে পারবেন।
অন্যদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) এক মুখপাত্র আল-জাজিরাকে বলেন, গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করা তাদের নীতি। গ্রাহকদের অনুমতি ছাড়া তাঁদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আলোচনা করে না প্রতিষ্ঠানটি। গ্রাহকেরা নিজেদের প্রযুক্তি ব্যবহার করে ঠিক কী ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সে সম্পর্কেও তাদের সরাসরি জানার সুযোগ নেই বলে দাবি করেন তিনি।
অ্যামাজনের ওই মুখপাত্র আরও বলেন, গ্রাহকেরা নিয়মিত তাদের কার্যালয়ে আসেন এবং বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এ ধরনের সফরকে নিয়মিত গ্রাহকসংশ্লিষ্ট কার্যক্রমের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে পরিচালিত বলে উপস্থাপন করা ভুল ও ভিত্তিহীন।
ওপেনএআইয়ের এক মুখপাত্রও আল-জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলের সামরিক বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁদের কোনো সরাসরি চুক্তি নেই। মাইক্রোসফট আজুরের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে, সেটি ওপেনএআইয়ের নিয়ন্ত্রণে নয়।
জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে নিজেদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে তা প্রতিষ্ঠানের নিরাপত্তানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটি যাচাই করার জন্য কঠোর প্রক্রিয়া রয়েছে বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে মন্তব্য জানতে আল-জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও প্যালান্টির, গুগল, এনভিডিয়া এবং ইসরায়েলের সামরিক বাহিনীর কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান, ড্রপ সাইট নিউজ ও সংশ্লিষ্ট প্রতিবেদন
প্রতি / এডি / শাআ





















