এনআইডিতে নাম ও বয়স সংশোধনে নতুন নির্দেশনা, স্থগিত ৬ ক্যাটাগরির আবেদন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নাম ও বয়স (জন্মতারিখ) সংশোধনের ক্ষেত্রে মহাপরিচালক পর্যায়ের ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ছয় ধরনের আবেদন নিষ্পত্তি আপাতত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রোববার (৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনায় নতুন এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।
যেসব আবেদন আপাতত স্থগিত
নির্দেশনায় বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া এনআইডি সংশোধনের বাকি ছয়টি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি সাময়িকভাবে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এসব আবেদনের ওপর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে না।
মাঠপর্যায়ে দায়িত্ব বণ্টন
নতুন ব্যবস্থায় বিভিন্ন ক্যাটাগরির আবেদন সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তারা প্রক্রিয়াজাত করবেন।
- ‘ক’ ক্যাটাগরি: নিষ্পত্তির দায়িত্বে থাকবেন থানা নির্বাচন কর্মকর্তা।
- ‘খ’ ক্যাটাগরি: আবেদন দেখবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা।
- ‘গ’ ক্যাটাগরি: নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
- অনলাইনে নিষ্পত্তিযোগ্য আবেদন: এসব ক্ষেত্রে কোনো ধরনের হার্ডকপি বা কাগজপত্র জমা নেওয়া হবে না।
অন্যদিকে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়মেই চলবে এবং এ ধরনের আবেদনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।
নির্বাচন কমিশনের নির্দেশনায় আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর জারি করা এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিধিনিষেধ বহাল থাকবে।
ইসি সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় প্রশাসনিক জটিলতা কমানো, দায়িত্ব বণ্টনে শৃঙ্খলা আনা এবং কার্যক্রমে আরও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রতি / এডি / শাআ













