কমেছে নিত্যপণ্যের দাম, মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ প্রতিমন্ত্রীর
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে ক্রেতাদের একটি অংশের মতে, পোলাওয়ের চালের দাম আগের তুলনায় বেড়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বাজার পরিদর্শনের সময় তিনি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে পণ্যের সরবরাহ, মজুত ও বিক্রয় পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি বাজারে আসা ক্রেতাদের কাছ থেকেও বিভিন্ন পণ্যের বর্তমান মূল্য পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনায় বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, আগের দিনও রাজধানীর একটি বড় পাইকারি বাজার পরিদর্শন করেছেন এবং সেখানে ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। সর্বশেষ দুইটি বাজার ঘুরে ভোক্তাদের মধ্যে সন্তুষ্টির চিত্র দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও স্বার্থকে গুরুত্ব দিয়েই সরকার কাজ করছে। বাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে।
ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনার জন্য লাভ প্রয়োজন হলেও অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা উচিত নয়। বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি চলবে বলেও জানান তিনি।
পরিদর্শনের সময় ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে অধিকাংশ নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বিশেষ করে আদা, রসুন ও পেঁয়াজের দাম গত কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে।
বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে প্রতিটি দোকানে হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তার মতে, এতে ক্রেতারা সহজেই পণ্যের দাম সম্পর্কে জানতে পারবেন এবং অস্বচ্ছতার সুযোগ কমবে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতি / এডি / শাআ






















