আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবার ক্লাব মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন। তিনি স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ফুটবল ক্লাব কর্নেয়া কিনে নিয়েছেন। ক্লাবটি বর্তমানে স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরে খেলছে।
ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই এই খবর নিশ্চিত করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়, আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাবটির মালিকানা গ্রহণ সম্পন্ন করেছেন।
কর্নেয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই উদ্যোগ কাতালোনিয়া ও বার্সেলোনার সঙ্গে মেসির দীর্ঘদিনের সম্পর্ককে আরও দৃঢ় করবে। একই সঙ্গে স্থানীয় ফুটবল উন্নয়ন এবং তরুণ খেলোয়াড় তৈরির কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি খুব ছোট বয়সেই আর্জেন্টিনা থেকে স্পেনে চলে আসেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক করেন তিনি। এরপর ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন।
বার্সেলোনায় থাকাকালীন তিনি চারবার চ্যাম্পিয়নস লিগ এবং দশবার লা লিগা শিরোপা জেতেন। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর তিনি পিএসজিতে যোগ দেন। পরে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে খেলতে যান।
কর্নেয়া ক্লাব জানিয়েছে, মেসির আগমন তাদের জন্য নতুন যুগের সূচনা। ক্লাবের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কাঠামোগত উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং শক্ত ভিত্তি তৈরি করা।
এদিকে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও সম্প্রতি স্পেনের একটি ক্লাবে বিনিয়োগ করেছেন। তিনি আলমেরিয়া ক্লাবের কিছু অংশের মালিকানা নিয়েছেন বলে জানা গেছে। ফলে দুই মহাতারকাই এখন স্পেনের ভিন্ন ভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত।
প্রতি / এডি / শাআ