তৃতীয়বারের মতো একই সময়ে আইপিএল-পিএসএল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলার সময়ই অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসর। ২০২৭ সালের পিএসএল শুরু হবে ১৮ মার্চ এবং টুর্নামেন্ট চলবে ২ মে পর্যন্ত। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বের জনপ্রিয় দুই টি-টোয়েন্টি লিগের সূচি একই সময়ে পড়ছে।
২০১৬ সালে যাত্রা শুরু করা পিএসএল প্রথম কয়েক বছর ফেব্রুয়ারি-মার্চেই অনুষ্ঠিত হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির সঙ্গে সমন্বয় করতে ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি এপ্রিল-মে সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সূচিতে এই পরিবর্তন আনা হয়।
২০২৭ সালের পিএসএল আরও আগে আয়োজন করা যায় কি না, সেটি নিয়েও আলোচনা হয়েছিল। জানুয়ারি-ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নিয়ে পিএসএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো মতবিনিময় করে। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
পিএসএলের ২০২৯ সাল পর্যন্ত সম্প্রচার ও মিডিয়া স্বত্বের দায়িত্বে থাকা ওয়ালি টেকনোলজিসও বর্তমান সময়সূচি নিয়ে আপত্তি জানিয়েছিল। প্রতিষ্ঠানটির যুক্তি ছিল, রমজানের পর টুর্নামেন্ট আয়োজন করলে বিজ্ঞাপন ও সম্প্রচার থেকে প্রত্যাশিত রাজস্ব পাওয়া কঠিন হতে পারে।
তাদের মতে, রমজানকে কেন্দ্র করে বিজ্ঞাপনদাতারা বড় একটি অংশের বিপণন বাজেট আগেই খরচ করে ফেলেন। ফলে রমজান শেষ হওয়ার পর বড় কোনো ক্রিকেট টুর্নামেন্ট হলে বিজ্ঞাপন থেকে সম্প্রচারকারীদের আয় তুলনামূলকভাবে কমে যেতে পারে। গত দুই আসরও রমজানের পর অনুষ্ঠিত হয়েছে। ২০২৭ সালের পিএসএলও একই সময়ের কাছাকাছি হবে। আগামী বছর রমজান শুরু হওয়ার কথা ফেব্রুয়ারির শুরুতে এবং শেষ হবে মার্চের শুরু দিকে।
অবশ্য জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে। পাকিস্তানের চারটি প্রধান ভেন্যুর মধ্যে লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে বছরের শুরুতে প্রচণ্ড শীত ও কুয়াশা দেখা যায়। এতে ম্যাচ আয়োজন এবং নির্ধারিত সময়ে খেলা শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
আর ওই সময়ে টুর্নামেন্ট শুরু করলে এর শেষাংশ রমজানের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কাও ছিল। যদিও ২০২৪ সালের পিএসএলে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল পিসিবি।
গত মাসে গভর্নিং কাউন্সিলের বৈঠকেও নতুন সময়সূচি নিয়ে পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে চূড়ান্ত ঐকমত্য হয়নি। এরপর আটটি ফ্র্যাঞ্চাইজির কাছে ই-মেইল পাঠিয়ে তাদের পছন্দের সময় জানতে চায় পিসিবি। সেখানে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি মার্চ থেকে মে মাসের সময়কে সমর্থন করে।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামতের ভিত্তিতেই শেষ পর্যন্ত ২০২৭ সালের ১২তম পিএসএল মার্চ-মে সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। নির্ধারিত সূচি অনুযায়ী ১৮ মার্চ শুরু হয়ে ২ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসরটি।
এবারের টুর্নামেন্টের ভেন্যু সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি পিসিবি। ২০২০ সাল থেকে পিএসএলের পুরো আসর পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দেশটির বাইরে সংযুক্ত আরব আমিরাতেও লিগটির বেশ কিছু ম্যাচ আয়োজন করা হয়েছিল।
পাকিস্তানে পূর্ণাঙ্গভাবে ফিরে আসার পর করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিই পিএসএলের প্রধান ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
প্রতি / এডি / শাআ






















