নতুন করে আরো ১০ জেলা যুক্ত হচ্ছে রেল যোগাযোগের আওতায়
দেশের রেল যোগাযোগ আরও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় রাজধানীর আশপাশের এলাকা এবং দক্ষিণাঞ্চলের মোট ১০ জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে রেল খাতের চলমান কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীসেবার মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বর্তমান অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কৌশলও পর্যালোচনা করা হয়।
তিনি জানান, দেশের সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রেল অবকাঠামো উন্নয়ন, নতুন সংযোগ স্থাপন এবং মালবাহী পরিবহন সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
শেখ রবিউল আলম রবি বলেন, কয়েকটি বড় প্রকল্প বর্তমানে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এর মধ্যে আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন প্রকল্প উল্লেখযোগ্য। পাশাপাশি ধীরাশ্রমে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনের প্রকল্পও অনুমোদন পেয়েছে।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরের সক্ষমতা বাড়াতে বিদ্যমান অবকাঠামো উন্নয়নের কাজও চলমান রয়েছে। সরকার রেল খাতকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান মন্ত্রী।
প্রতি / এডি / শাআ













