পুলিশের পোশাকে বড় পরিবর্তন, ফিরছে খাকি প্যান্ট ও পুরোনো শার্ট
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আনা পরিবর্তন দীর্ঘস্থায়ী হলো না। অন্তর্বর্তী সরকারের সময় চালু হওয়া নতুন পোশাক ব্যবস্থা সাত মাসের মধ্যেই বাতিল করে বাহিনীকে আগের রঙের ইউনিফর্মে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জেলা পুলিশসহ অধিকাংশ ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট পরবেন। অন্যদিকে মহানগর পুলিশের সদস্যদের জন্য থাকবে হালকা অলিভ বা জলপাই রঙের শার্ট। সব ইউনিটের প্যান্টের রঙ হবে খাকি।
তবে এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে। এসব সংস্থার বর্তমান ইউনিফর্ম অপরিবর্তিত থাকবে।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে পুলিশের পোশাকে পরিবর্তন আনা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের নভেম্বরে নতুন ইউনিফর্ম চালু হয়। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশ সদস্যদের একটি অংশ নতুন পোশাক নিয়ে অসন্তোষ প্রকাশ করে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তখন সরকারের কাছে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। সংগঠনটির দাবি ছিল, নতুন পোশাক নির্বাচনের ক্ষেত্রে সদস্যদের মতামত, দেশের আবহাওয়া এবং বাহিনীর বাস্তব প্রয়োজন যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও পুলিশের ইউনিফর্মে সংশোধনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, শার্টের রঙ আগের ধাঁচে ফিরিয়ে আনা হবে এবং প্যান্টের জন্য খাকি রঙ নির্ধারণ করা হবে।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় দুই দশকের বেশি সময় পর আবারও পুলিশের পোশাকে খাকি প্যান্ট ফিরে আসবে। উপমহাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের সঙ্গে ঐতিহাসিকভাবে ‘খাকি’ শব্দটির বিশেষ সম্পর্ক রয়েছে। ব্রিটিশ আমল থেকেই এই রঙ প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনীর পরিচয়ের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এর আগে ২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। তখন মহানগর পুলিশের জন্য হালকা অলিভ শার্ট ও গাঢ় নীল প্যান্ট চালু করা হয়। একই সঙ্গে অন্যান্য ইউনিটের সদস্যদের জন্যও পৃথক রঙের ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছিল।
সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন ইউনিফর্ম চালুর জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, পোশাক পরিবর্তনের এ প্রক্রিয়ায় প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে।
প্রতি / এডি / শাআ












