প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ, বিপাকে পরীক্ষার্থীরা

প্রকাশঃ জুলাই ২৭, ২০২৬ সময়ঃ ১১:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ অপরাহ্ণ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বিতরণে বড় ধরনের ভুলের ঘটনা ঘটেছে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের পরীক্ষায় ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। পরে পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়।

সোমবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সেতাবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে মোট ৪৯২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩০১ নম্বর কক্ষে ব্যবসায় শিক্ষা বিভাগের ৯ জন শিক্ষার্থী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। অথচ ওই বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নির্ধারিত রয়েছে ২৯ জুলাই।

পরীক্ষার হল সুপারের দায়িত্বে থাকা শিক্ষক আবুল কাশেম জানান, প্রশ্নপত্রের খামের গায়ে প্রথম পত্রের উল্লেখ থাকায় সেটি পরীক্ষার হলে আনা হয়। কিন্তু খাম খোলার পর ভেতরে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র পাওয়া যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

পরে পাশের সেতাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্র থেকে প্রথম পত্রের প্রশ্নপত্র এনে পরীক্ষা শুরু করা হয়। এতে প্রায় ১০ মিনিট দেরি হওয়ায় পরীক্ষার্থীদের অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়।

ঘটনার পর কেন্দ্র সচিবের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা কুশল চন্দ্র রায়, হল সুপার আবুল কাশেম এবং ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান জানান, প্রশ্নপত্র প্রস্তুত বা সাজানোর সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে। বিষয়টি জানার পরপরই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে শিক্ষা বোর্ডকে ঘটনাটি জানানো হয়েছে এবং তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েক মিনিটের মধ্যেই পাশের কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়েছে। যেহেতু প্রতিটি বিষয়ের একাধিক সেট প্রশ্নপত্র প্রস্তুত থাকে, তাই দ্বিতীয় পত্রের একটি সেট পরীক্ষার্থীরা দেখে ফেললেও ২৯ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষায় বিকল্প সেট ব্যবহার করা হবে। ফলে পরীক্ষার গোপনীয়তা ও স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে তিনি জানান।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G