বাংলাদেশে থেকে ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (২৯ জুলাই) স্থানীয় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।
মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় আনোয়ার ইব্রাহিম জানান, মিয়ানমারের সঙ্গে সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রত্যাবাসন প্রক্রিয়ার আওতায় মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সম্মত হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, এ ধরনের সংবেদনশীল ইস্যুতে ইতিবাচক ফল পেতে কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনার মাধ্যমেই এই সমঝোতা অর্জন করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রোহিঙ্গা শরণার্থীদের আচরণ নিয়েও মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, যারা জনশৃঙ্খলা নষ্ট করবে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশটির পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়ায় বসবাসকারী সবাইকে স্থানীয় আইন মেনে চলতে হবে। কেউ যদি রাস্তাঘাট বা জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, অতীতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি, কারণ তখন মিয়ানমার তাদের গ্রহণে রাজি ছিল না। ফলে শরণার্থীদের নির্ধারিত স্থানে আশ্রয় দিয়ে রাখতে হয়েছিল।
তিনি মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি দেশটির আইন মেনে চলা এবং স্থানীয় জনগণের জন্য কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না করার আহ্বানও জানান।
প্রতি / এডি / শাআ



















